বাংলাদেশ সফরে ভিসার গ্রুপ কান্ট্রি ম্যানেজার সুরেশ শেঠি

বিশ্বখ্যাত ডিজিটাল পেমেন্ট কোম্পানি ভিসার নবনিযুক্ত ভারত, বাংলাদেশ ও দক্ষিণ এশিয়ার গ্রুপ কান্ট্রি ম্যানেজার সুরেশ শেঠি বাংলাদেশ সফরে এসেছেন। তিনি আজ ১১ মে ঢাকায় পৌঁছেছেন এবং আগামীকাল ১২ মে পর্যন্ত বাংলাদেশে অবস্থান করবেন। দক্ষিণ এশিয়ার গুরুত্বপূর্ণ বাজারগুলোতে আঞ্চলিক কার্যক্রমের অংশ হিসেবে তিনি এই সফর করছেন।

সোমবার (১১ মে) প্রতিষ্ঠানটি এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য নিশ্চিত করেছে।

সফরকালে সুরেশ শেঠি বাংলাদেশের আর্থিক খাতের বিভিন্ন গুরুত্বপূর্ণ ব্যক্তির সঙ্গে বৈঠক করবেন। এর মধ্যে থাকবেন নিয়ন্ত্রক সংস্থা, ব্যাংকিং অংশীদার, ফিনটেক প্রতিষ্ঠান এবং মার্চেন্ট প্রতিনিধিরা। বৈঠকে বাংলাদেশের ডিজিটাল পেমেন্ট ব্যবস্থা উন্নয়ন ও পারস্পরিক সহযোগিতা জোরদারের বিষয়ে আলোচনা হবে। এ সময় তাঁর সঙ্গে থাকবেন ভিসার সাবেক কান্ট্রি হেড সন্দীপ ঘোষ।

বর্তমানে তিনি ভারত ও দক্ষিণ এশিয়ায় ভিসার কার্যক্রম পরিচালনা করছেন এবং ডিজিটাল পেমেন্টের ব্যবহার বৃদ্ধি, নতুন প্রযুক্তি ও উদ্ভাবন এবং আর্থিক খাতের উন্নয়নে কাজ করছেন। তাঁর এই সফর দক্ষিণ এশিয়ায় বাংলাদেশের ক্রমবর্ধমান চাহিদা এবং ডিজিটাল ও অন্তর্ভুক্তিমূলক অর্থনীতি গঠনে অগ্রগতির চিত্র আরও স্পষ্ট করছে।

সম্প্রতি বাংলাদেশের পেমেন্ট ইকোসিস্টেম বড় পরিবর্তনের মধ্য দিয়ে যাচ্ছে, যেখানে ডিজিটাল পেমেন্টের গ্রহণযোগ্যতা ও ক্যাশলেস পেমেন্টের ব্যবহার বৃদ্ধি গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে। এই প্রেক্ষাপটে সুরেশ শেঠি অংশীদারিত্ব আরও শক্তিশালী করার পাশাপাশি নিরাপদ ও কার্যকর ডিজিটাল অর্থনীতি গঠনে বাড়তি গুরুত্ব দেবেন বলে ধারণা করা হচ্ছে।

দীর্ঘ কর্মজীবনে সুরেশ শেঠি আর্থিক খাতে উদ্ভাবন ও ইকোসিস্টেমভিত্তিক প্রবৃদ্ধি বাস্তবায়নে বহুবার নেতৃত্ব দিয়েছেন। ভারত ছাড়াও তাঁর আফ্রিকা, লাতিন আমেরিকা, যুক্তরাষ্ট্র ও যুক্তরাজ্যে কাজের অভিজ্ঞতা রয়েছে। সর্বশেষ তিনি প্রোটিয়ান ই-গভ টেকনোলজিস লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহী কর্মকর্তা হিসেবে দায়িত্ব পালন করেছেন। সে সময় তিনি প্রতিষ্ঠানটিকে একটি গতিশীল ও পণ্যভিত্তিক ডিজিটাল পাবলিক ইনফ্রাস্ট্রাকচার প্রতিষ্ঠানে রূপান্তর করেন।

এ ছাড়া তাঁর নেতৃত্বে ইন্ডিয়া পোস্টের বিস্তৃত নেটওয়ার্কের মাধ্যমে ঘরে ঘরে ব্যাংকিং সেবা পৌঁছে দেওয়া হয়। তিনি ভোডাফোন এম-পেসা ইন্ডিয়ার ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহী কর্মকর্তা, ইয়েস ব্যাংকের গ্রুপ প্রেসিডেন্ট এবং সিটি গ্রুপের বিভিন্ন আঞ্চলিক পর্যায়ের দায়িত্বেও ছিলেন। সেখানে তিনি একাধিক দেশে ট্রানজ্যাকশন ব্যাংকিং ও পেমেন্টস ব্যবসা পরিচালনা করেছেন।

তাঁর এই সফরের মাধ্যমে বাংলাদেশের প্রতি ভিসার দীর্ঘমেয়াদি প্রতিশ্রুতি এবং উদ্ভাবন, অংশীদারিত্ব ও দেশের অর্থনৈতিক উন্নয়নে ভিসার চলমান সহযোগিতার বিষয়টি আরও স্পষ্ট হয়েছে।

বাংলাদেশে ডিজিটাল পেমেন্ট ব্যবস্থার উন্নয়নে ভিসা দীর্ঘদিন ধরে বিভিন্ন অংশীদারের সঙ্গে কাজ করছে। এর মধ্যে কন্টাক্টলেস প্রযুক্তিসহ আধুনিক পেমেন্ট সল্যুশন চালু এবং আর্থিক অন্তর্ভুক্তিমূলক উদ্যোগ রয়েছে। যেমন, সোনালী ব্যাংক পিএলসির সঙ্গে যৌথভাবে কৃষকদের জন্য ‘ভিসা কৃষক কার্ড’ চালু করা হয়েছে, যা সম্প্রতি প্রধানমন্ত্রী তারেক রহমান উদ্বোধন করেন। এছাড়া আর্থিক সচেতনতা বৃদ্ধি এবং দেশব্যাপী উদ্যোক্তাদের আর্থিক ব্যবস্থার আওতায় আনতে ভিসা বিভিন্ন কার্যক্রম পরিচালনা করছে।

অর্থসূচক/

  
    

মন্তব্যসমূহ বন্ধ করা হয়.