শিল্পাঞ্চলের নিরাপত্তায় তিন জেলায় ৩৬ প্লাটুন বিজিবি মোতায়েন

শিল্পাঞ্চলে নিরাপত্তা জোরদার করতে ঢাকা, গাজীপুর ও নারায়ণগঞ্জে ৩৬ প্লাটুন বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) মোতায়েন করা হয়েছে। শ্রমিক ও শিল্পপ্রতিষ্ঠানের নিরাপত্তা নিশ্চিত করার পাশাপাশি সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে এ ব্যবস্থা নেওয়া হয়েছে।

মঙ্গলবার (১০ নভেম্বর) বিজিবির এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তির তথ্য অনুযায়ী, মোতায়েন করা সদস্যদের মধ্যে ঢাকা জেলার সাভার ও আশুলিয়া এলাকায় ১৪ প্লাটুন, রাজধানীর মিরপুরে ৩ প্লাটুন, নারায়ণগঞ্জে ৯ প্লাটুন এবং গাজীপুরের বিভিন্ন শিল্পাঞ্চলে ১০ প্লাটুন দায়িত্ব পালন করছেন। এ ছাড়া নারায়ণগঞ্জ ও সংশ্লিষ্ট এলাকায় দুটি বিশেষ টহল কার্যক্রম পরিচালনা করা হচ্ছে।

শিল্পাঞ্চলের পরিস্থিতি নিবিড়ভাবে পর্যবেক্ষণ এবং মাঠপর্যায়ের কার্যক্রম সমন্বয়ে বিজিবি সদর দপ্তরে একটি মনিটরিং সেল সার্বক্ষণিক কাজ করছে। ড্রোন, বডি-ওর্ন ক্যামেরা ও ইমপ্রোভাইজড ডিভাইসের মাধ্যমে পাওয়া সরাসরি ভিডিওচিত্র পর্যবেক্ষণ করে পরিস্থিতির ওপর নজর রাখা হচ্ছে।

বিজিবি জানিয়েছে, শিল্পাঞ্চলে শান্তি-শৃঙ্খলা বজায় রাখা, শ্রমিক ও শিল্পপ্রতিষ্ঠানের নিরাপত্তা নিশ্চিত করা এবং সাধারণ মানুষের চলাচল স্বাভাবিক রাখতে টহল ও নজরদারি কার্যক্রম অব্যাহত রয়েছে।

 

  
    

মন্তব্যসমূহ বন্ধ করা হয়.