নওগাঁ শহরের বাইপাস এলাকার গাবতলী মোড়ে দাঁড়িয়ে থাকা আল বারাকা পরিবহনের দুটি বাসে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। সোমবার (৯ নভেম্বর) দিবাগত রাত সাড়ে ১২টার দিকে এ ঘটনা ঘটে। আগুনে বাস দুটির বড় একটি অংশ পুড়ে গেছে। তবে এ ঘটনায় কেউ হতাহত হয়নি। পুলিশের দাবি, কয়েলের আগুন থেকে এ অগ্নিকাণ্ডের সূত্রপাত হতে পারে। এটি নাশকতার ঘটনা নয়।
স্থানীয় বাসিন্দা ও পুলিশ সূত্রে জানা যায়, গাবতলী মোড়ে পাশাপাশি তিনটি বাস দাঁড় করানো ছিল। রাত সাড়ে ১২টার দিকে হঠাৎ এর মধ্যে দুটি বাসে আগুন জ্বলে ওঠে। বিষয়টি টের পেয়ে স্থানীয়রা ফায়ার সার্ভিস ও পুলিশকে খবর দেন। পরে ফায়ার সার্ভিসের কর্মীরা ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আনেন।
অগ্নিকাণ্ডের সময় বাস দুটিতে কোনো চালক বা সহকারী ছিলেন না। আশপাশে সন্দেহজনক কাউকে দেখার তথ্যও পাওয়া যায়নি বলে স্থানীয় সূত্রে জানা গেছে।
নওগাঁ সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জানান, খবর পেয়ে পুলিশ দ্রুত ঘটনাস্থলে যায়। তবে এটি কোনো দুর্বৃত্তের দেওয়া আগুন নয় বলে দাবি করেন তিনি। তাঁর ভাষ্য, কয়েলের আগুন থেকে বাস দুটিতে আগুন লাগতে পারে।
বাসের ভেতরে কেউ ঘুমিয়ে ছিলেন কি না, এমন প্রশ্নের জবাবে ওসি বলেন, এ বিষয়ে ঘটনাস্থলে দায়িত্ব পালন করা ফায়ার সার্ভিসের কর্মীরা বিস্তারিত জানাতে পারবেন।
নওগাঁ ফায়ার স্টেশনের দায়িত্বপ্রাপ্ত ফায়ার ফাইটার রুহুল আমিন জানান, স্থানীয়দের মাধ্যমে অগ্নিকাণ্ডের খবর পেয়ে তাঁরা ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আনেন। আগুনে বাস দুটির বড় একটি অংশ পুড়ে গেছে। তবে কীভাবে আগুনের সূত্রপাত হয়েছে, সে বিষয়ে নিশ্চিত কোনো তথ্য দিতে পারেনি ফায়ার সার্ভিস।



মন্তব্যসমূহ বন্ধ করা হয়.