মৃত্যুদণ্ডপ্রাপ্ত সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে নতুন করে পাসপোর্ট দেওয়ার কোনো আইনি সুযোগ নেই বলে জানিয়েছেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের চিফ প্রসিকিউটর মোহাম্মদ আমিনুল ইসলাম। তিনি বলেন, শেখ হাসিনা দেশে ফিরলে তার মৃত্যুদণ্ড কার্যকর করা হবে।
মঙ্গলবার এক সংবাদ সম্মেলনে এসব কথা বলেন চিফ প্রসিকিউটর। এ সময় ট্রাইব্যুনালের অন্য প্রসিকিউটররাও উপস্থিত ছিলেন।
মোহাম্মদ আমিনুল ইসলাম বলেন, আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে দণ্ডিত হওয়ায় শেখ হাসিনার পাসপোর্ট বাতিল করেছে সরকার। পাসপোর্ট আইন অনুযায়ী, কোনো দণ্ডপ্রাপ্ত আসামিকে নতুন করে পাসপোর্ট দেওয়ার এখতিয়ার পাসপোর্ট কর্তৃপক্ষের নেই।
তিনি আরও বলেন, শেখ হাসিনা তার সাজার বিরুদ্ধে আপিল করেননি। ফলে দেশে ফিরলেই তার মৃত্যুদণ্ড কার্যকর করা হবে। তাকে দেশে ফিরিয়ে আনার ক্ষেত্রে আইনি প্রক্রিয়া অনুসরণ করা হবে।
এদিকে শেখ হাসিনার ক্ষেত্রে কিছু মৌলিক মানবাধিকার কার্যকর থাকবে না বলে জানিয়েছেন প্রধানমন্ত্রীর তথ্য ও সম্প্রচার উপদেষ্টা ডা. জাহেদ উর রহমান। মঙ্গলবার পৃথক এক সংবাদ সম্মেলনে তিনি বলেন, সরকার শেখ হাসিনাকে দেশে ফিরিয়ে আনতে চায়। দণ্ডপ্রাপ্ত আসামি হিসেবে তার কিছু মৌলিক মানবাধিকার স্থগিত থাকবে, যার বিধান সংবিধানেই রয়েছে।
শেখ হাসিনার পাসপোর্টের বিষয়ে তথ্য উপদেষ্টা বলেন, তিনি নিজে পাসপোর্টের জন্য কোনো আবেদন করেননি। একটি আইন প্রতিষ্ঠানের মাধ্যমে এ বিষয়ে অনুরোধ জানানো হয়েছে।



মন্তব্যসমূহ বন্ধ করা হয়.