সৌরবিদ্যুৎ প্রকল্প উন্নয়নে চীনা কোম্পানির সঙ্গে এসআর রিনিউএবল এনার্জির চুক্তি স্বাক্ষর

বাংলাদেশের নবায়নযোগ্য জ্বালানি খাতে সৌরবিদ্যুৎ উৎপাদন সক্ষমতা সম্প্রসারণের লক্ষ্যে চীনের প্রতিষ্ঠান ঝেজিয়াং চিন্ট নিউ এনার্জি ডেভেলপমেন্ট কোম্পানি লিমিটেডের সঙ্গে যৌথ উদ্যোগ চুক্তি স্বাক্ষর করেছে বাংলাদেশের প্রতিষ্ঠান এসআর রিনিউএবল এনার্জি লিমিটেড।

চুক্তির আওতায় বাংলাদেশের তিনটি জেলা- বগুড়া, পঞ্চগড় ও কিশোরগঞ্জে সম্মিলিতভাবে ৪৮০ মেগাওয়াট সক্ষমতার সৌরবিদ্যুৎ প্রকল্প যৌথভাবে উন্নয়নের উদ্যোগ নেওয়া হয়েছে।

সম্প্রতি ঢাকায় এসআর রিনিউএবল এনার্জি লিমিটেডের কার্যালয়ে আয়োজিত এক অনুষ্ঠানে নিজ নিজ প্রতিষ্ঠানের পক্ষে চুক্তিতে স্বাক্ষর করেন প্রতিষ্ঠানটির ব্যবস্থাপনা পরিচালক আসিফ রব্বানী এবং চীনা প্রতিষ্ঠানটির অনুমোদিত প্রতিনিধি গান পেং। এ সময় উপস্থিত ছিলেন করপোরেট ব্যক্তিত্ব ও এসআর গ্রুপের চিফ স্ট্র্যাটেজিক অ্যাডভাইজার মেহবুব চৌধুরী।

এই কৌশলগত অংশীদারত্ব বাংলাদেশের নবায়নযোগ্য জ্বালানি খাতের বিকাশে একটি গুরুত্বপূর্ণ মাইলফলক। স্থানীয় পর্যায়ের অভিজ্ঞতা ও আন্তর্জাতিক প্রযুক্তিগত সক্ষমতার সমন্বয়ে বৃহৎ পরিসরে সৌরবিদ্যুৎ প্রকল্প উন্নয়ন এবং বাস্তবায়নের মাধ্যমে দেশের পরিবেশ বান্ধব জ্বালানি উৎপাদন বাড়ানোর পাশাপাশি আন্তর্জাতিক সহযোগিতার নতুন সম্ভাবনা সৃষ্টি হবে বলে প্রত্যাশা করা হচ্ছে।

বগুড়া, পঞ্চগড় ও কিশোরগঞ্জে প্রস্তাবিত ৪৮০ মেগাওয়াট সক্ষমতার এই প্রকল্পসমূহ দেশের টেকসই জ্বালানি উৎপাদন, জ্বালানি নিরাপত্তা জোরদার এবং পরিবেশবান্ধব উন্নয়ন লক্ষ্যমাত্রা অর্জনে ইতিবাচক ভূমিকা রাখবে। এই অংশীদারত্বের মধ্য দিয়ে এসআর রিনিউএবল এনার্জি লিমিটেড বাংলাদেশের পরিচ্ছন্ন জ্বালানি খাতের সম্প্রসারণ এবং টেকসই জ্বালানি ভবিষ্যৎ বিনির্মাণে নতুন এক সম্ভাবনার দ্বার উন্মোচন করল।

  
    

মন্তব্যসমূহ বন্ধ করা হয়.