সিঙ্গাপুরের বিনিয়োগ বাড়াতে ও এফটিএ দ্রুত করতে গুরুত্ব বাংলাদেশের

সিঙ্গাপুরের সঙ্গে বাণিজ্যিক সম্পর্ক আরও জোরদার এবং বাংলাদেশে দেশটির বিনিয়োগ বাড়াতে গুরুত্ব দিচ্ছে সরকার। একই সঙ্গে দুই দেশের মধ্যে মুক্ত বাণিজ্য চুক্তি (এফটিএ) দ্রুত সম্পন্ন করার ওপরও জোর দেওয়া হয়েছে।

বৃহস্পতিবার (২৬ নভেম্বর) ঢাকায় সিঙ্গাপুর হাইকমিশনের নতুন চার্জ দ্য অ্যাফেয়ার্স ফিলিপ ওয়ং পররাষ্ট্র প্রতিমন্ত্রী হুমায়ুন কবিরের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করতে গেলে এসব বিষয় নিয়ে আলোচনা হয়। এ সময় ফিলিপ ওয়ং তার দায়িত্বের স্বীকৃতিপত্রও উপস্থাপন করেন।

সাক্ষাতে হুমায়ুন কবির ফিলিপ ওয়ংকে নতুন দায়িত্বের জন্য অভিনন্দন জানান। তিনি বাংলাদেশ ও সিঙ্গাপুরের মধ্যকার বাণিজ্য ও বিনিয়োগ সম্পর্ক আরও বিস্তৃত করার প্রয়োজনীয়তার কথা তুলে ধরেন।

বিশেষ করে সিঙ্গাপুরের বিনিয়োগ বাড়ানো এবং দুই দেশের মধ্যে এফটিএ দ্রুত সম্পন্ন করার বিষয়ে গুরুত্ব দেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী।

এ ছাড়া জ্বালানি খাতে সহযোগিতা বাড়ানো এবং সম্প্রতি স্বাক্ষরিত জলবায়ু বিষয়ক সমঝোতা স্মারকের বাস্তবায়ন নিয়েও আলোচনা হয়।

শ্রম সহযোগিতার ক্ষেত্রে দুই দেশের মধ্যে উচ্চপর্যায়ের সফর বিনিময়ের ওপরও গুরুত্ব দেওয়া হয়। ফিলিপ ওয়ং বাংলাদেশ ও সিঙ্গাপুরের সম্পর্ক আরও এগিয়ে নিতে ঘনিষ্ঠভাবে কাজ করার আশ্বাস দেন।

তিনি পররাষ্ট্র প্রতিমন্ত্রীকে সিঙ্গাপুর সফরের আমন্ত্রণ জানান।

বৈঠকে বাংলাদেশকে আসিয়ানের ‘সেক্টরাল ডায়ালগ পার্টনার’ হওয়ার প্রচেষ্টা এবং আঞ্চলিক সমন্বিত অর্থনৈতিক অংশীদারত্ব (আরসিইপি) জোটে সদস্যপদ পাওয়ার আকাঙ্ক্ষার বিষয়েও সিঙ্গাপুরের অব্যাহত সহযোগিতা কামনা করেন হুমায়ুন কবির।

এ ছাড়া গত ১৯ নভেম্বর আন্তর্জাতিক বিচার আদালতের (আইসিজে) দেওয়া রায় এবং বাংলাদেশে আশ্রয় নেওয়া জোরপূর্বক বাস্তুচ্যুত রোহিঙ্গাদের পরিস্থিতি নিয়েও বৈঠকে আলোচনা হয়।

 

  
    

মন্তব্যসমূহ বন্ধ করা হয়.