তৈরি পোশাকশ্রমিকদের জন্য নতুন নিম্নতম মজুরি ঘোষণার পর সাভার ও আশুলিয়ার শিল্পাঞ্চলে পরিস্থিতির উন্নতি হচ্ছে। কর্মবিরতি ও বিক্ষোভে অংশ নেওয়া শ্রমিকদের বড় একটি অংশ কারখানায় ফিরেছেন। এতে অধিকাংশ কারখানায় উৎপাদন কার্যক্রম স্বাভাবিক হয়ে এসেছে। কয়েক দিনের অস্থিরতা কাটিয়ে শিল্পাঞ্চলে ফিরতে শুরু করেছে কর্মচাঞ্চল্য।
বৃহস্পতিবার (২৬ নভেম্বর) সাভার ও আশুলিয়ার বিভিন্ন কারখানায় শ্রমিকদের কাজে যোগ দিতে দেখা গেছে। নতুন মজুরি কাঠামো ঘোষণার পর শ্রমিক নেতাদের কাজে ফেরার আহ্বান এবং মালিকপক্ষের উৎপাদন চালু রাখার উদ্যোগে শ্রমিকদের মধ্যে ইতিবাচক সাড়া দেখা দিয়েছে।
শিল্প পুলিশ সূত্রে জানা গেছে, বৃহস্পতিবার সকাল থেকে অধিকাংশ কারখানায় শান্তিপূর্ণভাবে উৎপাদন চলছে। তবে কয়েকটি কারখানায় এখনো শ্রমিকদের কর্মবিরতি অব্যাহত রয়েছে।
শিল্প পুলিশ-১-এর পুলিশ সুপার মোহাম্মদ মমিনুল ইসলাম ভূঁইয়া জানান, শ্রমিকরা স্বতঃস্ফূর্তভাবে কারখানায় প্রবেশ করে কাজে যোগ দিয়েছেন। অধিকাংশ প্রতিষ্ঠানে উৎপাদন কার্যক্রম স্বাভাবিক রয়েছে। শিল্পাঞ্চলে শান্তিপূর্ণ পরিবেশ বজায় রাখতে পুলিশ সতর্ক অবস্থানে রয়েছে।
শিল্প পুলিশ সূত্রের তথ্য অনুযায়ী, সাভার ও আশুলিয়ার তিনটি কারখানায় এখনো কর্মবিরতি চলছে। এ ছাড়া আরও কয়েকটি কারখানা বন্ধ রয়েছে। তবে অধিকাংশ কারখানায় উৎপাদন অব্যাহত থাকায় সামগ্রিক পরিস্থিতির উন্নতি হয়েছে।
মালিকপক্ষের ঘোষিত ১৭ হাজার টাকা নিম্নতম মজুরি এবং ভাতা বৃদ্ধির সিদ্ধান্ত মেনে অনেক শ্রমিক কাজে ফিরেছেন। এর ফলে উৎপাদন কার্যক্রম সচল হওয়ার পাশাপাশি পোশাকশিল্পের উদ্যোক্তাদের মধ্যেও স্বস্তি ফিরছে। এর আগে বুধবার নতুন মজুরি কাঠামো ঘোষণার পর বিভিন্ন শ্রমিক সংগঠনের নেতারা সিদ্ধান্তকে স্বাগত জানান। একই সঙ্গে শ্রমিকদের কাজে ফিরে উৎপাদন কার্যক্রম স্বাভাবিক রাখার আহ্বান জানান তারা।



মন্তব্যসমূহ বন্ধ করা হয়.