গত ২৪ ঘণ্টায় দেশে এডিস মশাবাহিত রোগ ডেঙ্গু জ্বরে আক্রান্ত হয়ে আরও ৯ জনের মৃত্যু হয়েছে। এ নিয়ে চলতি বছর ডেঙ্গুতে মোট ২৭১ জনের মৃত্যু হলো। গত ২৪ ঘণ্টায় ডেঙ্গু আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন এক হাজার ৯০২ জন।
সোমবার (৫ অক্টোবর) স্বাস্থ্য অধিদপ্তরের হেলথ ইমার্জেন্সি অপারেশন সেন্টার ও কন্ট্রোলরুম থেকে পাঠানো ডেঙ্গু বিষয়ক এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
বিজ্ঞপ্তিতে বলা হয়, গত ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে আক্রান্ত ১ হাজার ৯০২ জনের মধ্যে বরিশাল বিভাগে ২১৬ জন, চট্টগ্রাম বিভাগে ২৭২ জন, ঢাকা বিভাগে (সিটি করপোরেশনের বাইরে) ৪০১ জন, ঢাকা উত্তর সিটি করপোরেশনে ২০৬ জন, ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনে ২২৩ জন, খুলনা বিভাগে ৩০৬ জন, ময়মনসিংহ বিভাগে ৯৮ জন, রাজশাহী বিভাগে ১০৫ জন, রংপুর বিভাগে ৬৬ এবং সিলেট বিভাগে ৯ জন।
এদিকে, চলতি বছর এখন পর্যন্ত দেশে ডেঙ্গুতে ২৭১ জনের মৃত্যু হয়েছে। এছাড়া, চলতি বছর এখন পর্যন্ত ৮৮ হাজার ৩৬০ জন ডেঙ্গু রোগী হাসপাতালে ভর্তি হয়েছেন। আর হাসপাতাল থেকে ছাড়পত্র পেয়েছেন ৮২ হাজার ৩৩৫ জন। বর্তমানে হাসপাতালে ভর্তি আছেন পাঁচ হাজার ৭৫৪ জন রোগী।



মন্তব্যসমূহ বন্ধ করা হয়.