পারমাণবিক যুদ্ধ এড়িয়ে চলা এবং বিশ্বশান্তি বজায় রাখার অঙ্গীকার করেছেন যুক্তরাষ্ট্র, রাশিয়া ও চীনের শীর্ষ নেতারা। চীনের শেনজেন শহরে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প, রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন ও চীনের প্রেসিডেন্ট শি জিনপিংয়ের মধ্যে প্রায় ৯০ মিনিটের ত্রিপক্ষীয় বৈঠক শেষে প্রকাশিত এক যৌথ ঘোষণায় এ অবস্থান তুলে ধরা হয়।
ঘোষণায় তিন দেশ বলেছে, ‘পারমাণবিক যুদ্ধে কখনো জয়ী হওয়া যায় না এবং এমন যুদ্ধ কখনোই শুরু করা উচিত নয়।’ বৈঠক শেষে চীন ত্যাগ করেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। এ খবর জানিয়েছে বিবিসি।
শি জিনপিংক পুতিনের উদ্দেশে বলেন , ‘আমার মনে হয় না কেউ এমনটা আশা করেছিল যে সবকিছু এত ভালোভাবে সম্পন্ন হবে।’
এর আগে বৈঠকের সূচনায় শি জিনপিং তিন নেতার এই সম্মিলনকে ‘যুগান্তকারী ও তাৎপর্যপূর্ণ’ বলে উল্লেখ করেন। অন্যদিকে ট্রাম্প বলেন, তারা ‘সত্যিই ইতিহাস তৈরি করছেন’।
সম্মেলনস্থল থেকে বিবিসির প্রতিবেদক নাদা তৌফিক জানান, কিছুদিন আগেও যুক্তরাষ্ট্র, চীন ও রাশিয়ার নেতাদের এমন ত্রিপক্ষীয় বৈঠক অনুষ্ঠিত হওয়াকে প্রায় অকল্পনীয় মনে করা হতো।
মূল বৈঠকের আগে পুতিন ও শি জিনপিংয়ের সঙ্গে পৃথক দ্বিপক্ষীয় আলোচনাও করেন ট্রাম্প। পুতিনের সঙ্গে সাক্ষাতের সময় তাকে নিজের ‘বন্ধু’ বলে সম্বোধন করেন মার্কিন প্রেসিডেন্ট। অন্যদিকে শি জিনপিংয়ের সঙ্গে বৈঠক শেষে ট্রাম্প জানান, ইউক্রেন যুদ্ধের অবসান দেখতে চায় যুক্তরাষ্ট্র ও চীন।
তবে এই সম্মেলন ঘিরে ইউরোপের বিভিন্ন মহলে মিশ্র প্রতিক্রিয়া দেখা গেছে। বিবিসির প্রতিবেদক লরা বিকারের মতে, ইউক্রেন যুদ্ধ বন্ধে রাশিয়ার ওপর শি জিনপিং আরও বেশি চাপ প্রয়োগ না করায় ইউরোপের অনেকের মধ্যে হতাশা তৈরি হয়েছে। এই সম্মেলনকে ইতোমধ্যে রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের জন্য বড় ধরনের কূটনৈতিক সাফল্য হিসেবে বিবেচনা করা হচ্ছে।



মন্তব্যসমূহ বন্ধ করা হয়.