এনাফ ইজ এনাফ, এবার তাদের সমুচিত জবাব দিতে হবে: প্রধানমন্ত্রী

২০২৪ সালের গণঅভ্যুত্থানে পরাজিত শক্তি দেশে আবারও সহিংসতা ও অস্থিতিশীলতা তৈরির চেষ্টা করছে বলে মন্তব্য করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। তিনি বলেছেন, ‘এনাফ ইজ এনাফ; যথেষ্ট হয়েছে। তাদের সমুচিত জবাব দিতে হবে।’ দেশে সন্ত্রাস, হত্যা ও নৈরাজ্যের রাজনীতি আর চলতে দেওয়া হবে না বলেও হুঁশিয়ারি দেন তিনি।

বৃহস্পতিবার (১৯ নভেম্বর) লালমনিরহাটের মহেন্দ্রনগর পানি নিষ্কাশন খালের পুনঃখনন কাজের উদ্বোধন শেষে আয়োজিত এক মতবিনিময় সভায় এসব কথা বলেন প্রধানমন্ত্রী।

তারেক রহমান বলেন, দেশের মানুষ আর গুম-খুনের রাজনীতি দেখতে চায় না। তারা নিরাপদে বসবাস করতে চায়। জনগণের ভাগ্য পরিবর্তন এবং দেশের উন্নয়ন নিশ্চিত করতে গণতান্ত্রিক রাজনৈতিক দলগুলোর মধ্যে ঐক্য প্রয়োজন। এ জন্য ২০২৪ সালের মতো আবারও সবাইকে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানান তিনি।

প্রধানমন্ত্রী বলেন, জনগণ ও দেশের ভবিষ্যৎ নিয়ে কেউ যেন ছিনিমিনি খেলতে না পারে, সে জন্য সন্ত্রাস ও হত্যার রাজনীতির বিরুদ্ধে সবাইকে সোচ্চার হতে হবে। পরাজিত শক্তির কর্মকাণ্ডের উপযুক্ত জবাব দিতে হবে।

তিনি আরও বলেন, দেশ যখন উন্নয়নের পথে এগিয়ে যাচ্ছে, তখন দেশের বিরুদ্ধে ষড়যন্ত্র শুরু হয়েছে। ১৬ বছর ধরে যারা জনগণের ওপর দমন-পীড়ন চালিয়ে ক্ষমতায় ছিল, তারা আবারও ষড়যন্ত্রে লিপ্ত হয়েছে।

প্রধানমন্ত্রীর অভিযোগ, যারা দেশ ছেড়ে পালিয়েছে, তারা বিদেশে অবস্থান করে তাদের প্রভুদের সন্তুষ্ট করতে নতুন করে ষড়যন্ত্র করছে। ছাত্র-জনতা জীবন দিয়ে যে অধিকার প্রতিষ্ঠা করেছিল, সেই অধিকার কেড়ে নেওয়ার চেষ্টা চলছে। দেশ ছেড়েও তারা অগ্নিসন্ত্রাস ও হত্যাকাণ্ডে জড়িত রয়েছে বলে মন্তব্য করেন তিনি। এ সময় পরাজিত শক্তির তৎপরতায় বিভ্রান্ত না হয়ে সরকারকে সহযোগিতা করতে তিস্তা পাড়ের বাসিন্দাসহ দেশবাসীর প্রতি আহ্বান জানান প্রধানমন্ত্রী।

বক্তব্যে তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়ন না হওয়া নিয়েও প্রশ্ন তোলেন তারেক রহমান। তিনি জানতে চান, আওয়ামী লীগ দীর্ঘ ১৬ বছর ক্ষমতায় থাকার পরও কেন তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়ন করেনি।

তিস্তা অঞ্চলের উন্নয়ন প্রসঙ্গে প্রধানমন্ত্রী বলেন, এই জনপদেও উন্নয়নের ধারা ছড়িয়ে পড়বে। তিস্তা নদী তার নিজস্ব গতিতে বয়ে চলেছে। নদীর প্রবাহের সঙ্গে তাল মিলিয়ে এবার উন্নয়নের গতিও এগিয়ে নিতে চান এ অঞ্চলের মানুষ। লালমনিরহাট থেকে তিনি দেশবাসীর প্রতি ঐক্য ও সহযোগিতার আহ্বান জানান।

এর আগে দিনের প্রথম কর্মসূচিতে প্রধানমন্ত্রী লালমনিরহাটের অ্যাভিয়েশন অ্যান্ড অ্যারোস্পেস বিশ্ববিদ্যালয় পরিদর্শন করেন। সেখানে জাতীয় অ্যারো-জিনিয়াস প্রতিযোগিতায় অংশ নেওয়ার পাশাপাশি বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন কার্যক্রম ঘুরে দেখেন তিনি।

  
    

মন্তব্যসমূহ বন্ধ করা হয়.