আইএফআইসি ব্যাংকে ‘ব্রাঞ্চ অ্যান্টি মানি লন্ডারিং কমপ্লায়েন্স অফিসার কনফারেন্স’ অনুষ্ঠিত

আইএফআইসি ব্যাংক পিএলসির প্রধান কার্যালয়ে দিনব্যাপী অনুষ্ঠিত হলো ‘ব্রাঞ্চ অ্যান্টি মানি লন্ডারিং কমপ্লায়েন্স অফিসার (বামেলকো) কনফারেন্স-২০২৬’। শনিবার, (২৫ জুলাই) আয়োজিত এ কনফারেন্সের মূল উদ্দেশ্য ছিল ব্যাংকের সংশ্লিষ্ট কর্মকর্তাদের মধ্যে মানি লন্ডারিং প্রতিরোধ (এএমএল) এবং সন্ত্রাসে অর্থায়ন প্রতিরোধ (সিএফটি) বিষয়ে জ্ঞান, সচেতনতা ও পেশাগত সক্ষমতা বৃদ্ধি করা।

রোববার (২৬ জুলাই ) ব্যাংকটি এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য নিশ্চিত করেছে।

কনফারেন্সের উদ্বোধন করেন ব্যবস্থাপনা পরিচালক সৈয়দ মনসুর মোস্তফা, আইএফআইসি ব্যাংক পিএলসি। উদ্বোধনী বক্তব্যে তিনি মানি লন্ডারিং ও সন্ত্রাসে অর্থায়ন প্রতিরোধে বাংলাদেশ ব্যাংক এবং বাংলাদেশ ফাইন্যান্সিয়াল ইন্টেলিজেন্স ইউনিটের (বিএফআইইউ) নির্দেশনা যথাযথভাবে অনুসরণের ওপর গুরুত্বারোপ করেন। পাশাপাশি ব্যাংকের শাখা-উপশাখা পর্যায়ে ঝুঁকিভিত্তিক তদারকি, কার্যকর গ্রাহক যাচাই এবং কমপ্লায়েন্স কার্যক্রম আরও জোরদার করার আহ্বান জানান।

অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আইএফআইসি ব্যাংকের উপ-ব্যবস্থাপনা পরিচালক অ্যান্ড চিফ ইনফরমেশন অফিসার ও চিফ অ্যান্টি মানি লন্ডারিং কমপ্লায়েন্স অফিসার মো. মনিতুর রহমান। এছাড়াও উপস্থিত ছিলেন চিফ অব ব্রাঞ্চ বিজনেস অ্যান্ড হেড অব অপারেশন্স হেলাল আহমেদ, হেড অব সার্ভিস অ্যান্ড এস্টেট আবুল কাশেম মো. ফজলুল কাদের, হেড অব করেসপন্ডেন্ট ব্যাংকিং, জয়েন্ট ভেঞ্চার অপারেশনস অ্যান্ড রেমিট্যান্স ডিপার্টমেন্ট মো. আবদুল্লাহ আল মাসুম, ডেপুটি ক্যামেলকো অ্যান্ড হেড অব এএমএল ও সিএফটি এবিএম মহসীন কামাল মোল্লাসহ ব্যাংকের প্রধান কার্যালয়ের অন্যান্য ঊর্ধ্বতন কর্মকর্তা এবং বিভিন্ন শাখার বামেলকোরা কনফারেন্সে অংশগ্রহণ করেন।

দিনব্যাপী কনফারেন্সে মানি লন্ডারিং ও সন্ত্রাসে অর্থায়ন প্রতিরোধসংক্রান্ত প্রচলিত আইন ও বিধিবিধান, বাংলাদেশ ব্যাংক ও বিএফআইইউর নির্দেশনা, সন্দেহজনক লেনদেন শনাক্তকরণ ও প্রতিবেদন, ঝুঁকিভিত্তিক গ্রাহক যাচাই (সিডিডি/ইডিডি), লেনদেন পর্যবেক্ষণ এবং শাখা পর্যায়ে এএমএল/সিএফটি কমপ্লায়েন্স আরও কার্যকর করার বিভিন্ন দিক নিয়ে বিস্তারিত আলোচনা করা হয়।

আইএফআইসি ব্যাংক বিশ্বাস করে, এ ধরনের নিয়মিত প্রশিক্ষণ, সম্মেলন ও সচেতনতামূলক কার্যক্রম ব্যাংকের এএমএল/সিএফটি কমপ্লায়েন্স ব্যবস্থাকে আরও শক্তিশালী করার পাশাপাশি আর্থিক অপরাধ প্রতিরোধে সংশ্লিষ্ট কর্মকর্তাদের দক্ষতা ও সক্ষমতা বৃদ্ধিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।

অর্থসূচক/

  
    

মন্তব্যসমূহ বন্ধ করা হয়.