পিএসসির সদস্য হলেন জাবির অধ্যাপক শামীমা সুলতানা

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের বাংলা বিভাগের অধ্যাপক ড. শামীমা সুলতানা বাংলাদেশ সরকারি কর্ম কমিশনের (পিএসসি) নতুন সদস্য হিসেবে শপথ নিয়েছেন। রোববার (১ নভেম্বর) বিকেলে সুপ্রিম কোর্টের জাজেস লাউঞ্জে প্রধান বিচারপতি জুবায়ের রহমান চৌধুরী তাকে শপথবাক্য পাঠ করান।

গত ২৫ অক্টোবর জনপ্রশাসন মন্ত্রণালয়ের জারি করা প্রজ্ঞাপনে তাকে পিএসসির সদস্য হিসেবে নিয়োগ দেওয়া হয়। দায়িত্ব পালনের সময় অন্য কোনো পেশা বা ব্যবসায় যুক্ত থাকা যাবে না তার। সরকারি, আধা-সরকারি ও বেসরকারি প্রতিষ্ঠান কিংবা সংগঠনের সঙ্গে কর্মসম্পর্কও ত্যাগ করতে হবে।

সংবিধানের ১৩৯ অনুচ্ছেদের ১ নম্বর উপধারা অনুযায়ী, দায়িত্ব গ্রহণের পর পাঁচ বছর পর্যন্ত তিনি এ পদে থাকতে পারবেন। তবে ৬৫ বছর বয়স পূর্ণ হলে পাঁচ বছর মেয়াদ শেষ হওয়ার আগেই তার দায়িত্বের অবসান ঘটবে।

২০২৪ সালের জুলাই আন্দোলনের সময় জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের বাংলা বিভাগের সভাপতির দায়িত্বে ছিলেন শামীমা সুলতানা। ওই বছরের ১ আগস্ট নিজের কার্যালয় থেকে তৎকালীন প্রধানমন্ত্রী শেখ হাসিনার ছবি সরিয়ে আলোচনায় আসেন তিনি।

বিশ্ববিদ্যালয়ের বিএনপিপন্থী শিক্ষকদের সংগঠন ‘জাতীয়তাবাদী শিক্ষক ফোরাম’-এর সহসভাপতি হিসেবেও দায়িত্ব পালন করেছেন অধ্যাপক শামীমা। তবে বর্তমানে সংগঠনটির কোনো সাংগঠনিক পদে নেই তিনি।

  
    

মন্তব্যসমূহ বন্ধ করা হয়.