অতীতে প্রেস কমিশন গঠন করা হলেও তার সুপারিশগুলো বাস্তবায়ন হয়নি জানিয়ে তথ্যমন্ত্রী জহির উদ্দিন স্বপন বলেছেন, গণমাধ্যমের স্বাধীনতা ও দায়িত্বশীল সাংবাদিকতা নিশ্চিত করতে স্বাধীন গণমাধ্যম কমিশন গঠনে উদ্যোগ নিয়েছে সরকার।
সোমবার (১৫ জুন) দুপুরে তথ্য ভবনে ন্যাশনাল এডিটর কাউন্সিলের সেমিনারে তিনি এ কথা জানান।
তথ্যমন্ত্রী বলেন, অতীতের সেই প্রেস কমিশনের অভিজ্ঞতা মাথায় রেখে এবার একটি পূর্ণাঙ্গ গণমাধ্যম কমিশন গঠনের প্রয়োজন রয়েছে। গণমাধ্যমকে নিখুঁত ও দায়িত্বশীল রাখতে হলে এর অংশীজনদের সমন্বয়ে একটি শক্তিশালী প্রাতিষ্ঠানিক কাঠামো গড়ে তুলতে হবে। সাংবাদিক সংগঠনসহ গণমাধ্যমের সকল অংশীদারের মতামত নিয়ে কমিশন গঠন করা হবে বলেও জানান তিনি।
তিনি আরও বলেন, গণমাধ্যম হচ্ছে রাষ্ট্র ও সমাজের প্রতিচ্ছবি। তাই এটি যত বেশি নির্ভুল ও স্বচ্ছ হবে, সমাজও তত বেশি পরিষ্কারভাবে প্রতিফলিত হবে। কিন্তু অতীতে বিভিন্ন উদ্যোগ আংশিকভাবে বাস্তবায়িত হওয়ায় দেশে একটি শক্তিশালী গণমাধ্যম কাঠামো গড়ে ওঠেনি।
তথ্যমন্ত্রী বলেন, গণমাধ্যম এবং সাংবাদিকতা সেরকম একটি মহৎ পেশা যা চর্চা করতে গেলে কোন না কোন দর্শন এবং আদর্শকে তার ধারণ করতে হয়। তবে, রাজনৈতিক মতপার্থক্য থাকলেও সাংবাদিকতার মৌলিক দায়িত্ব জনগণের পক্ষে কাজ করা। তাই গণমাধ্যমকে একটি সুসংহত কাঠামোর মধ্যে আনা প্রয়োজন।
তিনি আশা প্রকাশ করেন, ১৬ জুন গণমাধ্যমের প্রাতিষ্ঠানিক কাঠামো গঠনের ক্ষেত্রে একটি গুরুত্বপূর্ণ মাইলফলক হিসেবে বিবেচিত হবে।



মন্তব্যসমূহ বন্ধ করা হয়.