ইরানের সঙ্গে চুক্তি না হলে ফের সামরিক অভিযানের হুমকি যুক্তরাষ্ট্রের

ইরানের সঙ্গে সমঝোতা চুক্তি না হলে দেশটিতে আবারও সামরিক অভিযান চালানোর জন্য মার্কিন বাহিনী প্রস্তুত রয়েছে বলে হুঁশিয়ারি দিয়েছেন যুক্তরাষ্ট্রের প্রতিরক্ষামন্ত্রী পিট হেগসেথ।

শনিবার সিঙ্গাপুরে অনুষ্ঠিত এশিয়াভিত্তিক নিরাপত্তা জোট সাংগ্রি-লা ডায়লগ সম্মেলনে অংশ নিয়ে তিনি এ মন্তব্য করেন।

হেগসেথ বলেন, প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বর্তমানে ধৈর্য ধরে পরিস্থিতি পর্যবেক্ষণ করছেন, যাতে ইরানের সঙ্গে একটি কার্যকর চুক্তি করা সম্ভব হয়। এই চুক্তির মূল লক্ষ্য হলো ইরানকে পরমাণু অস্ত্র তৈরির পথ থেকে বিরত রাখা।

তবে আলোচনায় অগ্রগতি না হলে সামরিক বিকল্পও খোলা রয়েছে বলে জানান মার্কিন প্রতিরক্ষামন্ত্রী।

তিনি বলেন, “প্রয়োজনে আবারও অভিযান শুরু করার ক্ষেত্রে আমাদের সক্ষমতা ও প্রস্তুতির কোনো ঘাটতি নেই। যত অস্ত্র-গোলাবারুদ প্রয়োজন, তার চেয়েও বেশি আমাদের মজুত রয়েছে। সামরিক শক্তি ও যুদ্ধ সরঞ্জামের দিক থেকে আমরা খুবই শক্ত অবস্থানে আছি।”

হেগসেথ আরও বলেন, যুক্তরাষ্ট্র একসঙ্গে একাধিক লক্ষ্য বাস্তবায়নে সক্ষম।

তার ভাষায়, “আমরা একই সঙ্গে দুটি কাজ করতে পারি। একদিকে আমাদের প্রতিরক্ষা শিল্পভিত্তি শক্তিশালী করছি, যাতে অদূর ভবিষ্যতে দ্বিগুণ, তিনগুণ বা চারগুণ বেশি যুদ্ধাস্ত্র উৎপাদন করা যায়। অন্যদিকে বিশ্বজুড়ে আমাদের বিভিন্ন সামরিক পরিকল্পনার জন্য প্রয়োজনীয় অর্থায়নও নিশ্চিত করছি।”

ইরান-যুক্তরাষ্ট্র উত্তেজনার পটভূমি

ইরানের পরমাণু কর্মসূচিকে কেন্দ্র করে দীর্ঘদিন ধরে ওয়াশিংটন ও তেহরানের মধ্যে উত্তেজনা চলছে। এ পরিস্থিতিতে গত ২৮ ফেব্রুয়ারি ইরানে সামরিক অভিযান শুরু করে যুক্তরাষ্ট্র।

প্রায় ৪০ দিনের সংঘাতের পর গত ৭ এপ্রিল যুদ্ধবিরতির ঘোষণা দেন প্রেসিডেন্ট ট্রাম্প। বর্তমানে সেই যুদ্ধবিরতি কার্যকর রয়েছে।

যুদ্ধবিরতির অন্যতম উদ্দেশ্য ছিল ইরানের পরমাণু প্রকল্প নিয়ে দুই দেশের মধ্যে একটি স্থায়ী সমঝোতা চুক্তি সম্পন্ন করা। তবে প্রায় দুই মাস পার হলেও এ বিষয়ে উল্লেখযোগ্য অগ্রগতি দেখা যায়নি।

এদিকে যুদ্ধবিরতির মেয়াদ বাড়ানো এবং হরমুজ প্রণালিতে বাণিজ্যিক জাহাজ চলাচলসংক্রান্ত বিধিনিষেধ শিথিল করতে নতুন একটি চুক্তির বিষয়ে দুই দেশের কর্মকর্তারা নীতিগতভাবে একমত হয়েছেন বলে জানা গেছে। তবে প্রেসিডেন্ট ট্রাম্প এখনো এ বিষয়ে চূড়ান্ত সম্মতি দেননি।

এই অনিশ্চয়তার মধ্যেই ইরানের বিরুদ্ধে নতুন করে সামরিক পদক্ষেপ নেওয়ার হুঁশিয়ারি দিলেন মার্কিন প্রতিরক্ষামন্ত্রী পিট হেগসেথ।

অর্থসূচক/

  
    

মন্তব্যসমূহ বন্ধ করা হয়.