প্রতিবন্ধী ব্যক্তিদের জন্য ব্যাংকিং সেবা আরও সহজ, সমতাভিত্তিক ও মর্যাদাপূর্ণ করতে নতুন উদ্যোগ নিয়েছে প্রাইম ব্যাংক পিএলসি। বাংলাদেশ ব্যাংকের লিড ব্যাংক মডেলের আওতায় আজ রোববার শুরু হয়েছে পাঁচ দিনব্যাপী প্রশিক্ষক প্রশিক্ষণ কর্মসূচি (ট্রেনিং অব ট্রেইনার্স-টিওটি)। ‘ব্রেকিং অ্যাটিটিউডিনাল ব্যারিয়ার্স: ইনক্লুসিভ ব্যাংকিং ফর পারসনস উইথ ডিজঅ্যাবিলিটিজ’ শীর্ষক এ প্রশিক্ষণ কর্মসূচি চলবে ৩ ডিসেম্বর পর্যন্ত। ঢাকার প্রাইম টাওয়ারে এ প্রশিক্ষণের আয়োজন করা হয়েছে।
এ উদ্যোগের মূল লক্ষ্য হলো প্রতিবন্ধী ব্যক্তিদের ব্যাংকিং সেবা গ্রহণের ক্ষেত্রে বিদ্যমান দৃষ্টিভঙ্গিগত ও প্রাতিষ্ঠানিক প্রতিবন্ধকতা দূর করা, ব্যাংকারদের দক্ষতা ও সচেতনতা বাড়ানো এবং ব্যাংকিং খাতে অন্তর্ভুক্তিমূলক সেবাব্যবস্থা গড়ে তোলা। এর মাধ্যমে ব্যাংকিং সেবায় অবাধ প্রবেশাধিকারের পাশাপাশি প্রতিবন্ধী ব্যক্তিদের মর্যাদা, ব্যাংকিং স্বাধীনতা ও সমান সুযোগ নিশ্চিত করার ওপর গুরুত্ব দেওয়া হচ্ছে।
উদ্যোগটির চারটি কৌশলগত অংশীদার রয়েছে। প্রাইম ব্যাংক পিএলসি উদ্যোগ গ্রহণ ও লিড ব্যাংকিং কার্যক্রমের নেতৃত্ব দিচ্ছে। অস্ট্রেলিয়ার মোনাশ ইউনিভার্সিটি প্রশিক্ষণের মূল্যায়ন ও সনদ প্রদানের দায়িত্ব পালন করছে। টীম ইনক্লুশন বাংলাদেশ ফাউন্ডেশন প্রশিক্ষণ কর্মসূচির পরিকল্পনা ও বাস্তবায়নে কাজ করছে। অন্যদিকে বাংলাদেশ ব্যাংক নীতিগত ও নিয়ন্ত্রক তদারকির দায়িত্ব পালন করছে।
প্রশিক্ষণ কর্মসূচির উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন বাংলাদেশ ব্যাংকের ফাইন্যান্সিয়াল ইনক্লুশন বিভাগের পরিচালক মো. ইকবাল মহসীন। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন প্রাইম ব্যাংক পিএলসির অতিরিক্ত ব্যবস্থাপনা পরিচালক এম. নাজিম এ. চৌধুরী।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অস্ট্রেলিয়ার মোনাশ ইউনিভার্সিটির মোনাশ বিজনেস স্কুলের সহযোগী অধ্যাপক আবু জাফর শাহরিয়ার এবং প্রাইম ব্যাংকের সিনিয়র এক্সিকিউটিভ ভাইস প্রেসিডেন্ট ও হেড অব ডিস্ট্রিবিউশন মামুর আহমেদ।
স্বাগত বক্তব্যে এম. নাজিম এ. চৌধুরী বলেন, অন্তর্ভুক্তিমূলক ব্যাংকিং ব্যবস্থা গড়ে তুলতে শুধু অবকাঠামোগত প্রবেশগম্যতা নিশ্চিত করলেই হবে না। এ জন্য প্রয়োজন দৃষ্টিভঙ্গি, মানসিকতা ও প্রাতিষ্ঠানিক চর্চার পরিবর্তন। প্রতিবন্ধী ব্যক্তিদের জন্য ব্যাংকিং সেবা সহজলভ্য করতে এবং কাউকে পিছিয়ে না রাখতে প্রাইম ব্যাংক কাজ করে যাচ্ছে বলেও তিনি উল্লেখ করেন।
সহযোগী অধ্যাপক আবু জাফর শাহরিয়ার তাঁর বক্তব্যে প্রতিবন্ধী ব্যক্তিদের অন্তর্ভুক্তিমূলক আর্থিক সেবা নিশ্চিত করতে গবেষণাভিত্তিক উদ্যোগ, আন্তর্জাতিক সহযোগিতা এবং দক্ষতা উন্নয়নের গুরুত্ব তুলে ধরেন। এ ক্ষেত্রে মোনাশ ইউনিভার্সিটির আন্তর্জাতিক অভিজ্ঞতা ও বিভিন্ন দেশে অন্তর্ভুক্তিমূলক ব্যাংকিং সেবা প্রসারে তাদের কার্যক্রমের বিষয়েও তিনি আলোকপাত করেন।
প্রধান অতিথির বক্তব্যে মো. ইকবাল মহসীন বলেন, প্রতিবন্ধী ব্যক্তিদের অর্থবহ আর্থিক অন্তর্ভুক্তি নিশ্চিত করতে ব্যাংকিং খাতের প্রাতিষ্ঠানিক সক্ষমতা বাড়ানো জরুরি। বাংলাদেশ ব্যাংক লিড ব্যাংক মডেলের মাধ্যমে দেশে একটি অন্তর্ভুক্তিমূলক ব্যাংকিং পরিবেশ গড়ে তুলতে প্রয়োজনীয় সহযোগিতা অব্যাহত রাখবে বলেও তিনি জানান।
প্রশিক্ষণে প্রধান প্রশিক্ষক হিসেবে দায়িত্ব পালন করছেন টীম ইনক্লুশন বাংলাদেশ ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা ও নির্বাহী পরিচালক মো. জহিরুল ইসলাম। প্রশিক্ষক হিসেবে রয়েছেন প্রাইম ব্যাংকের সিনিয়র ভাইস প্রেসিডেন্ট ও ফাইন্যান্সিয়াল ইনক্লুশন অ্যান্ড স্কুল ব্যাংকিং বিভাগের প্রধান এম এম মাহবুব হাসান। উদ্বোধনী অনুষ্ঠান সঞ্চালনা করেন প্রাইম ব্যাংকের ভাইস প্রেসিডেন্ট ও ব্র্যান্ড অ্যান্ড কমিউনিকেশন্স বিভাগের প্রধান নাবিলা খালিদ।
এ প্রশিক্ষণ কর্মসূচিতে ১২টি ব্যাংকের প্রতিনিধিরা অংশ নিচ্ছেন। ব্যাংকগুলো হলো—ব্যাংক এশিয়া, বাংলাদেশ কৃষি ব্যাংক, ব্র্যাক ব্যাংক, সিটি ব্যাংক, কমিউনিটি ব্যাংক বাংলাদেশ, ডাচ্-বাংলা ব্যাংক, যমুনা ব্যাংক, পূবালী ব্যাংক, সাউথইস্ট ব্যাংক, সোনালী ব্যাংক, ইউনাইটেড কমার্শিয়াল ব্যাংক এবং উত্তরা ব্যাংক।
এ ছাড়া প্রতিবন্ধী ব্যক্তিদের অধিকার ও অন্তর্ভুক্তি নিয়ে কাজ করা বিভিন্ন সংগঠনের (অর্গানাইজেশনস অব পারসনস উইথ ডিজঅ্যাবিলিটিজ—ওপিডি) ছয়জন প্রতিনিধি এবং বাংলাদেশ ব্যাংক ও প্রাইম ব্যাংকের প্রতিনিধিরাও এতে অংশ নিচ্ছেন।
এ উদ্যোগের মাধ্যমে প্রশিক্ষিত প্রশিক্ষকদের একটি দক্ষ ও টেকসই দল গড়ে তোলার পরিকল্পনা রয়েছে। পরবর্তী সময়ে তাঁরা নিজ নিজ ব্যাংকের অন্যান্য কর্মকর্তা-কর্মচারীদের প্রশিক্ষণ দেবেন। এর ফলে প্রতিবন্ধী ব্যক্তিদের অন্তর্ভুক্তির নীতিগুলো শুধু প্রশিক্ষণ বা নীতিমালায় সীমাবদ্ধ না থেকে ব্যাংকের দৈনন্দিন সেবা ও কার্যক্রমে বাস্তবায়িত হবে বলে আশা করা হচ্ছে।
প্রাইম ব্যাংক জানিয়েছে, আর্থিক অন্তর্ভুক্তিকে শুধু ব্যাংকিং সেবায় প্রবেশাধিকারের মধ্যে সীমাবদ্ধ না রেখে অর্থবহ অংশগ্রহণ ও ক্ষমতায়নের পর্যায়ে নিয়ে যেতে এ উদ্যোগ নেওয়া হয়েছে। ব্যাংকটির লক্ষ্য, প্রতিবন্ধী ব্যক্তিসহ প্রত্যেক নাগরিক যেন মর্যাদা, স্বাধীনতা ও সমান সুযোগের সঙ্গে আর্থিক সেবা গ্রহণ করতে পারেন।



মন্তব্যসমূহ বন্ধ করা হয়.