২০২৭ সালের জানুয়ারিতে ক্লাস শুরু হওয়ার আগেই সারাদেশের সব শিক্ষার্থীর হাতে পাঠ্যবই পৌঁছে দেওয়ার বিষয়ে আশাবাদ ব্যক্ত করেছেন প্রধানমন্ত্রীর শিক্ষা এবং প্রাথমিক ও গণশিক্ষা উপদেষ্টা মাহদী আমিন। তিনি বলেন, ‘তবে সময় স্বল্পতার কারণে এবার শিক্ষাক্রমে প্রত্যাশিত মাত্রায় সংস্কার করা সম্ভব হয়নি। এজন্য ২০২৮ শিক্ষাবর্ষকে সামনে রেখে এখন থেকেই পূর্ণাঙ্গ ও বিস্তৃত প্রস্তুতি নেওয়া হবে।’
রোববার রাজধানীর আন্তর্জাতিক মাতৃভাষা ইনস্টিটিউট মিলনায়তনে জাতীয় শিক্ষাক্রম ও পাঠ্যপুস্তক বোর্ডের (এনসিটিবি) উদ্যোগে ‘সুধীজন সংলাপ : কেমন শিক্ষাক্রম চাই’ শীর্ষক উন্মুক্ত আলোচনায় তিনি এসব কথা বলেন।
মাহদী আমিন জানান, আগামী বছরের শিক্ষাক্রম নিয়ে কাজ করতে এনসিটিবিতে বিভিন্ন পর্যায়ের শতাধিক শিক্ষাবিদ একসঙ্গে বসেছেন। পাশাপাশি নির্বাচনী ইশতেহার প্রণয়নের সময় গঠিত শিক্ষা দলের বরেণ্য সদস্যরাও নেপথ্যে থেকে গুরুত্বপূর্ণ অবদান রেখেছেন।
পাঠ্যবই মুদ্রণের সময়সীমা প্রসঙ্গে তিনি বলেন, জানুয়ারিতে বই দিতে হলে সাধারণত জুলাই মাসের মধ্যেই কাজ শেষ করতে হয়। কিন্তু গত ফেব্রুয়ারিতে সরকার গঠনের পর নতুন দল সাজিয়ে দেশব্যাপী আলোচনা ও মতামত নেওয়ার জন্য তিন থেকে চার মাস সময় যথেষ্ট ছিল না। ফলে ইচ্ছা থাকা সত্ত্বেও সব পক্ষের সঙ্গে পূর্ণাঙ্গ আলোচনা করা যায়নি। প্রথম বছরে শিক্ষাক্রমে প্রয়োজনীয় সংস্কার পুরোপুরি করা সম্ভব হচ্ছে না।
প্রধানমন্ত্রীর এই উপদেষ্টা উল্লেখ করেন, বিগত সময়ে পাঠ্যবইয়ে ইতিহাস বিকৃতি, মিথ্যা তথ্য ও নানা ভুলভ্রান্তি ছিল। এনসিটিবির অধীনে গঠিত দলগুলো পুরো বিষয়টি পর্যালোচনা করে প্রয়োজনীয় সংশোধন এনেছে, তবে এটি একটি চলমান প্রক্রিয়া।
উন্মুক্ত আলোচনা আয়োজনের উদ্দেশ্য তুলে ধরে মাহদী আমিন বলেন, আজকের সভায় বলার চেয়ে শোনার ওপরই বেশি গুরুত্ব দেওয়া হচ্ছে। বিশ্ববিদ্যালয়ের বর্তমান ও সাবেক শিক্ষক এবং গণমাধ্যমে লেখালেখির মাধ্যমে তথ্য ও নীতিগত পরামর্শ দেওয়া বিশিষ্টজনদের মতামত ও অভিজ্ঞতা গ্রহণ করাই মূল লক্ষ্য। এসব প্রস্তাব প্রধানমন্ত্রীর সামনে উপস্থাপন করা হবে, যাতে ঘাটতিগুলো চিহ্নিত করে ২০২৮ শিক্ষাবর্ষের জন্য একটি সমন্বিত ও বাস্তবসম্মত পরিকল্পনা নিয়ে এগোনো যায় এবং শিক্ষাবিদদের আরও গভীরভাবে এ প্রক্রিয়ায় যুক্ত করা সম্ভব হয়। শিক্ষা মন্ত্রণালয় এবং প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের চলমান নীতিমালাগুলো প্রধানমন্ত্রীর দীর্ঘদিনের চিন্তার প্রতিফলন বলে জানান তিনি।
মাহদী আমিন বলেন, একটি শিক্ষা বিষয়ক বিশেষজ্ঞ দলের ভাবনাগুলো অংশীজন ও সাধারণ মানুষের মতামতের ভিত্তিতে পরিমার্জন ও সংস্কার করে নির্বাচনী ইশতেহারে অন্তর্ভুক্ত করা হয়েছে। মাঠপর্যায়ে এসব নীতিমালা বাস্তবায়নের ক্ষেত্রে বিশিষ্ট শিক্ষাবিদ ও অভিজ্ঞ ব্যক্তিদের মতামত যুক্ত করার ওপর গুরুত্ব দেওয়া হয়েছে। সাম্প্রতিক সময়ে আলোচিত ‘ওয়ান টিচার ওয়ান ট্যাব’ কর্মসূচি নিয়ে প্রধানমন্ত্রী গত কয়েক বছর ধরেই কথা বলে আসছেন। পাশাপাশি শিক্ষার্থীদের জন্য বিনামূল্যে স্কুল ড্রেস, মিড ডে মিল এবং স্কুল ব্যাগ দেওয়ার পরিকল্পনাও সেই ধারাবাহিক ভাবনার অংশ।
এ ছাড়া আগামী শিক্ষাবর্ষ থেকে চতুর্থ শ্রেণিতে খেলাধুলা ও সংস্কৃতি এবং ষষ্ঠ শ্রেণিতে কারিগরি শিক্ষা ও ‘লার্নিং উইথ হ্যাপিনেস’- এ বিষয়গুলো যুক্ত হওয়ার উদ্যোগকেও ভবিষ্যতের রাষ্ট্র বিনির্মাণের মূলনীতি হিসেবে প্রধানমন্ত্রী দীর্ঘদিন ধরে তুলে ধরেছেন।
প্রধানমন্ত্রী শিক্ষাকে কেবল বড় ডিগ্রি বা সার্টিফিকেট অর্জনের মাধ্যম হিসেবে দেখেন না উল্লেখ করে উপদেষ্টা বলেন, শিক্ষার প্রধান লক্ষ্য দুটি- প্রথমত, সঠিক নীতি ও আদর্শসম্পন্ন মানবিক মানুষ গড়ে তোলা। দ্বিতীয়ত, শিক্ষার্থীদের ভবিষ্যতের কর্মবাজারের উপযোগী নাগরিক বা সফল উদ্যোক্তা হিসেবে প্রস্তুত করা। পুরো শিক্ষাব্যবস্থার মাধ্যমে সরকার একই সঙ্গে ভালো মানুষ ও কাজের মানুষ তৈরি করতে চায় বলেও মন্তব্য করেন তিনি।
সরকারের সাম্প্রতিক উদ্যোগগুলোর কথা তুলে ধরে তিনি বলেন, এসএসসি ও এইচএসসি পরীক্ষায় যারা অকৃতকার্য হয়েছেন বা আশানুরূপ ফল পাননি, তাদের জন্য এক মাসের মধ্যেই পুনঃপরীক্ষার ব্যবস্থা করা হচ্ছে। পাশাপাশি শিক্ষাব্যবস্থায় কারিগরি শিক্ষা বাধ্যতামূলক করা, তৃতীয় ভাষাকে বিশেষ গুরুত্ব দেওয়া এবং সহশিক্ষা কার্যক্রমকে অগ্রাধিকার দেওয়া হচ্ছে। এ ছাড়া সংসদীয় গণতন্ত্র সম্পর্কে বাস্তব ধারণা দিতে বিপুল সংখ্যক শিক্ষার্থীকে নিয়মিত জাতীয় সংসদের কার্যক্রম দেখার সুযোগও করে দেওয়া হচ্ছে। এভাবে সমন্বিত বা ৩৬০ ডিগ্রি দৃষ্টিভঙ্গির মাধ্যমে যোগ্য ভবিষ্যৎ প্রজন্ম গড়ে তোলার কাজ চলছে। আলোচনায় শিক্ষাবিদদের তুলে ধরা সব প্রস্তাব ও মতামত নোট আকারে লিপিবদ্ধ করে প্রধানমন্ত্রীর কাছে উপস্থাপন করা হবে বলেও জানান মাহদী আমিন।



মন্তব্যসমূহ বন্ধ করা হয়.