বাংলাদেশের অন্যতম শীর্ষ আর্থিক প্রতিষ্ঠান ‘ইসলামী ব্যাংক বাংলাদেশ পিএলসি’-র নতুন চেয়ারম্যান নিয়োগ এবং ব্যাংকের ওপর ‘অযাচিত হস্তক্ষেপের’ তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছে বাংলাদেশ জামায়াতে ইসলামী। দলটির সেক্রেটারি জেনারেল ও সাবেক এমপি মিয়া গোলাম পরওয়ার এক বিবৃতিতে বলেছেন, ইসলামী ব্যাংকে যাকে নতুন চেয়ারম্যান হিসেবে নিয়োগ দেওয়া হয়েছে, তিনি পালিয়ে যাওয়া আওয়ামী ফ্যাসিস্টদের চিহ্নিত দোসর। তার মতো একজন বিতর্কিত ব্যক্তিকে এই পদে বসানো ‘খাল কেটে কুমির আনা’র শামিল।
সোমবার (২৫ মে) সকালে দলটির পক্ষ থেকে গণমাধ্যমে পাঠানো এক যৌথ বিবৃতিতে তিনি এসব কথা বলেন এবং অনতিবিলম্বে নতুন চেয়ারম্যানের অপসারণ দাবি করেন।
বিবৃতিতে জামায়াতের সেক্রেটারি জেনারেল গভীর উদ্বেগ প্রকাশ করে বলেন, ‘আমরা অত্যন্ত উদ্বেগের সঙ্গে লক্ষ্য করছি, সরকার একের পর এক হঠকারী সিদ্ধান্ত গ্রহণ করে দেশের সামগ্রিক ব্যাংকব্যবস্থা তথা আর্থিক খাতকে এক মহাবিপর্যয় ও ঝুঁকির মধ্যে নিক্ষেপ করছে। গতকালই ইসলামী ব্যাংকের এমডিকে জোরপূর্বক পদত্যাগে বাধ্য করা হয়েছে। জনগণের আস্থায় যাতে বড় ধরনের ফাটল ধরে, সেই সুদূরপ্রসারী লক্ষ্যেই বর্তমান চেয়ারম্যানকেও পদচ্যুত করা হয়েছে। সরকারের এহেন রহস্যজনক পরিস্থিতিতে ব্যাংকের কোটি কোটি গ্রাহক এবং সাধারণ মানুষের মধ্যে তীব্র ক্ষোভ ও অসন্তোষ সৃষ্টি হয়েছে।’
মিয়া গোলাম পরওয়ার আরও অভিযোগ করেন, ‘ব্যাংক খাতের আড়াই লাখ কোটি টাকা লুটপাটকারীদের বিরুদ্ধে কার্যকর কোনো আইনি ব্যবস্থা না নিয়ে, বরং তাদেরকে ধরাছোঁয়ার বাইরে রেখে পুনরায় লুণ্ঠনের পথ প্রশস্ত করার জন্যই ২৪-এর গণঅভ্যুত্থানের পরে পদচ্যুত বাংলাদেশ ব্যাংকের একজন সাবেক ডেপুটি গভর্নরকে ইসলামী ব্যাংকের চেয়ারম্যান হিসেবে নিয়োগ দেওয়া হয়েছে। সরকার ও বাংলাদেশ ব্যাংকের এই গণবিরোধী পদক্ষেপের বিরুদ্ধে আমরা তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাচ্ছি।’
দেশের ভঙ্গুর আর্থিক খাতে দ্রুত শৃঙ্খলা ফিরিয়ে আনার তাগিদ দিয়ে জামায়াত নেতা স্পষ্ট হুঁশিয়ারি উচ্চারণ করে বলেন, ‘অবিলম্বে বাংলাদেশ ব্যাংকের অযোগ্য ও দলদাস গভর্নরকে তার পদ থেকে অপসারণ করতে হবে। একই সঙ্গে বিগত দিনে লুণ্ঠনকৃত সকল অর্থ দেশে ফেরত আনা এবং কোনো একজন যোগ্য, সৎ ও নিরপেক্ষ লোককে চেয়ারম্যান করে অভিজ্ঞতাসম্পন্ন লোকদের সমন্বয়ে ইসলামী ব্যাংকের বোর্ডকে পুনর্গঠন করতে হবে। অন্যথায়, এর ফলে উদ্ভূত যেকোনো পরিস্থিতির সমস্ত দায় সম্পূর্ণ সরকারকেই বহন করতে হবে।’
অর্থসূচক/



মন্তব্যসমূহ বন্ধ করা হয়.