ইসলামী ব্যাংকের নতুন চেয়ারম্যানের নিয়োগ বাতিলের দাবিতে মানববন্ধন ও বিক্ষোভ

দেশের বৃহত্তম শরিয়াহভিত্তিক ব্যাংক ‘ইসলামী ব্যাংক বাংলাদেশ পিএলসি’-এর নতুন চেয়ারম্যান হিসেবে মো. খুরশীদ আলমকে নিয়োগ দেওয়ার প্রতিবাদে বিক্ষোভ ও মানববন্ধন কর্মসূচি পালিত হয়েছে।

সোমবার (২৫ যে) জাতীয় প্রেসক্লাবের সামনে ‘ইসলামী ব্যাংক সচেতন গ্রাহক ফোরাম’-এর ব্যানারে এই কর্মসূচি পালন করা হয়। এতে সংগঠনের নেতৃবৃন্দ, সাধারণ গ্রাহক এবং বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ অংশ নেন।

​মানববন্ধনে অংশ নিয়ে বক্তারা বলেন, দেশের অন্যতম শীর্ষ শরিয়াহভিত্তিক ব্যাংক হিসেবে ইসলামী ব্যাংকের পরিচালনা পর্ষদে স্থিতিশীলতা বজায় রাখা এবং গ্রাহকদের আস্থা ধরে রাখা অত্যন্ত জরুরি। কিন্তু এমন গুরুত্বপূর্ণ ও সংবেদনশীল পদে বিতর্কিত বা প্রশ্নবিদ্ধ ব্যক্তিদের বসানো হলে ব্যাংকটির দীর্ঘদিনের ভাবমূর্তি ও সুনাম মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হওয়ার আশঙ্কা রয়েছে।

​কর্মসূচিতে ফোরামের নেতারা অভিযোগ করে বলেন, ব্যাংকিং খাতের শীর্ষ পদগুলোতে নিয়োগের ক্ষেত্রে স্বচ্ছতা ও জবাবদিহিতার ঘাটতি থাকলে তার সরাসরি নেতিবাচক প্রভাব পড়ে প্রতিষ্ঠান এবং সাধারণ আমানতকারী— উভয়ের ওপরই। অতীতে ব্যাংকিং খাতে নানা অনিয়ম ও দুর্নীতির কারণে সাধারণ মানুষের যে আস্থার সংকট তৈরি হয়েছে, এই ধরনের বিতর্কিত নিয়োগ সেই সংকটকে আরও গভীর করবে বলে তারা আশঙ্কা প্রকাশ করেন।

​মানববন্ধনে ফোরামের সভাপতি শাহিন আহমেদ খান বলেন, “ইসলামী ব্যাংক কোনো নির্দিষ্ট ব্যক্তি বা গোষ্ঠীর স্বার্থ রক্ষার জায়গা নয়। এটি কোটি কোটি সাধারণ গ্রাহকের আমানতের ব্যাংক। তাই এখানে চেয়ারম্যান নিয়োগের ক্ষেত্রে শতভাগ স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিত করা আবশ্যক।”

​কর্মসূচিতে সংগঠনের সাধারণ সম্পাদকসহ বিভিন্ন অর্থনীতিবিদ, গ্রাহক প্রতিনিধি ও সামাজিক সংগঠনের নেতারা বক্তব্য দেন। তারা ব্যাংকিং খাতকে সম্পূর্ণ রাজনৈতিক প্রভাবমুক্ত রাখার পাশাপাশি কেন্দ্রীয় ব্যাংককে আরও দায়িত্বশীল ভূমিকা পালনের দাবি জানান। একই সঙ্গে ইসলামী ব্যাংকের পরিচালনা পর্ষদ পুনর্গঠন করে সেখানে প্রকৃত পেশাদার ও অভিজ্ঞ ব্যক্তিদের অন্তর্ভুক্ত করার জোর আহ্বান জানান।

​বিক্ষোভ চলাকালীন অংশগ্রহণকারীরা চেয়ারম্যান নিয়োগ পুনর্বিবেচনার দাবিতে বিভিন্ন স্লোগান দেন। মানববন্ধন শেষে নেতৃবৃন্দ জানান, এই নিয়োগের প্রতিবাদে এবং সিদ্ধান্ত পুনর্বিবেচনার দাবিতে খুব দ্রুতই সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে একটি স্মারকলিপি দেওয়া হবে।

অর্থসূচক/

  
    

মন্তব্যসমূহ বন্ধ করা হয়.