যুক্তরাষ্ট্রের পূর্বাঞ্চলে শক্তিশালী ঝড়ের আঘাতে ব্যাপক দুর্ভোগে পড়েছেন বাসিন্দারা। ঝড়ের প্রভাবে উপকূলীয় এলাকায় বন্যা, সড়ক ও সেতুতে চলাচলে বিঘ্ন এবং বিদ্যুৎ বিপর্যয় দেখা দিয়েছে। বৃহস্পতিবার (২৬ নভেম্বর) ঝড়ের তীব্রতায় একপর্যায়ে ৯ লাখ ৬০ হাজারের বেশি গ্রাহক বিদ্যুৎহীন হয়ে পড়েন।
মিসৌরি থেকে ম্যাসাচুসেটস পর্যন্ত বিস্তৃত ঝড়টিতে ঘণ্টায় ৭০ মাইল পর্যন্ত বেগে বাতাস বয়ে যায়। প্রবল বাতাসে গাছ ও বিদ্যুতের খুঁটি উপড়ে পড়েছে। ভারী বৃষ্টির সঙ্গে জোয়ারের পানি বেড়ে উপকূলীয় নিচু এলাকাগুলো প্লাবিত হয়েছে। কয়েকটি সড়ক ও সেতু বন্ধ করে দিতে হয়েছে।
শুক্রবার (২৭ নভেম্বর) ঝড়ের প্রভাব কিছুটা কমতে শুরু করেছে। তবে বিভিন্ন এলাকায় বৃষ্টি ও তুষারপাত অব্যাহত রয়েছে। পাওয়ারআউটেজ ডট ইউএসের তথ্য অনুযায়ী, বৃহস্পতিবার রাতেও ৯ লাখের বেশি গ্রাহক বিদ্যুৎবিহীন ছিলেন। ভার্জিনিয়া, মেরিল্যান্ড, পেনসিলভানিয়া ও নিউ জার্সি অঙ্গরাজ্যে বিদ্যুৎ বিপর্যয়ের প্রভাব বেশি পড়েছে।
ঝড়ের কারণে বিমান চলাচলেও বড় ধরনের বিঘ্ন ঘটেছে। ফ্লাইটঅ্যাওয়ারের তথ্য অনুযায়ী, থ্যাংকসগিভিংয়ের দিন যুক্তরাষ্ট্রে ২ হাজার ৪০০টির বেশি ফ্লাইট বিলম্বিত এবং ৪৫০টির বেশি ফ্লাইট বাতিল হয়েছে। ওয়াশিংটন ও নিউইয়র্ক এলাকার বিমানবন্দরগুলোতে এ প্রভাব বেশি দেখা গেছে।
ভার্জিনিয়া অঙ্গরাজ্যের নরফোকসহ উপকূলীয় বিভিন্ন এলাকায় রাস্তাঘাট পানিতে ডুবে গেছে। পটোম্যাক নদী ও চেসাপিক উপসাগরসংলগ্ন এলাকায় জোয়ারের পানির উচ্চতা বেড়ে বন্যা পরিস্থিতি তৈরি হয়েছে। মেরিল্যান্ডে গাছ উপড়ে বাড়ি ও গাড়ির ওপর পড়েছে। কয়েকটি ঘটনায় বাসিন্দা ও গাড়িচালকদের উদ্ধার করতে হয়েছে।
নিউ জার্সির উপকূলীয় এলাকাগুলোতেও ব্যাপক জলাবদ্ধতা দেখা দিয়েছে। কোথাও কোথাও সড়ক চলাচলের অনুপযোগী হয়ে পড়ে। ওয়াশিংটন ডিসির নিচু এলাকায়ও বন্যার সতর্কতা জারি করা হয়েছিল।
এদিকে নিউইয়র্কের সেন্ট্রাল পার্কে থ্যাংকসগিভিংয়ের দিন ১ দশমিক ৮২ ইঞ্চি বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে, যা সেখানে এ দিনের ইতিহাসে সর্বোচ্চ। প্রবল বাতাস ও বৈরী আবহাওয়ার কারণে যুক্তরাষ্ট্রের ঐতিহ্যবাহী ম্যাসির থ্যাংকসগিভিং ডে প্যারেড নির্ধারিত বৃহস্পতিবারের পরিবর্তে শনিবার আয়োজনের সিদ্ধান্ত নেওয়া হয়েছে। প্যারেডটির ১০০ বছরের ইতিহাসে আবহাওয়াজনিত কারণে এমন পরিবর্তন এবারই প্রথম।



মন্তব্যসমূহ বন্ধ করা হয়.