লেনদেন ও প্রধান সূচক বাড়লেও কমেছে ডিএসইর বাজার মূলধন

ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) গত সপ্তাহের তুলনায় চলতি সপ্তাহে লেনদেন ও প্রধান সূচক বেড়েছে। তবে এ সময়ে কমেছে দেশের প্রধান পুঁজিবাজারটির বাজার মূলধন। একই সঙ্গে দরপতন হয়েছে অধিকাংশ প্রতিষ্ঠানের শেয়ার ও ইউনিটের।

বৃহস্পতিবার (২৬ নভেম্বর) ডিএসইর সাপ্তাহিক বাজার পর্যালোচনা থেকে এসব তথ্য জানা গেছে।

পর্যালোচনায় দেখা যায়, সপ্তাহ শেষে ডিএসইর প্রধান সূচক ডিএসইএক্স দাঁড়িয়েছে ৫ হাজার ৫২৬ দশমিক ৩৮ পয়েন্টে। আগের সপ্তাহে এ সূচক ছিল ৫ হাজার ৫০৫ দশমিক ৬৪ পয়েন্ট। অর্থাৎ এক সপ্তাহে সূচকটি বেড়েছে ২০ দশমিক ৭৪ পয়েন্ট বা শূন্য দশমিক ৩৮ শতাংশ।

এ ছাড়া ডিএসই-৩০ সূচক ৫ দশমিক ০৪ পয়েন্ট বা শূন্য দশমিক ২৪ শতাংশ বেড়ে দাঁড়িয়েছে ২ হাজার ৯০ দশমিক ৭৭ পয়েন্টে। তবে ডিএসই শরিয়াহ সূচক ১১ দশমিক ১৪ পয়েন্ট বা ১ দশমিক ০৪ শতাংশ কমে দাঁড়িয়েছে ১ হাজার ৬২ দশমিক ৯৪ পয়েন্টে। অন্যদিকে ডিএসইর এসএমই সূচক ৯৬ দশমিক ০১ পয়েন্ট বা ১০ দশমিক ৪০ শতাংশ বেড়ে ১ হাজার ১৮ দশমিক ৯২ পয়েন্টে পৌঁছেছে।

সপ্তাহজুড়ে ডিএসইতে দৈনিক গড় লেনদেন হয়েছে ৯৬৮ কোটি ৩৮ লাখটাকা। আগের সপ্তাহে এর পরিমাণ ছিল ৮০৮ কোটি ৭১ লাখ কা। সে হিসাবে দৈনিক গড় লেনদেন বেড়েছে ১৯ দশমিক ৭৪ শতাংশ। পাঁচ কার্যদিবসে মোট লেনদেন হয়েছে ৪ হাজার ৮৪১ কোটি ৯৩ লাখ টাকা, আগের সপ্তাহে যা ছিল ৪ হাজার ৪৩ কোটি ৫৮ লাখ টাকা।

এদিকে সপ্তাহ শেষে ডিএসইর বাজার মূলধন দাঁড়িয়েছে ৬ লাখ ৭০ হাজার ২৬৯ কোটি ৪৫ লাখ  টাকা। আগের সপ্তাহে এর পরিমাণ ছিল ৬ লাখ ৭৩ হাজার ৩৭২ কোটি ৩৩ লাখ টাকা। অর্থাৎ এক সপ্তাহে বাজার মূলধন কমেছে ০ দশমিক ৪৬ শতাংশ।

বাজারের সার্বিক চিত্রে দেখা যায়, সপ্তাহজুড়ে ১১৯টি প্রতিষ্ঠানের শেয়ার ও ইউনিটের দাম বেড়েছে। অপরিবর্তিত ছিল ৪২টির এবং কমেছে ২২০টির। এ ছাড়া ৩০টি প্রতিষ্ঠানের কোনো লেনদেন হয়নি।

 

  
    

মন্তব্যসমূহ বন্ধ করা হয়.