রাজধানীর গুলশান-১-এ অবস্থিত জাতীয় শুটিং কমপ্লেক্সে শুরু হয়েছে ‘ওপেন এয়ারগান টুর্নামেন্ট-২০২৬’। বাংলাদেশ শুটিং স্পোর্ট ফেডারেশনের (বিএসএসএফ) ব্যবস্থাপনায় বৃহস্পতিবার (২৬ নভেম্বর) টুর্নামেন্টের উদ্বোধন করা হয়।
উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে টুর্নামেন্টের উদ্বোধন ঘোষণা করেন যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী মো. আমিনুল হক। অনুষ্ঠানে বিশেষ অতিথি ও সভাপতির দায়িত্ব পালন করেন বাংলাদেশ সেনাবাহিনীর চিফ অব জেনারেল স্টাফ (সিজিএস) এবং বিএসএসএফের প্রেসিডেন্ট লেফটেন্যান্ট জেনারেল মোহাম্মদ মাইনুর রহমান।
প্রধান অতিথির বক্তব্যে মো. আমিনুল হক দেশের ক্রীড়াঙ্গনে শুটিংয়ের গৌরবোজ্জ্বল ইতিহাসের কথা স্মরণ করেন। তিনি বলেন, আন্তর্জাতিক অঙ্গনে বাংলাদেশের জন্য সবচেয়ে বেশি সাফল্য বয়ে আনা খেলাগুলোর মধ্যে শুটিং অন্যতম। তৃণমূল পর্যায় থেকে প্রতিভাবান শুটার তুলে আনতে এ ধরনের ওপেন টুর্নামেন্ট গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। শুটিংয়ের মানোন্নয়নে সরকারের পক্ষ থেকে সব ধরনের সহযোগিতা অব্যাহত থাকবে বলেও জানান তিনি।
সভাপতির বক্তব্যে লেফটেন্যান্ট জেনারেল মোহাম্মদ মাইনুর রহমান অংশগ্রহণকারী শুটার, কোচ ও কর্মকর্তাদের শুভেচ্ছা জানান। তিনি বলেন, সুশৃঙ্খল ও প্রতিযোগিতামূলক পরিবেশে এ টুর্নামেন্ট আয়োজনের মাধ্যমে জাতীয় ও উদীয়মান শুটাররা নিজেদের দক্ষতা যাচাইয়ের সুযোগ পাবেন। এটি আগামী দিনের আন্তর্জাতিক প্রতিযোগিতার প্রস্তুতিতেও সহায়ক হবে।
আগামী ২৯ নভেম্বর পর্যন্ত চলবে চার দিনের এ টুর্নামেন্ট। এতে দেশের বিভিন্ন রাইফেল ও শুটিং ক্লাবের উল্লেখযোগ্যসংখ্যক শুটার ও কর্মকর্তা অংশ নিচ্ছেন।
উদ্বোধনী অনুষ্ঠানে ফেডারেশনের কার্যনির্বাহী কমিটির সদস্য, আমন্ত্রিত অতিথি, ক্রীড়া সংগঠক ও গণমাধ্যমকর্মীরা উপস্থিত ছিলেন।



মন্তব্যসমূহ বন্ধ করা হয়.