পুঁজিবাজার সম্পর্কে বাস্তব জ্ঞান অর্জনে আইআইইউসির শিক্ষার্থীদের সিএসই পরিদর্শন

পুঁজিবাজার সম্পর্কে তাত্ত্বিক ও ব্যবহারিক জ্ঞান অর্জন এবং বিনিয়োগ বিষয়ে দক্ষতা বাড়ানোর লক্ষ্যে চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জ (সিএসই) পরিদর্শন করেছেন আন্তর্জাতিক ইসলামী বিশ্ববিদ্যালয় চট্টগ্রামের (আইআইইউসি) ব্যবসায় প্রশাসন অনুষদের শিক্ষার্থীরা।

গত ২৫ নভেম্বর ২০২৬, বুধবার চট্টগ্রামের আগ্রাবাদে সিএসইর কার্যালয়ে এ শিল্প পরিদর্শন অনুষ্ঠিত হয়। এ সময় সিএসইর প্রধান নিয়ন্ত্রক কর্মকর্তা মোহাম্মদ মাহাদি হাসান, সিএফএ শিক্ষার্থীদের উদ্দেশে বলেন, পুঁজিবাজারে বিনিয়োগের সঙ্গে ঝুঁকি সরাসরি সম্পৃক্ত। তাই বিনিয়োগের আগে ঝুঁকি সম্পর্কে ধারণা নেওয়া এবং তা ব্যবস্থাপনার জ্ঞান অর্জন করা জরুরি।

তিনি বলেন, অন্যের প্ররোচনায় বিনিয়োগ করে পরে শেখার চিন্তা পরিহার করতে হবে। বিনিয়োগের আগে প্রশিক্ষণ, কর্মশালা ও ডেমো ট্রেডিংয়ের মতো কার্যক্রমে অংশ নেওয়া প্রয়োজন। পাশাপাশি বিনিয়োগে বৈচিত্র্য আনতে হবে। শুধু সিকিউরিটিজ নয়, মিউচুয়াল ফান্ড ও বন্ডের মতো অন্যান্য বিনিয়োগপণ্য সম্পর্কেও ধারণা রাখতে হবে। মৌলভিত্তি বিশ্লেষণের ওপর গুরুত্ব দিয়ে তিনি বলেন, যারা বিনিয়োগের আগে এ ধরনের বিশ্লেষণকে গুরুত্ব দেন, তাদের পুঁজি হারানোর ঝুঁকি তুলনামূলক কম থাকে। স্বল্প সময়ে মুনাফার প্রত্যাশা না করে দীর্ঘমেয়াদি ও নিরাপদ বিনিয়োগের পরিকল্পনা নিয়ে বাজারে আসা উচিত। একই সঙ্গে বাজারসংশ্লিষ্ট তথ্য দ্রুত বিশ্লেষণ করে যথাযথ বিনিয়োগ সিদ্ধান্ত নেওয়ার দক্ষতা অর্জন করতে হবে।

অনুষ্ঠানে সিএসইর এজিএম ও অভ্যন্তরীণ নিরীক্ষা বিভাগের প্রধান বারাকাত শফি উপস্থিত ছিলেন। অধিবেশন পরিচালনা করেন সিএসইর প্রশিক্ষণ ও সচেতনতা বিভাগের প্রধান এম সাদেক আহমেদ। আইআইইউসির পক্ষে উপস্থিত ছিলেন অধ্যাপক মনির আহমেদ এবং সহকারী অধ্যাপক মো. আমজাদ হোসেন। অধ্যাপক মনির আহমেদ বলেন, বিনিয়োগের সিদ্ধান্ত নেওয়ার সময় বিভিন্ন ধরনের বিশ্লেষণ ও সাম্প্রতিক তথ্য বিবেচনায় নিতে হবে। নিয়ন্ত্রক সংস্থা, স্টক এক্সচেঞ্জ এবং পুঁজিবাজারসংশ্লিষ্ট বিষয়ে নিয়মিত হালনাগাদ থাকতে হবে। ব্যবসায় প্রশাসনের শিক্ষার্থী হিসেবে বিনিয়োগ, পুঁজিবাজার ও স্টক এক্সচেঞ্জ সম্পর্কে তাত্ত্বিক ও ব্যবহারিক জ্ঞান অর্জন জরুরি। এ জন্য নিয়মিত প্রশিক্ষণ, কর্মশালা ও বিনিয়োগবিষয়ক কার্যক্রমে অংশ নেওয়ার পরামর্শ দেন তিনি।

সহকারী অধ্যাপক মো. আমজাদ হোসেন বলেন, ভবিষ্যতে যারা বিনিয়োগকারী হতে চান, তাদের পুঁজিবাজারকে প্রভাবিত করতে পারে এমন সাম্প্রতিক তথ্য সম্পর্কে সচেতন থাকতে হবে। প্রাপ্ত তথ্য পর্যবেক্ষণ ও বিশ্লেষণের মাধ্যমে উপযুক্ত বিনিয়োগ সিদ্ধান্ত নেওয়ার সক্ষমতা গড়ে তুলতে হবে।

অনুষ্ঠানে বক্তারা বাংলাদেশের পুঁজিবাজারে প্রচলিত বিভিন্ন বিনিয়োগপণ্য, আর্থিক ব্যবস্থাপনা, বিনিয়োগ ঝুঁকি ও মুনাফা সম্পর্কে শিক্ষার্থীদের ধারণা দেন। পাশাপাশি ভবিষ্যতে দক্ষ বিনিয়োগকারী হিসেবে গড়ে উঠতে শিক্ষাজীবন থেকেই প্রয়োজনীয় জ্ঞান ও দক্ষতা অর্জনের ওপর গুরুত্বারোপ করেন। এ সময় কমোডিটি এক্সচেঞ্জ প্রতিষ্ঠার উদ্যোগ ও অগ্রগতি সম্পর্কেও শিক্ষার্থীদের অবহিত করা হয়। বক্তারা জানান, সিএসই নতুন বিনিয়োগ মাধ্যম হিসেবে কমোডিটি ডেরিভেটিভস বাজার চালুর প্রস্তুতি নিচ্ছে। এ লক্ষ্যে বাজারের প্রয়োজনীয় পরিবেশ ও অবকাঠামো গড়ে তোলার কাজ চলছে। এ বাজারের অন্যতম গুরুত্বপূর্ণ অংশীদার বিনিয়োগকারী হওয়ায় তাদের শিক্ষিত ও সচেতন করে তোলা জরুরি।

বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনের নির্দেশনা অনুযায়ী বিনিয়োগ শিক্ষার অংশ হিসেবে সিএসই নিয়মিত এ ধরনের পরিদর্শন, সেমিনার, কর্মশালা ও প্রশিক্ষণের আয়োজন করে আসছে। অনুষ্ঠানে এম সাদেক আহমেদ পুঁজিবাজারের সামগ্রিক কার্যক্রম ও ব্যবহারিক দিক নিয়ে একটি উপস্থাপনা দেন।

  
    

মন্তব্যসমূহ বন্ধ করা হয়.