বিদ্যুৎ বিল সংগ্রহে সম্মিলিত ইসলামী ব্যাংকের এক্সিম ব্যাংক ইউনিট ও ওজোপাডিকোর চুক্তি

পশ্চিমাঞ্চলের ২১ জেলার গ্রাহকদের বিদ্যুৎ বিল জমা নেওয়ার জন্য চুক্তি করেছে রাষ্ট্র মালিকানাধীন সম্মিলিত ইসলামী ব্যাংকের এক্সিম ব্যাংক ইউনিট ও ওয়েস্ট জোন পাওয়ার ডিস্ট্রিবিউশন কোম্পানি লিমিটেড (ওজোপাডিকো)।

বুধবার (২৫ নভেম্বর) সম্মিলিত ইসলামী ব্যাংকের প্রধান কার্যালয়ে এ চুক্তি স্বাক্ষরিত হয়। এর ফলে ওজোপাডিকোর আওতাধীন ২১ জেলার গ্রাহকরা এখন থেকে সম্মিলিত ইসলামী ব্যাংকের এক্সিম ব্যাংক ইউনিটের যেকোনো শাখায় বিদ্যুৎ বিল জমা দিতে পারবেন।

চুক্তিতে নিজ নিজ প্রতিষ্ঠানের পক্ষে স্বাক্ষর করেন সম্মিলিত ইসলামী ব্যাংকের মার্কেটিং বিভাগের প্রধান ও এক্সিকিউটিভ ভাইস প্রেসিডেন্ট শাহনাজ পারভীন এবং ওজোপাডিকোর কোম্পানি সচিব এমদাদুল হক।

অনুষ্ঠানে সম্মিলিত ইসলামী ব্যাংকের উপব্যবস্থাপনা পরিচালক এ এফ সাব্বির আহমেদ, ওজোপাডিকোর নির্বাহী পরিচালক (পরিচালন) জ্যোতিষ চন্দ্র রায়, নির্বাহী পরিচালক (অর্থ) নিতীশ চন্দ্র দত্ত, নির্বাহী প্রকৌশলী মো. রুহুল আমিন, উপমহাব্যবস্থাপক (হিসাব) মো. আব্দুল খালেক এবং সম্মিলিত ইসলামী ব্যাংকের আইটি বিভাগের প্রধান ও এক্সিকিউটিভ ভাইস প্রেসিডেন্ট মোহাম্মদ কামরুজ্জামান উপস্থিত ছিলেন।

ওজোপাডিকোর আওতাধীন জেলাগুলো হলো খুলনা, বাগেরহাট, সাতক্ষীরা, নড়াইল, যশোর, ঝিনাইদহ, মাগুরা, কুষ্টিয়া, মেহেরপুর, চুয়াডাঙ্গা, ফরিদপুর, রাজবাড়ী, মাদারীপুর, শরীয়তপুর, গোপালগঞ্জ, বরিশাল, ঝালকাঠি, পিরোজপুর, পটুয়াখালী, বরগুনা ও ভোলা।

  
    

মন্তব্যসমূহ বন্ধ করা হয়.