শিশুদের নিরাপত্তায় সরকারি-বেসরকারি সমন্বয়ের তাগিদ রাষ্ট্রপতির

শিশুদের বিরুদ্ধে অপরাধ প্রতিরোধ এবং তাদের নিরাপদ শৈশব নিশ্চিত করতে সরকারি-বেসরকারি প্রতিষ্ঠানসহ সংশ্লিষ্ট সবাইকে সমন্বিতভাবে কাজ করার আহ্বান জানিয়েছেন রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

বৃহস্পতিবার (২৬ নভেম্বর) দুপুরে বঙ্গভবনে জিরো মিসিং চিলড্রেন ফাউন্ডেশনের একটি প্রতিনিধিদলের সঙ্গে সাক্ষাৎকালে তিনি এ আহ্বান জানান।

ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা সভাপতি সাদাত রহমানের নেতৃত্বে প্রতিনিধিদলটি রাষ্ট্রপতির সঙ্গে সাক্ষাৎ করে। এ সময় সংগঠনের সদস্যদের পাশাপাশি বিভিন্ন সময়ে নিখোঁজ হওয়া শিশুদের পরিবারের সদস্যরাও উপস্থিত ছিলেন। তারা শিশু অপহরণ ও নিখোঁজের ঘটনা, কন্যাশিশুদের সাইবার নিরাপত্তা এবং নিখোঁজ শিশুদের তদন্ত ও উদ্ধারে বিদ্যমান সমস্যাগুলো রাষ্ট্রপতির কাছে তুলে ধরেন।

সাদাত রহমান নিখোঁজ শিশুদের সন্ধান ও উদ্ধারে ফাউন্ডেশনের উদ্যোগ ‘মুন অ্যালার্ট’, শিশুদের অনলাইন নিরাপত্তায় ‘সাইবার টিনস’ এবং হেল্পলাইন ১৩২১৯-এর কার্যক্রম সম্পর্কে রাষ্ট্রপতিকে জানান। দেশব্যাপী মুন অ্যালার্ট কার্যকর করা, দীর্ঘদিন ধরে নিখোঁজ শিশুদের উদ্ধারে বিশেষ জাতীয় অভিযান পরিচালনা এবং অনলাইন নিরাপত্তা কার্যক্রম জোরদারে তারা রাষ্ট্রপতির সহযোগিতা চান।

রাষ্ট্রপতি নিখোঁজ শিশুদের পরিবারের সদস্যদের প্রতি গভীর সহানুভূতি প্রকাশ করেন। প্রতিনিধিদলের উত্থাপিত বিষয়গুলো সমাধানে সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে অবহিত করার আশ্বাস দেন তিনি।

শিশুদের উদ্ধার ও নিরাপত্তা নিশ্চিতে ফাউন্ডেশনের উদ্যোগের প্রশংসা করে রাষ্ট্রপতি এসব কার্যক্রমে আরও মানুষকে সম্পৃক্ত করার পাশাপাশি কাজের পরিধি বাড়ানোর ওপর গুরুত্ব দেন। এ ধরনের উদ্যোগকে প্রাতিষ্ঠানিক রূপ দেওয়া এবং সরকারি-বেসরকারি প্রতিষ্ঠানগুলোকে যুক্ত করে সমন্বিতভাবে কাজ করার আহ্বান জানান তিনি।

শিশুদের বিরুদ্ধে অপরাধ প্রতিরোধে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর আরও সক্রিয় ভূমিকার প্রয়োজনীয়তা তুলে ধরে রাষ্ট্রপতি সংশ্লিষ্ট কর্তৃপক্ষের সঙ্গে সমন্বয় জোরদারের তাগিদ দেন। এ বিষয়ে একটি বিশেষ সেল গঠনের প্রয়োজনীয়তার কথাও উল্লেখ করেন তিনি।

সাক্ষাৎকালে রাষ্ট্রপতি শিশুদের নিরাপত্তা ও সুরক্ষায় সম্মিলিত উদ্যোগের মাধ্যমে নিরাপদ শৈশব নিশ্চিত করার ওপর গুরুত্বারোপ করেন। এ সময় রাষ্ট্রপতির কার্যালয়ের সংশ্লিষ্ট সচিব উপস্থিত ছিলেন।

  
    

মন্তব্যসমূহ বন্ধ করা হয়.