শাহজাদপুরে আল-আরাফাহ্ ইসলামী ব্যাংকের এজেন্ট ব্যাংকিং মতবিনিময় সভা

প্রান্তিক জনগোষ্ঠীর কাছে শরীয়াহভিত্তিক আধুনিক ব্যাংকিং সেবা পৌঁছে দেওয়া, এজেন্ট ব্যাংকিং কার্যক্রম সম্প্রসারণ ও গ্রাহকসেবার মানোন্নয়নে সিরাজগঞ্জের শাহজাদপুরে মতবিনিময় সভা ও উঠান বৈঠক করেছে আল-আরাফাহ্ ইসলামী ব্যাংক পিএলসি।

বৃহস্পতিবার (২৬ নভেম্বর) শাহজাদপুরের পিপিডি ট্রাস্টের সেমিনার কক্ষে আয়োজিত সভায় শাহজাদপুর শাখার আওতাধীন ১৪টি এজেন্ট আউটলেটের মালিক, আউটলেটের ব্যাংক কর্মকর্তা এবং শাখার কর্মকর্তা-কর্মচারীরা অংশ নেন। সভায় প্রধান অতিথি ছিলেন ব্যাংকের উপব্যবস্থাপনা পরিচালক মো. আমিনুল ইসলাম ভূঁঞা। বিশেষ অতিথি ছিলেন সিনিয়র ভাইস প্রেসিডেন্ট ও এজেন্ট ব্যাংকিং বিভাগের প্রধান মো. মাইনুল ইসলাম। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন শাহজাদপুর শাখার ব্যবস্থাপক মো. মেসবাহুল মনির।

প্রধান অতিথির বক্তব্যে মো. আমিনুল ইসলাম ভূঁঞা বলেন, এজেন্ট ব্যাংকিংয়ের মাধ্যমে প্রত্যন্ত অঞ্চলের মানুষের কাছে শরীয়াহভিত্তিক আধুনিক ব্যাংকিং সেবা পৌঁছে দেওয়া হচ্ছে। এ কার্যক্রম আরও গতিশীল করতে নতুন গ্রাহক তৈরি, প্রবাসী আয় ব্যাংকিং চ্যানেলে আনা, মুদারাবা সঞ্চয় প্রকল্পে সাধারণ মানুষকে সম্পৃক্ত করা এবং গ্রাহকদের সঙ্গে নিয়মিত যোগাযোগ রাখার ওপর গুরুত্বারোপ করেন তিনি।

তিনি প্রতিটি আউটলেটকে গ্রাহকদের আস্থার প্রতিষ্ঠানে পরিণত করতে সময়মতো সেবা প্রদান, যথাযথ গ্রাহক পরিচিতি যাচাই (কেওয়াইসি) এবং গ্রাহকের তথ্যের গোপনীয়তা নিশ্চিত করার আহ্বান জানান।

বিশেষ অতিথি মো. মাইনুল ইসলাম এজেন্ট আউটলেটগুলো নির্ধারিত সময়ে খোলা রাখা, পর্যাপ্ত নগদ অর্থ ও নিরবচ্ছিন্ন নেটওয়ার্ক নিশ্চিত করা এবং ব্যাংকের ডিজিটাল সেবা সম্পর্কে গ্রাহকদের অবহিত করার পরামর্শ দেন।

সভায় এজেন্ট আউটলেটগুলোর কার্যক্রম পর্যালোচনার পাশাপাশি চলতি বছরের অবশিষ্ট সময়ে ব্যবসা সম্প্রসারণ ও গ্রাহকসেবার মানোন্নয়নে করণীয় নির্ধারণ করা হয়। উন্মুক্ত আলোচনায় এজেন্ট ও আউটলেট কর্মকর্তারা মাঠপর্যায়ের অভিজ্ঞতা, সম্ভাবনা ও চ্যালেঞ্জ তুলে ধরেন। ভালো কাজের স্বীকৃতি ও উৎসাহ দিতে প্রতি মাসে শ্রেষ্ঠ আউটলেট নির্বাচনের সিদ্ধান্তও নেওয়া হয়। পরে মুনাজাতের মাধ্যমে উঠান বৈঠক কর্মসূচির সমাপ্তি ঘোষণা করা হয়।

  
    

মন্তব্যসমূহ বন্ধ করা হয়.