প্রকৃতির বুকে শীতের আগমনী বার্তা স্পষ্ট হয়ে উঠেছে। হেমন্তের সন্ধ্যা ও রাতের বাতাসে হালকা শীত অনুভূত হচ্ছে। এমন সময়ে সমাজের সুবিধাবঞ্চিত মানুষের পাশে দাঁড়িয়েছে সামাজিক সংগঠন ‘সবার পাশে আমরা ফাউন্ডেশন’। কুড়িগ্রাম জেলার রাজারহাট উপজেলার বৈদ্যেরবাজার ইউনিয়নের সিংহীমারী গ্রামের প্রায় ১৪০টি সুবিধাবঞ্চিত পরিবারের মাঝে শীতবস্ত্র বিতরণ করেছে সংগঠনটি।
এদিকে শীতবস্ত্র পেয়ে স্বস্তি ফিরেছে স্থানীয় বয়োজ্যেষ্ঠ ও অসহায় মানুষদের। ৭৩ বছর বয়সী রাহেলা বেগম বলেন, বয়স হওয়ায় কাজ করার সামর্থ্য কমে গেছে। সংসারের অভাবে শীতের জন্য প্রয়োজনীয় গরম কাপড় কেনা সম্ভব হয় না। এমন সময় একটি সংগঠনের সদস্যরা কম্বল নিয়ে আমাদের পাশে দাঁড়িয়েছে। এতে আমাদের অনেক উপকার হয়েছে।
অন্যদিকে, পা হারানো ৬৮ বছর বয়সী মজু মিয়াও কৃতজ্ঞতা প্রকাশ করে বলেন, শীত এলে তার কষ্ট আরও বেড়ে যায়। ‘সবার পাশে আমরা ফাউন্ডেশন’র এই সহযোগিতা তার জন্য বড় পাওয়া।
২০০৭ সালে যাত্রা শুরু করা সংগঠনটি প্রায় দুই দশক ধরে বিভিন্ন মানবিক কাজ করে আসছে। শীতবস্ত্র বিতরণ ছাড়াও প্রতি রমজানে অসহায় পরিবারের কাছে ঈদের বাজার পৌঁছে দেওয়া, দুটি পরিবারকে স্বাবলম্বী করা, এতিম শিশুদের পড়াশোনার ব্যয় বহন, প্রাকৃতিক দুর্যোগে ত্রাণ সহায়তা এবং ঈদুল আজহায় মাংস বিতরণের মতো কার্যক্রম চালিয়ে যাচ্ছে তারা।
সংগঠনের মুখপাত্র মুহাম্মদ শফিকুল আশরাফ তুহিন জানান, তাদের লক্ষ্য শুধু সাময়িক সাহায্য নয়, মানুষের দীর্ঘমেয়াদি কষ্ট লাঘব করা।
সংগঠনের অন্যতম সদস্য কাওসার আহম্মেদ হুমায়ুন বলেন, বড় কোনো প্রতিষ্ঠানের সহায়তা ছাড়াই বন্ধু ও শুভাকাঙ্ক্ষীদের ছোট ছোট সহযোগিতা একত্রিত করে তারা এই কাজগুলো পরিচালনা করেন। তাদের সবচেয়ে বড় প্রাপ্তি হলো অসহায় পরিবারের মুখে হাসি ফুটে ওঠা।
শীত আসবে আবার চলেও যাবে। কিন্তু অসহায় মানুষের প্রতি দায়িত্ববোধ যেন ঋতুভিত্তিক না হয়- এমন বার্তাই দিচ্ছে ‘সবার পাশে আমরা ফাউন্ডেশন’র এই উদ্যোগ।



মন্তব্যসমূহ বন্ধ করা হয়.