ক্যাম্পাসের সার্বিক পরিস্থিতি ও শিক্ষার্থীদের নিরাপত্তার কথা বিবেচনায় নিয়ে অনির্দিষ্টকালের জন্য সব ধরনের ক্লাস ও পরীক্ষা বন্ধ ঘোষণা করেছে গোপালগঞ্জ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (গোবিপ্রবি)। আগামী ২২ নভেম্বর থেকে এ সিদ্ধান্ত কার্যকর হবে।
বৃহস্পতিবার (১৯ নভেম্বর) বিশ্ববিদ্যালয়ের ভারপ্রাপ্ত রেজিস্ট্রার ও রিজেন্ট বোর্ডের সচিব মো. মোরাদ হোসেন স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
বিজ্ঞপ্তিতে বলা হয়, বিশ্ববিদ্যালয়ের সার্বিক পরিস্থিতি বিবেচনায় শিক্ষার্থীদের নিরাপত্তার স্বার্থে পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত সব ক্লাস ও পরীক্ষা স্থগিত থাকবে।
এর আগে গত ১৭ নভেম্বর রিজেন্ট বোর্ডের ষষ্ঠ জরুরি সভায় ১৮ ও ১৯ নভেম্বর বিশ্ববিদ্যালয়ের ক্লাস ও পরীক্ষা বন্ধ রাখার সিদ্ধান্ত নেওয়া হয়েছিল। এবার সেই স্থগিতাদেশ অনির্দিষ্টকালের জন্য বাড়ানো হলো।
বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে বৃহস্পতিবার দুপুরে নিষিদ্ধ ছাত্রলীগের কয়েকজন নেতাকর্মীর মিছিল ও স্লোগান দেওয়ার ঘটনাকে কেন্দ্র করে উত্তেজনা তৈরি হয়। বেলা ২টার দিকে তারা বিশ্ববিদ্যালয়ের প্রধান ফটক দিয়ে প্রবেশ করে প্রশাসনিক ভবনের সামনে দিয়ে গোলচত্বর পর্যন্ত মিছিল করেন। এ সময় ‘জয় বাংলা’, ‘জয় বঙ্গবন্ধু’সহ আওয়ামী লীগ নেতাদের নামে স্লোগান দেন তারা।
মিছিল থেকে বিশ্ববিদ্যালয়ের নাম পরিবর্তন করে ‘বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়’ করার দাবি জানানো হয়। পাশাপাশি সাত কর্মদিবসের মধ্যে দাবি বাস্তবায়ন না হলে তা কার্যকরের হুমকি দেওয়া হয়। বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন দপ্তরে বঙ্গবন্ধুর প্রতিকৃতি পুনঃস্থাপনের দাবিও জানান তারা।
এদিকে আওয়ামী লীগ ও এর সহযোগী সংগঠনগুলোর ডাকা লকডাউন কর্মসূচিকে কেন্দ্র করে বৃহস্পতিবার সকালে বিশ্ববিদ্যালয়ের প্রধান ফটকের কাছেও দেশীয় অস্ত্রসহ একটি মিছিলের খবর পাওয়া যায়।
এসব ঘটনার পর ক্যাম্পাসের নিরাপত্তা নিয়ে উদ্বেগ প্রকাশ করেন শিক্ষার্থীরা। তাদের অভিযোগ, ক্যাম্পাসে আনসার সদস্য ছাড়া আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর অন্য সদস্যদের দেখা যায়নি।



মন্তব্যসমূহ বন্ধ করা হয়.