কমোডিটি ডেরিভেটিভস এক্সচেঞ্জ চালুর প্রস্তুতি সম্পন্ন, প্রথম ধাপে লেনদেন হবে সোনা-রুপা-পাম অয়েলে

দেশের পুঁজিবাজারে নতুন দিগন্ত উন্মোচনে প্রথম কমোডিটি ডেরিভেটিভস এক্সচেঞ্জ চালুর প্রস্তুতি নিচ্ছে চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জ (সিএসই)। ইতোমধ্যে এ বাজারের প্রয়োজনীয় প্রযুক্তিগত অবকাঠামো ও নিয়ন্ত্রক কাঠামো সম্পন্ন হয়েছে। প্রাথমিকভাবে ছয়টি পণ্যকে দুই ধাপে লেনদেনের জন্য নির্বাচন করা হয়েছে। প্রথম ধাপে সোনা, রুপা ও অপরিশোধিত পাম অয়েল এবং দ্বিতীয় ধাপে ধান, ভুট্টা ও তুলা যুক্ত করার পরিকল্পনা রয়েছে।

বৃহস্পতিবার (১৯ নভেম্বর) রাজধানীর ক্রাউন প্লাজা হোটেলের সেলেস্টিয়াল বলরুমে ‘কমোডিটি ডেরিভেটিভস এক্সচেঞ্জ: আনলকিং আ নিউ ফিন্যান্সিয়াল মার্কেট স্ট্রাকচার’ শীর্ষক প্রি-লঞ্চিং ক্যাম্পেইনে এসব তথ্য জানানো হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিনিয়োগ ও পুঁজিবাজারবিষয়ক প্রধানমন্ত্রীর বিশেষ সহকারী তানভীর শাহরিয়ার গনি। বিশেষ অতিথি ছিলেন বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনের (বিএসইসি) চেয়ারম্যান মাসুদ খান।

অনুষ্ঠানে কমোডিটি এক্সচেঞ্জের প্রস্তুতি ও সম্ভাবনা তুলে ধরে সিএসইর ব্যবস্থাপনা পরিচালক এম সাইফুর রহমান মজুমদার বলেন, বাংলাদেশের প্রথম কমোডিটি এক্সচেঞ্জ চালুর প্রস্তুতি নিচ্ছে সিএসই। এরই মধ্যে প্রয়োজনীয় প্রযুক্তিগত অবকাঠামো ও নিয়ন্ত্রক কাঠামো সম্পন্ন হয়েছে। প্রাথমিকভাবে ছয়টি পণ্যকে দুই ধাপে লেনদেনের জন্য নির্বাচন করা হয়েছে।

তিনি বলেন, প্রস্তাবিত কমোডিটি এক্সচেঞ্জের মাধ্যমে পণ্যের মূল্যঝুঁকি নিয়ন্ত্রণ, বাজারে স্বচ্ছতা বৃদ্ধি এবং ঝুঁকি ব্যবস্থাপনা জোরদার করা সম্ভব হবে। একই সঙ্গে ব্রোকার, বিনিয়োগকারীসহ বাজারের সংশ্লিষ্ট অংশগ্রহণকারীদের জন্য নতুন ব্যবসায়িক সুযোগ তৈরি হবে।

উপস্থাপনায় বাংলাদেশের অর্থনৈতিক পরিস্থিতি, আমদানিনির্ভরতা, দেশীয় উৎপাদন ও ভোগের পরিমাণ এবং বিভিন্ন পণ্যের বাজারমূল্যের ওঠানামার বিষয়গুলো তুলে ধরা হয়।

অনুষ্ঠানে বিএসইসি চেয়ারম্যান মাসুদ খান বলেন, বাংলাদেশের পুঁজিবাজার ঐতিহ্যগতভাবে শেয়ারনির্ভর। শুধু শেয়ার লেনদেনের ওপর নির্ভর করে একটি বাজারের দীর্ঘমেয়াদি বিকাশ সম্ভব নয়। কমোডিটি ডেরিভেটিভস চালুর মাধ্যমে পুঁজিবাজারের পরিধি বাড়বে এবং সোনা, রুপা ও পাম অয়েলের জন্য একটি মানদণ্ডভিত্তিক মূল্য নির্ধারণের সুযোগ তৈরি হবে।

তিনি বলেন, প্রাথমিকভাবে এসব পণ্যের লেনদেন নগদ নিষ্পত্তি (ক্যাশ সেটেলমেন্ট) পদ্ধতিতে শুরু হবে। তবে নতুন বাজারের সফলতা নির্ভর করবে বিনিয়োগকারীদের শিক্ষা ও সচেতনতা বৃদ্ধি, শক্তিশালী মার্কেট মেকার তৈরি এবং ব্রোকারদের প্রয়োজনীয় প্রস্তুতির ওপর। ডেরিভেটিভস বাজার চালু হলেই দ্রুত বড় লেনদেন শুরু হবে, এমন প্রত্যাশা করা ঠিক হবে না। এ বাজারের বিকাশে দীর্ঘমেয়াদি পরিকল্পনা, ধৈর্য ও ধারাবাহিক প্রচেষ্টা প্রয়োজন। বাজারের টেকসই উন্নয়নে বিএসইসি ও সরকার প্রয়োজনীয় সহযোগিতা দেবে।

এদিকে কমোডিটি ডেরিভেটিভস বাজারের উন্নয়ন ও আন্তর্জাতিক অভিজ্ঞতা বিনিময়ের লক্ষ্যে সংযুক্ত আরব আমিরাতের দুবাই গোল্ড অ্যান্ড কমোডিটিজ এক্সচেঞ্জের (ডিজিসিএক্স) সঙ্গে সমঝোতা স্মারক (এমওইউ) স্বাক্ষর করেছে সিএসই।

অনুষ্ঠানে ডিজিসিএক্সের ডেপুটি প্রধান নির্বাহী কর্মকর্তা নাগেন্দ্রকুমার এবং সিএসইর ব্যবস্থাপনা পরিচালক এম সাইফুর রহমান মজুমদার নিজ নিজ প্রতিষ্ঠানের পক্ষে এ সমঝোতা স্মারকে স্বাক্ষর করেন।

সমঝোতা স্মারকের মাধ্যমে দুই প্রতিষ্ঠানের মধ্যে পারস্পরিক সহযোগিতা, অভিজ্ঞতা বিনিময় এবং জ্ঞান ও প্রযুক্তিগত দক্ষতা আদান-প্রদানের সুযোগ তৈরি হবে। বিশেষ করে দুবাইয়ের কমোডিটি ডেরিভেটিভস বাজারের অভিজ্ঞতা ও সাফল্যের আলোকে বাজার উন্নয়ন এবং আন্তর্জাতিক উত্তম চর্চা অনুসরণে উভয় প্রতিষ্ঠান একযোগে কাজ করবে।

অনুষ্ঠানে সিএসইর চেয়ারম্যান একেএম হাবিবুর রহমান সমাপনী বক্তব্য দেন। তিনি বলেন, আন্তর্জাতিক পণ্যমূল্যের ওঠানামার কারণে বাংলাদেশের ব্যবসাপ্রতিষ্ঠানগুলো বিভিন্ন চ্যালেঞ্জের মুখোমুখি হচ্ছে। এ পরিস্থিতিতে কমোডিটি ডেরিভেটিভস এক্সচেঞ্জ প্রতিষ্ঠা গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে।

তিনি আরও বলেন, এ বাজার চালুর লক্ষ্যে প্রযুক্তিগত অবকাঠামো উন্নয়ন, বাজারের প্রস্তুতি এবং সংশ্লিষ্ট অংশীজনদের সম্পৃক্ত করার ক্ষেত্রে উল্লেখযোগ্য অগ্রগতি হয়েছে। এ উদ্যোগে সহযোগিতার জন্য আন্তর্জাতিক বক্তা এবং বিএসইসির প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন তিনি।

অনুষ্ঠানে ভারতের বিভিন্ন আর্থিক প্রতিষ্ঠান ও এক্সচেঞ্জের প্রতিনিধি, দুবাই গোল্ড অ্যান্ড কমোডিটিজ এক্সচেঞ্জ এবং ইন্দোনেশিয়া পাম অয়েল অ্যাসোসিয়েশনের প্রতিনিধিরা কমোডিটি বাজারের বিভিন্ন দিক নিয়ে বক্তব্য দেন।

এ সময় সিএসইর চেয়ারম্যান একেএম হাবিবুর রহমান, পরিচালক মেজর এমদাদুল ইসলাম, শাহজাদা মাহমুদ চৌধুরী, মোহাম্মদ নাসির উদ্দিন, অধ্যাপক ড. মো. সাইফুল ইসলাম, ফরিদা ইয়াসমিনসহ এক্সচেঞ্জটির ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

 

  
    

মন্তব্যসমূহ বন্ধ করা হয়.