স্থানীয় বাজারে তেজাবি সোনার (পাকা সোনা) দাম কমার পরিপ্রেক্ষিতে দেশের বাজারে আবারও কমানো হয়েছে সোনা ও রুপার দাম। এর মধ্যে সবচেয়ে ভালো মানের ২২ ক্যারেটের প্রতি ভরি সোনার দাম কমেছে ১০ হাজার ৯৬৫ টাকা। শুক্রবার (২০ নভেম্বর) সকাল ১০টা থেকে নতুন এ দাম কার্যকর হয়েছে।
শুক্রবার সকালে বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন (বাজুস) দাম কমানোর এ সিদ্ধান্ত জানায়। নতুন দাম অনুযায়ী, ভ্যাটসহ ২২ ক্যারেটের প্রতি ভরি সোনার দাম নির্ধারণ করা হয়েছে ২ লাখ ১ হাজার ১৪৫ টাকা।
এ ছাড়া ২১ ক্যারেটের প্রতি ভরি সোনার দাম ১০ হাজার ৪৩৯ টাকা কমিয়ে ১ লাখ ৯২ হাজার ১০৬ টাকা এবং ১৮ ক্যারেটের প্রতি ভরি সোনার দাম ৮ হাজার ৯৮১ টাকা কমিয়ে ১ লাখ ৬৪ হাজার ৯৮৭ টাকা নির্ধারণ করা হয়েছে। পাশাপাশি সনাতন পদ্ধতির প্রতি ভরি সোনার দাম ৭ হাজার ৩৪৮ টাকা কমিয়ে ১ লাখ ৩৪ হাজার ৮৩৬ টাকা করা হয়েছে।
এর আগে গত ১৯ নভেম্বর ২২ ক্যারেটের প্রতি ভরি সোনার দাম ৩ হাজার ২৬৬ টাকা কমিয়ে ২ লাখ ১২ হাজার ১১০ টাকা নির্ধারণ করা হয়েছিল। ওই দিন ২১ ক্যারেটের প্রতি ভরি সোনার দাম ছিল ২ লাখ ২ হাজার ৫৪৫ টাকা, ১৮ ক্যারেটের ১ লাখ ৭৩ হাজার ৯৬৮ টাকা এবং সনাতন পদ্ধতির সোনার দাম ছিল ১ লাখ ৪২ হাজার ১৮৪ টাকা।
সোনার পাশাপাশি কমানো হয়েছে রুপার দামও। নতুন সিদ্ধান্ত অনুযায়ী, ভ্যাটসহ ২২ ক্যারেটের প্রতি ভরি রুপার দাম ৩৫০ টাকা কমিয়ে ৩ হাজার ৩২ টাকা নির্ধারণ করা হয়েছে। এ ছাড়া ২১ ক্যারেটের প্রতি ভরি রুপার দাম ২৯১ টাকা কমিয়ে ২ হাজার ৯১৬ টাকা, ১৮ ক্যারেটের দাম ২৩৩ টাকা কমিয়ে ২ হাজার ৫০৮ টাকা এবং সনাতন পদ্ধতির রুপার দাম ১৭৫ টাকা কমিয়ে ১ হাজার ৯২৪ টাকা করা হয়েছে।
খাতসংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, এ নিয়ে চলতি বছর এখন পর্যন্ত দেশের বাজারে ১৪১ বার সোনার দাম সমন্বয় করা হয়েছে। এর মধ্যে ৬৫ দফা দাম বাড়ানো হয়েছে, আর কমানো হয়েছে ৭৬ দফা।
এর আগে গত ২৯ জানুয়ারি দেশের বাজারে সোনার সর্বোচ্চ দাম রেকর্ড করা হয়েছিল। ওই সময় ২২ ক্যারেটের প্রতি ভরি সোনার দাম ১৬ হাজার ২১৩ টাকা বাড়িয়ে ২ লাখ ৮৬ হাজার ১ টাকা নির্ধারণ করা হয়।



মন্তব্যসমূহ বন্ধ করা হয়.