চীনের প্রেসিডেন্ট শি জিনপিং ও রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের সঙ্গে নিজের ব্যক্তিগত সম্পর্কের প্রশংসা করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তাঁদের সঙ্গে সুসম্পর্ক দুই দেশের জনগণের জন্য ইতিবাচক ভূমিকা রাখছে বলে মন্তব্য করেছেন তিনি। তিন নেতার ঐতিহাসিক ত্রিপক্ষীয় বৈঠকের আগে বৃহস্পতিবার (১৯ নভেম্বর) এসব কথা বলেন ট্রাম্প।
চীনের প্রযুক্তি ও শিল্পনগরী শেনজেনে শি জিনপিংয়ের সঙ্গে বৈঠকে ট্রাম্প বলেন, দুই নেতার মধ্যে ‘অসাধারণ ব্যক্তিগত সম্পর্ক’ রয়েছে, যা উভয় দেশের জনগণের জন্য ভালো ফল বয়ে আনছে। এর আগে রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের সঙ্গেও বৈঠক করেন তিনি। পুতিনকে নিজের বন্ধু বলেও উল্লেখ করেন মার্কিন প্রেসিডেন্ট।
পরে তিন নেতার মধ্যে নজিরবিহীন ত্রিপক্ষীয় বৈঠক অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে। আন্তর্জাতিক রাজনীতিতে এই বৈঠককে বিশেষ গুরুত্ব দিয়ে দেখা হচ্ছে।
এদিকে চীনে এশীয় নেতাদের উদ্দেশে দেওয়া বক্তব্যে কৃত্রিম বুদ্ধিমত্তা বা এআই প্রযুক্তি নিয়ে সতর্ক আশাবাদ প্রকাশ করেন ট্রাম্প। তিনি বলেন, নতুন এই প্রযুক্তি ব্যবহারের ক্ষেত্রে সতর্কতা অবলম্বন করা প্রয়োজন।
যুক্তরাষ্ট্রে সাম্প্রতিক সময়ে বিভিন্ন প্রযুক্তিগত সেবা বিঘ্নিত হওয়ার ঘটনা নিয়েও কথা বলেন তিনি। ফক্স নিউজকে দেওয়া এক সাক্ষাৎকারে এসব ঘটনায় উদ্বিগ্ন মার্কিন নাগরিকদের আশ্বস্ত করে ট্রাম্প বলেন, ঘটনাগুলো বিচ্ছিন্ন। তাই এ নিয়ে অতিরিক্ত উদ্বিগ্ন হওয়ার প্রয়োজন নেই।
অন্যদিকে, উত্তর কোরিয়ার নেতা কিম জং উনের সঙ্গে শেনজেনে বৈঠকের সম্ভাবনার ইঙ্গিত দিয়েছিলেন ট্রাম্প। তবে বুধবার কিমকে নিজ দেশ উত্তর কোরিয়ায় দেখা যাওয়ায় তাঁর চীন সফরের সম্ভাবনা কমে এসেছে। ফলে ট্রাম্পের সঙ্গে সম্ভাব্য বৈঠক নিয়েও অনিশ্চয়তা তৈরি হয়েছে।



মন্তব্যসমূহ বন্ধ করা হয়.