এশিয়া-প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলে বাণিজ্য ও বিনিয়োগের বাধা কমিয়ে অবাধ অর্থনৈতিক সহযোগিতা বাড়ানোর আহ্বান জানিয়েছেন চীনের প্রেসিডেন্ট শি জিনপিং। একই সঙ্গে এ অঞ্চলের দেশগুলোর মধ্যে অর্থনৈতিক সম্পর্ক জোরদারে একটি মুক্ত বাণিজ্য অঞ্চল গড়ে তোলার ওপর গুরুত্ব দিয়েছেন তিনি।
বৃহস্পতিবার (১৯ নভেম্বর) চীনের শেনজেনে এশিয়া-প্রশান্ত মহাসাগরীয় অর্থনৈতিক সহযোগিতা (এপেক) জোটের ৩৩তম অর্থনৈতিক নেতাদের সম্মেলনের উদ্বোধনী অধিবেশনে দেওয়া বক্তব্যে এসব কথা বলেন শি জিনপিং।
চীনা প্রেসিডেন্ট বলেন, এশিয়া-প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলের অর্থনৈতিক অগ্রগতি ধরে রাখতে দেশগুলোর মধ্যে পারস্পরিক সহযোগিতা ও সংহতি বাড়াতে হবে। বাণিজ্য ও বিনিয়োগের পথে বিদ্যমান প্রতিবন্ধকতা দূর করার পাশাপাশি অর্থনৈতিক কর্মকাণ্ডে উন্মুক্ত পরিবেশ নিশ্চিত করা প্রয়োজন।
তিনি আরও বলেন, এ অঞ্চলের দেশগুলোর উন্নয়নের চাহিদা একেক রকম হলেও অন্তর্ভুক্তিমূলক উন্নয়ন ও পারস্পরিক সহযোগিতার মাধ্যমে একটি অভিন্ন সম্প্রদায় গড়ে তোলা সম্ভব। এ জন্য সম্মিলিত উদ্যোগ এবং উদ্ভাবননির্ভর অর্থনৈতিক অগ্রগতির ওপর জোর দেন তিনি।
সম্মেলনে আঞ্চলিক সহযোগিতা এগিয়ে নিতে ২ কোটি মার্কিন ডলার সহায়তার ঘোষণা দেন শি জিনপিং। এ ছাড়া শেনজেনে এশিয়া-প্রশান্ত মহাসাগরীয় সম্প্রদায়বিষয়ক একটি গবেষণাকেন্দ্র প্রতিষ্ঠার পরিকল্পনার কথাও জানান তিনি। ডিজিটাল প্রযুক্তি, আন্তসীমান্ত তথ্যপ্রবাহ, পরিচ্ছন্ন জ্বালানি এবং ক্ষুদ্র ও মাঝারি শিল্পের উন্নয়নেও সহযোগিতামূলক প্রতিষ্ঠান গড়ে তোলার কথা বলেন চীনা প্রেসিডেন্ট।
এদিকে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের প্রশাসনের বাড়তি শুল্ক আরোপ ও কঠোর বাণিজ্যনীতির প্রেক্ষাপটে শি জিনপিংয়ের বক্তব্যকে গুরুত্বপূর্ণ হিসেবে দেখা হচ্ছে। আঞ্চলিক দেশগুলোর সামনে চীনকে অবাধ বাণিজ্য ও স্থিতিশীল অর্থনৈতিক সহযোগিতার অংশীদার হিসেবে তুলে ধরার চেষ্টা করছেন তিনি।
শি জিনপিংয়ের মতে, এশিয়া-প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলের অর্থনৈতিক সমৃদ্ধি নিশ্চিত করতে মুক্ত বাণিজ্য, বিনিয়োগ, প্রযুক্তিগত উদ্ভাবন এবং অন্তর্ভুক্তিমূলক উন্নয়নের বিকল্প নেই।



মন্তব্যসমূহ বন্ধ করা হয়.