আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখা ও জননিরাপত্তা নিশ্চিত করতে ঢাকা, গাজীপুর, নারায়ণগঞ্জ ও ময়মনসিংহের বিভিন্ন এলাকায় ৪৪ প্লাটুন বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) মোতায়েন করা হয়েছে। বেসামরিক প্রশাসনকে সহায়তা এবং যেকোনো অনাকাঙ্ক্ষিত পরিস্থিতি মোকাবিলায় এসব সদস্য দায়িত্ব পালন করছেন।
এক বিজ্ঞপ্তিতে এ তথ্য নিশ্চিত করেছে বিজিবি। মোতায়েন করা বিজিবির মধ্যে ঢাকার মিরপুর, হেমায়েতপুর, সাভার ও আশুলিয়ার বিভিন্ন এলাকায় ২০ প্লাটুন রয়েছে। আশুলিয়ার ইউনুস কনভেনশন হল, কাঠগড়া, জিরাবো, হা-মীম গ্রুপ, মিডলার গ্রুপ ও জামগড়া এলাকায় তাদের দায়িত্ব দেওয়া হয়েছে।
গাজীপুরের চন্দ্রা, পল্লী বিদ্যুৎ, মৌচাক, কোনাবাড়ী, তেলিরচালা, কাশিমপুর, ভোগড়া বাইপাস, গাছা, সালনা ও বৈশয়া কুড়িবাড়ি এলাকায় মোতায়েন রয়েছেন ১৫ প্লাটুন বিজিবি সদস্য। এ ছাড়া নারায়ণগঞ্জের শিবু মার্কেট, কাঠেরপুল, জালকুড়ি, বিসিক শিল্পনগরী, চাষাড়া মোড়, কাঁচপুর সেতু ও শিমরাইল এলাকায় সাত প্লাটুন এবং ময়মনসিংহের ভালুকা ও ত্রিশালে দুই প্লাটুন বিজিবি সদস্য মোতায়েন করা হয়েছে।
বিজিবি সদস্যরা স্থানীয় প্রশাসন ও পুলিশের সঙ্গে সমন্বয় করে দায়িত্ব পালন করছেন। শিল্পাঞ্চলের সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে তারা সতর্কতা ও পেশাদারত্বের সঙ্গে কাজ করছেন বলে জানানো হয়েছে।
এদিকে মাঠপর্যায়ের পরিস্থিতি নিবিড়ভাবে পর্যবেক্ষণ এবং তাৎক্ষণিক তথ্য আদান-প্রদানের জন্য বিজিবি সদর দপ্তরে মনিটরিং সেল চালু রাখা হয়েছে। ড্রোন, বডি-ওর্ন ক্যামেরা ও ইমপ্রোভাইজড ডিভাইসের মাধ্যমে পাওয়া সরাসরি ভিডিওচিত্র সার্বক্ষণিক পর্যবেক্ষণ করা হচ্ছে।



মন্তব্যসমূহ বন্ধ করা হয়.