পুঁজিবাজারে এআইয়ের অপব্যবহার ঠেকাতে কঠোর হচ্ছে অস্ট্রেলিয়ার নিয়ন্ত্রক সংস্থা

পুঁজিবাজার ও আর্থিক খাতে কৃত্রিম বুদ্ধিমত্তার (এআই) ভুল ব্যবহার এবং স্বয়ংক্রিয় ব্যবস্থার কারণে বিনিয়োগকারী ও গ্রাহকদের ক্ষতি ঠেকাতে কঠোর নজরদারির উদ্যোগ নিয়েছে অস্ট্রেলিয়ার নিয়ন্ত্রক সংস্থা। ২০২৭ সালের কার্যক্রমে এ বিষয়টিকে অন্যতম অগ্রাধিকার হিসেবে নির্ধারণ করেছে দেশটির অস্ট্রেলিয়ান সিকিউরিটিজ অ্যান্ড ইনভেস্টমেন্টস কমিশন (এএসআইসি)। সংস্থাটি বলেছে, এআই বা স্বয়ংক্রিয় প্রযুক্তি ব্যবহার করলেও আর্থিক প্রতিষ্ঠানগুলো তাদের আইনি দায় এড়াতে পারবে না।

বুধবার (১৮ নভেম্বর) সিডনিতে অনুষ্ঠিত এএসআইসির বার্ষিক ফোরামে ২০২৭ সালের নয়টি নজরদারি অগ্রাধিকারের কথা তুলে ধরেন সংস্থাটির চেয়ারম্যান সারাহ কোর্ট। তার বক্তব্য অনুযায়ী, এআই, স্বয়ংক্রিয় সিদ্ধান্ত গ্রহণব্যবস্থা এবং চ্যাটবটের ভুল ব্যবহারে গ্রাহকদের বিভ্রান্ত করা, অনুপযুক্ত সিদ্ধান্ত নেওয়া কিংবা প্রয়োজনীয় সেবা থেকে বঞ্চিত করার বিষয়গুলো বিশেষভাবে পর্যবেক্ষণ করবে নিয়ন্ত্রক সংস্থাটি।

বিশেষ করে আর্থিক সেবা নিতে গিয়ে কোনো গ্রাহক প্রতারণার শিকার হলে, বিমার দাবি জানালে কিংবা আর্থিক সহায়তা চাইলে তাকে যেন মানুষের সঙ্গে সরাসরি কথা বলার সুযোগ দেওয়া হয়, সেটি নিশ্চিত করতে চায় এএসআইসি। প্রযুক্তিনির্ভর সেবায় মানবিক পর্যালোচনা ও সহায়তার ব্যবস্থা না থাকলে সংশ্লিষ্ট প্রতিষ্ঠানগুলোর বিরুদ্ধে নজরদারি বাড়ানো হবে।

এআইয়ের অপব্যবহারের পাশাপাশি আর্থিক প্রতিবেদন দাখিল, লাইসেন্সের শর্ত পালন এবং প্রয়োজনীয় নথি সংরক্ষণে ব্যর্থ প্রতিষ্ঠানগুলোর বিরুদ্ধেও ব্যবস্থা নেওয়ার পরিকল্পনা রয়েছে এএসআইসির। তবে বিচ্ছিন্ন কোনো ভুলের চেয়ে বারবার অনিয়ম করা কিংবা পদ্ধতিগতভাবে নিয়ম ভাঙা প্রতিষ্ঠানগুলোর ওপর বেশি গুরুত্ব দেবে সংস্থাটি।

সারাহ কোর্ট জানান, কোনো প্রতিষ্ঠান ভুল সংশোধনে দ্রুত পদক্ষেপ নিলে এবং নিয়ন্ত্রক সংস্থাকে সহযোগিতা করলে বিষয়টি বিবেচনায় নেওয়া হবে। অগ্রাধিকার তালিকায় কোনো বিষয় অন্তর্ভুক্ত করার অর্থ এই নয় যে, সংশ্লিষ্ট প্রতিটি ঘটনায় মামলা করা হবে।

এদিকে পুঁজিবাজারে বিনিয়োগকারীদের সুরক্ষায় নিয়ন্ত্রক সংস্থাটির সাম্প্রতিক কার্যক্রমের উদাহরণ হিসেবে কন্ট্রাক্ট ফর ডিফারেন্স (সিএফডি) খাতের অনিয়মের কথা তুলে ধরেন সারাহ কোর্ট। গত এক বছরে এ খাতের বিভিন্ন অনিয়মের ঘটনায় ৩০০ মিলিয়ন অস্ট্রেলীয় ডলারের বেশি জরিমানা আদায়ের তথ্য জানায় সংস্থাটি। পাশাপাশি নিয়ন্ত্রক পদক্ষেপের পর বিনিয়োগকারীদের প্রায় ৪০ মিলিয়ন অস্ট্রেলীয় ডলার ফেরত দেওয়া হয়েছে।

এর মধ্যে ইউনিয়ন স্ট্যান্ডার্ডের অস্ট্রেলীয় প্রতিষ্ঠানকে ১৫৬ দশমিক ৭ মিলিয়ন ডলার, ইউরোপএফএক্সকে ১১৪ দশমিক ১ মিলিয়ন ডলার এবং ট্রেডফ্রেডকে ২৯ দশমিক ৪ মিলিয়ন ডলার জরিমানা করেন দেশটির ফেডারেল আদালত। এসব প্রতিষ্ঠানের বিরুদ্ধে ২০১৮ থেকে ২০২০ সালের মধ্যে সংঘটিত অনিয়মের অভিযোগ ছিল।

এর আগে ২০২৩ সালে ক্যাপিটাল ডটকম, সিএমসি মার্কেটস, এইটক্যাপ, আইজি, পেপারস্টোন, স্যাক্সো মার্কেটস ও সিটি ইনডেক্স—এই সাতটি সিএফডি ব্রোকারের বিরুদ্ধে লিভারেজসংক্রান্ত নিয়ম ভঙ্গের অভিযোগ আনে এএসআইসি। ওই ঘটনায় বিনিয়োগকারীদের ৪ দশমিক ৩ মিলিয়ন অস্ট্রেলীয় ডলার ফেরত দেওয়া হয়েছিল।

উল্লেখ্য, ২০২৬ সালের ১ জুন এএসআইসির চেয়ারম্যান হিসেবে দায়িত্ব নেন সারাহ কোর্ট। এর আগে ২০২১ সাল থেকে তিনি সংস্থাটির ডেপুটি চেয়ারম্যানের দায়িত্ব পালন করেন।

 

  
    

মন্তব্যসমূহ বন্ধ করা হয়.