তৈরি পোশাকশিল্পের শ্রমিকদের জীবনযাত্রার ব্যয় ও বর্তমান অর্থনৈতিক পরিস্থিতি বিবেচনায় নিয়ে নতুন ন্যূনতম মজুরি ১৮ হাজার ৫৭৮ থেকে ২৪ হাজার ২০৪ টাকা নির্ধারণের প্রস্তাব দিয়েছে গবেষণা সংস্থা সেন্টার ফর পলিসি ডায়ালগ (সিপিডি)। সংস্থাটির মতে, শ্রমিকদের দারিদ্র্যসীমার ওপরে রাখা এবং সম্মানজনক জীবনযাপনের সুযোগ নিশ্চিত করতে এই মজুরি পরিসর বিবেচনায় নেওয়া প্রয়োজন।
বুধবার (১৮ নভেম্বর) রাজধানীর ধানমন্ডিতে সিপিডির কার্যালয়ে আয়োজিত ‘পোশাক খাতে ন্যায্য মজুরি ২০২৬: বিবেচ্য বিষয়সমূহ’ শীর্ষক মিডিয়া ব্রিফিংয়ে এ প্রস্তাব তুলে ধরা হয়।
ব্রিফিংয়ে সিপিডির হিসাব তুলে ধরে জানানো হয়, ২০২৩ সালে পোশাকশ্রমিকদের জন্য নির্ধারিত ১২ হাজার ৫০০ টাকার ন্যূনতম মজুরি মূল্যস্ফীতির সঙ্গে সমন্বয় করলে বর্তমানে এর পরিমাণ দাঁড়ায় ১৬ হাজার ৩৫১ টাকা। তবে চার সদস্যের একটি পরিবারকে দারিদ্র্যসীমার ওপরে রাখতে মাসে প্রয়োজন ১৮ হাজার ৫৭৮ টাকা। আর ন্যূনতম মর্যাদাপূর্ণ জীবন নিশ্চিত করতে প্রয়োজন ২৪ হাজার ২০৪ টাকা।
সিপিডি বলছে, নতুন মজুরি কাঠামো নির্ধারণের ক্ষেত্রে শ্রমিক ও মালিকপক্ষের আলোচনার পাশাপাশি বাস্তব জীবনযাত্রার ব্যয়, মূল্যস্ফীতি, উৎপাদনশীলতা এবং শিল্পের আর্থিক সক্ষমতা বিবেচনা করা জরুরি।
এ জন্য মজুরি নির্ধারণে তথ্য-উপাত্তভিত্তিক ও প্রমাণনির্ভর পদ্ধতি অনুসরণের ওপর গুরুত্ব দিয়েছে সংস্থাটি। তাদের সুপারিশ, শ্রমিকদের ন্যায্য জীবনমান নিশ্চিত করার পাশাপাশি পোশাকশিল্পের সক্ষমতার বিষয়টিও বিবেচনায় রেখে নতুন মজুরি কাঠামো চূড়ান্ত করতে হবে।



মন্তব্যসমূহ বন্ধ করা হয়.