দেশের উন্নয়ন কার্যক্রমে নতুন গতি আনতে ২১টি নতুন ও সংশোধিত প্রকল্প নিয়ে জাতীয় অর্থনৈতিক পরিষদের নির্বাহী কমিটির (একনেক) সভা বসেছে। বুধবার (১৮ নভেম্বর) সকাল সাড়ে ১০টায় সচিবালয়ে প্রধানমন্ত্রী তারেক রহমানের সভাপতিত্বে এ সভা শুরু হয়। এতে নতুন ও সংশোধিত প্রকল্পের পাশাপাশি আগে অনুমোদিত ১৪টি প্রকল্পের বাস্তবায়ন অগ্রগতি ও সংশোধনী প্রস্তাব পর্যালোচনা করা হচ্ছে।
পরিকল্পনা বিভাগের এনইসি-একনেক ও সমন্বয় অনুবিভাগ থেকে প্রকাশিত সভার নোটিশে এ তথ্য জানানো হয়েছে। ২০২৬-২৭ অর্থবছরের এটি একনেকের সপ্তম সভা। সভায় কৃষি, পানিসম্পদ, পল্লী অবকাঠামো, সড়ক পরিবহন, শিক্ষা, স্বাস্থ্য, মৎস্য ও প্রাণিসম্পদসহ বিভিন্ন খাতের প্রকল্প নিয়ে আলোচনা হবে।
উন্নয়ন প্রকল্পের তালিকায় গ্রামীণ যোগাযোগব্যবস্থা ও অবকাঠামো সম্প্রসারণে বিশেষ গুরুত্ব দেওয়া হয়েছে। স্থানীয় সরকার বিভাগের অধীনে উপজেলা, ইউনিয়ন ও গ্রামীণ সড়কে দীর্ঘ সেতু নির্মাণের পাশাপাশি জয়পুরহাট, ফরিদপুর, রাজবাড়ী এবং সিলেট বিভাগের চার জেলায় গ্রামীণ অবকাঠামো উন্নয়নের প্রস্তাব রয়েছে।
পানিসম্পদ খাতেও একাধিক প্রকল্প নিয়ে আলোচনা হওয়ার কথা রয়েছে। দেশের বিভিন্ন নদী ও জলাশয় খনন, পুনঃখনন, পুনরুদ্ধার এবং নদীভাঙন প্রতিরোধের উদ্যোগের মধ্যে রয়েছে মেট্রো ঢাকা প্রকল্পের গোদনগরবাড়ী রিটেনশন পন্ড এবং তুরাগ নদী সুরক্ষা ও সংরক্ষণ প্রকল্প। এ ছাড়া জয়পুরহাট, বগুড়া ও গাইবান্ধা জেলার ক্ষুদ্রসেচ উন্নয়ন প্রকল্প, ঢাকায় জাতীয় নিরাপত্তা গোয়েন্দা সংস্থার প্রশিক্ষণ কেন্দ্র নির্মাণ, বাংলাদেশ বিমান বাহিনীর ঢাকায় আবাসিক সমস্যা নিরসনে অবকাঠামোগত উন্নয়ন এবং জয়পুরহাট সড়ক বিভাগের তিনটি জেলা মহাসড়ক যথাযথ মান ও প্রশস্ততায় উন্নীত করার প্রকল্প তালিকায় রয়েছে।
অন্যদিকে চলমান প্রকল্পের তালিকায় রয়েছে কুমিল্লার মুরাদনগর উপজেলার আর্চি ও বুড়ি নদী পুনঃখনন, কৃষি প্রশিক্ষণ ইনস্টিটিউট স্থাপন, জীবপ্রযুক্তির মাধ্যমে কৃষিবীজ উন্নয়ন ও বর্ধিতকরণ এবং মৎস্য ও প্রাণিসম্পদ খাতের বিভিন্ন প্রকল্প।
সভায় দেশের শিশু-কিশোরদের মাধ্যমিক পর্যায়ের শিক্ষার্থীদের জন্য নিরাপদ ইন্টারনেট ব্যবহার নিশ্চিতকরণ, খুলনা সড়ক জোনের আওতাধীন মহাসড়কে বিদ্যমান সেতুর স্থলে সেতু নির্মাণ এবং দুর্গম ও প্রত্যন্ত পর্যটন এলাকায় স্যাটেলাইট প্রযুক্তির মাধ্যমে মোবাইল নেটওয়ার্ক সেবা সম্প্রসারণের প্রকল্পও আলোচনায় আসবে।



মন্তব্যসমূহ বন্ধ করা হয়.