রংপুরের কারমাইকেল কলেজে চার্টার্ড সেক্রেটারি পেশার সম্ভাবনা ও ক্যারিয়ার গঠনের সুযোগ নিয়ে সেমিনার ও ক্যারিয়ার সেশন আয়োজন করেছে ইনস্টিটিউট অব চার্টার্ড সেক্রেটারিজ অব বাংলাদেশ (আইসিএসবি)।
বৃহস্পতিবার (১৫ অক্টোবর) সকাল ১০টায় কলেজের শতাব্দী ভবনে ‘চার্টার্ড সেক্রেটারি: চ্যালেঞ্জিং ও সম্ভাবনাময় পেশা’ শীর্ষক এ সেমিনার অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কারমাইকেল কলেজের উপাধ্যক্ষ অধ্যাপক মো. হাবিবুর রহমান। এতে সভাপতিত্ব করেন কলেজের ব্যবস্থাপনা বিভাগের প্রধান অধ্যাপক ড. উজ্জ্বল কুমার সাহা। তিনি স্বাগত বক্তব্যও দেন।
আইসিএসবির সভাপতি মোহাম্মদ শাহাজাহান, এফসিএস, সম্মানিত অতিথি হিসেবে বক্তব্য দেন এবং মূল প্রবন্ধ উপস্থাপন করেন। তিনি করপোরেট খাতে চার্টার্ড সেক্রেটারি পেশার ক্রমবর্ধমান চাহিদা ও সম্ভাবনা তুলে ধরেন। পাশাপাশি, চার্টার্ড সেক্রেটারি কোর্সের কাঠামো, পাঠ্যক্রম ও ভর্তির প্রক্রিয়া সম্পর্কে বিস্তারিত আলোচনা করেন। শিক্ষার্থীদের এ পেশায় যুক্ত হয়ে ভবিষ্যৎ গড়ার আহ্বান জানান তিনি।
অনুষ্ঠানে আইসিএসবির পরীক্ষা কমিটির চেয়ারম্যান মোহাম্মদ শফিকুল ইসলাম ভূঁইয়া, এফসিএস, এবং প্রতিষ্ঠানটির শিক্ষা বিভাগের পরিচালক কাজী আন্দালীব আমিন উপস্থিত ছিলেন।
বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন কারমাইকেল কলেজের শিক্ষক পরিষদের সম্পাদক অধ্যাপক মোরশেদ আহমেদ খান এবং হিসাববিজ্ঞান বিভাগের সহযোগী অধ্যাপক মো. ওয়াহেদুজ্জামান। তারা আইসিএসবির এ উদ্যোগের প্রশংসা করেন। একই সঙ্গে একাডেমিক ডিগ্রির পাশাপাশি পেশাগত যোগ্যতা অর্জন কীভাবে ক্যারিয়ারের অগ্রগতিতে ভূমিকা রাখে, তা তুলে ধরেন।
সেমিনারে বিপুলসংখ্যক শিক্ষার্থী অংশ নেন। উপস্থাপনা শেষে প্রশ্নোত্তর পর্বে শিক্ষার্থীরা বক্তাদের সঙ্গে সরাসরি মতবিনিময় করেন। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন ব্যবস্থাপনা বিভাগের সহকারী অধ্যাপক মো. রাফিউল আলম। ধন্যবাদ জ্ঞাপন ও আপ্যায়নের মধ্য দিয়ে অনুষ্ঠানের সমাপ্তি ঘটে।
অর্থসূচক/



মন্তব্যসমূহ বন্ধ করা হয়.