বাংলাদেশ ফিনটেক অ্যাওয়ার্ড ২০২৬-এ দুটি স্বীকৃতি পেয়েছে গার্ডিয়ান লাইফ ইন্স্যুরেন্স লিমিটেড। প্রতিষ্ঠানটি ‘ইন্স্যুরেন্স ইনোভেশন অ্যাওয়ার্ড’ অর্জন করেছে তাদের স্বয়ংক্রিয় বিমাদাবি নিষ্পত্তি ব্যবস্থার জন্য। পাশাপাশি, ‘গার্ডিয়ান অ্যাক্সিডেন্টাল কেয়ার’ উদ্যোগটি পেয়েছে সম্মানজনক স্বীকৃতি।
দ্রুত ও স্বচ্ছ প্রক্রিয়ায় বিমাদাবি নিষ্পত্তি এবং স্বল্পমেয়াদি দুর্ঘটনা বিমা সহজলভ্য করার মাধ্যমে খাতটির সেবা উন্নয়নে উদ্যোগ দুটি নিয়েছে গার্ডিয়ান।
প্রতিষ্ঠানটির স্বয়ংক্রিয় বিমাদাবি নিষ্পত্তি ব্যবস্থার মাধ্যমে দাবি জমা, যাচাই, মূল্যায়ন, অগ্রগতি পর্যবেক্ষণ ও নিষ্পত্তির সব ধাপ একটি সমন্বিত ডিজিটাল প্ল্যাটফর্মে যুক্ত করা হয়েছে। ফলে আগের তুলনায় দ্রুত দাবি নিষ্পত্তি করা সম্ভব হচ্ছে। একই সঙ্গে কাগজপত্রের ব্যবহার ও হাতে করা কাজ কমেছে। গ্রাহকেরা ডিজিটাল মাধ্যমেই নিজেদের দাবির অগ্রগতি জানতে পারছেন।
২০২৫ সালের আগস্ট থেকে ২০২৬ সালের আগস্ট পর্যন্ত গার্ডিয়ান ২ লাখ ৬১ হাজারের বেশি দাবি নিষ্পত্তি করেছে। এসব দাবির মোট আর্থিক মূল্য ৫৫৭ কোটি টাকার বেশি। এর মধ্যে ৪৩ হাজার ৩২টি দাবি জমা দেওয়ার দিনেই নিষ্পত্তি করা হয়েছে। এ ছাড়া, ৯৭ শতাংশ দাবি এক সপ্তাহের মধ্যে নিষ্পত্তি হয়েছে।
অন্যদিকে, ‘গার্ডিয়ান অ্যাক্সিডেন্টাল কেয়ার’ উদ্যোগের মাধ্যমে স্বল্পমেয়াদি দুর্ঘটনা বিমা আরও সাশ্রয়ী ও সহজলভ্য করা হয়েছে। কনসার্ট, সম্মেলনসহ বিভিন্ন অনুষ্ঠানে অংশগ্রহণকারীদের জন্য টিকিট বুকিং ও নিবন্ধন প্রক্রিয়ার সঙ্গে সরাসরি দুর্ঘটনা বিমা সুবিধা যুক্ত করেছে প্রতিষ্ঠানটি।
মাত্র ১০ টাকা থেকে শুরু হওয়া এ সেবায় ২৪ ঘণ্টার জন্য দুর্ঘটনাজনিত নির্ধারিত স্বাস্থ্য ও জীবন বিমা সুবিধার আওতায় সর্বোচ্চ ৫০ হাজার টাকা পর্যন্ত সুরক্ষা পাওয়া যায়।
এ স্বীকৃতি প্রসঙ্গে গার্ডিয়ান লাইফ ইন্স্যুরেন্স লিমিটেডের প্রধান নির্বাহী কর্মকর্তা শেখ রকিবুল করিম বলেন, তাদের লক্ষ্য বিমা সেবা সবার জন্য আরও সহজলভ্য ও নির্ভরযোগ্য করা। স্বয়ংক্রিয় বিমাদাবি নিষ্পত্তি ব্যবস্থার মাধ্যমে দাবি নিষ্পত্তির অভিজ্ঞতা সহজ করা হয়েছে। অন্যদিকে, গার্ডিয়ান অ্যাক্সিডেন্টাল কেয়ার দুর্ঘটনা বিমাকে সাশ্রয়ী করার একটি উদ্যোগ।
তিনি বলেন, এ ধরনের স্বীকৃতি উদ্ভাবনী বিমা সেবা চালু করতে উৎসাহ জোগায় এবং এ খাতে গ্রাহকের আস্থা বাড়াতে সহায়তা করে।
গার্ডিয়ানের মতে, বাংলাদেশ ফিনটেক অ্যাওয়ার্ড ২০২৬-এ এ স্বীকৃতি ডিজিটাল উদ্ভাবন ও গ্রাহকসেবার মান উন্নয়নে প্রতিষ্ঠানটির ধারাবাহিক প্রচেষ্টার প্রতিফলন। প্রযুক্তির মাধ্যমে বিমা সেবাকে আরও সহজ, নির্ভরযোগ্য ও মানুষের নাগালের মধ্যে নিয়ে আসতে কাজ করছে প্রতিষ্ঠানটি।
অর্থসূচক/



মন্তব্যসমূহ বন্ধ করা হয়.