স্কুল, কলেজ ও বিশ্ববিদ্যালয়ের ছাত্রীদের সাইবার সুরক্ষা এবং নিরাপদ ডিজিটাল লেনদেন সম্পর্কে সচেতন করতে ধারাবাহিক কর্মশালা আয়োজন করেছে পুলিশের অপরাধ তদন্ত বিভাগ (সিআইডি) ও মোবাইল আর্থিক সেবাদাতা প্রতিষ্ঠান বিকাশ। এসব কর্মশালায় ভিকারুননিসা নূন স্কুল অ্যান্ড কলেজ এবং ঢাকা বিশ্ববিদ্যালয়ের রোকেয়া ও শামসুন নাহার হলের ১ হাজার ১০০ ছাত্রী অংশ নেন।
রোববার (১১ অক্টোবর) পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
কর্মশালাগুলোতে ব্যক্তিগত তথ্যের সুরক্ষা, ডিজিটাল আর্থিক সেবায় প্রতারণা শনাক্ত এবং সাইবার ঝুঁকি মোকাবিলার বিভিন্ন কৌশল তুলে ধরেন সিআইডির সাইবার পুলিশ সেন্টার ও বিকাশের বহিঃসম্পর্ক বিভাগের কর্মকর্তারা।
এতে মোবাইল আর্থিক সেবা ব্যবহারের নিরাপদ নিয়ম, পিন ও এককালীন পাসওয়ার্ড (ওটিপি) গোপন রাখা, লোভনীয় অফারের নামে পাঠানো প্রতারণামূলক লিংক শনাক্ত এবং প্রতারণার শিকার হলে দ্রুত আনুষ্ঠানিক মাধ্যমে অভিযোগ জানানোর পদ্ধতি নিয়ে আলোচনা করা হয়। পাশাপাশি ইন্টারনেটে কোনো তথ্য বা খবর শেয়ার করার আগে তা যাচাই করে গুজব প্রতিরোধে সচেতন থাকার পরামর্শ দেন বিশেষজ্ঞরা।
ধারাবাহিক কর্মসূচির প্রথম কর্মশালাটি অনুষ্ঠিত হয় ভিকারুননিসা নূন স্কুল অ্যান্ড কলেজে। এতে প্রতিষ্ঠানটির প্রায় ৬৫০ ছাত্রী অংশ নেন। কর্মশালায় সাইবার পুলিশ সেন্টার, সিআইডির অতিরিক্ত উপমহাপরিদর্শক মো. জাহিদুল ইসলাম, বিপিএম-সেবা, সাইবার অপরাধের ধরন, ব্যক্তিগত তথ্যের নিরাপত্তা এবং প্রতারণা ও ঝুঁকি মোকাবিলার কৌশল নিয়ে আলোচনা করেন।
অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন সাইবার পুলিশ সেন্টার, সিআইডির উপমহাপরিদর্শক সানা শামিনুর রহমান। বিশেষ অতিথি ছিলেন বিকাশের নির্বাহী সহসভাপতি ও বহিঃসম্পর্ক বিভাগের প্রধান অবসরপ্রাপ্ত মেজর এ কে এম মনিরুল করিম।
পরবর্তী সময়ে ঢাকা বিশ্ববিদ্যালয়ের রোকেয়া ও শামসুন নাহার হলে পৃথক দুটি কর্মশালা অনুষ্ঠিত হয়। এতে মোট ৪৫০ ছাত্রী অংশ নেন। উভয় কর্মশালায় প্রধান অতিথি ছিলেন সাইবার পুলিশ সেন্টার, সিআইডির ভারপ্রাপ্ত উপমহাপরিদর্শক মো. সাইফউদ্দিন শাহীন।
কর্মশালা দুটিতে সভাপতিত্ব করেন যথাক্রমে রোকেয়া হলের প্রাধ্যক্ষ অধ্যাপক ড. হোসনে আরা বেগম এবং শামসুন নাহার হলের প্রাধ্যক্ষ অধ্যাপক ড. নাসরিন সুলতানা।
আয়োজকরা জানান, পর্যায়ক্রমে দেশের অন্যান্য শিক্ষাপ্রতিষ্ঠানেও এ ধরনের সচেতনতামূলক কর্মশালা আয়োজন করা হবে।
তাঁরা আরও জানান, নিরাপদ ডিজিটাল পরিবেশ গড়ে তুলতে ২০১৭ সাল থেকেই পুলিশ, গোয়েন্দা পুলিশ, সিআইডি ও পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশনের (পিবিআই) সদস্যদের পাশাপাশি দেশজুড়ে বিকাশের এজেন্টদের নিয়ে নিয়মিত সচেতনতামূলক কর্মশালা করে আসছে প্রতিষ্ঠানটি। এবার তরুণ শিক্ষার্থীদের সাইবার সুরক্ষা ও নিরাপদ লেনদেন সম্পর্কে সচেতন করতে বিশেষ উদ্যোগ নেওয়া হয়েছে। দেশের বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানে এ কার্যক্রম অব্যাহত থাকবে।
অর্থসূচক/



মন্তব্যসমূহ বন্ধ করা হয়.