জার্মান সংস্কৃতি উদযাপন এবং বাংলাদেশ ও জার্মানির মধ্যে দ্বিপক্ষীয় সম্পর্ক জোরদার করার লক্ষ্যে ঢাকায় ‘অক্টোবরফেস্ট ২০২৬’ আয়োজন করেছে বাংলাদেশ-জার্মান চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রি (বিজিসিসিআই)। শনিবার জার্মান দূতাবাসের সহযোগিতায় আয়োজিত এ অনুষ্ঠানে কূটনীতিক, ব্যবসায়ী নেতা, চেম্বারের সদস্য এবং জার্মান ও ইউরোপীয় সম্প্রদায়ের প্রতিনিধিরা অংশ নেন।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশে নিযুক্ত জার্মান রাষ্ট্রদূত ড. রুডিগার লটজ। বিশেষ অতিথি ছিলেন বাংলাদেশে নিযুক্ত ইউরোপীয় ইউনিয়নের রাষ্ট্রদূত মাইকেল মিলার।
আয়োজনের মধ্য দিয়ে বাংলাদেশ, জার্মানি ও ইউরোপের মধ্যে সাংস্কৃতিক বিনিময়, ব্যবসায়িক যোগাযোগ এবং পারস্পরিক সহযোগিতার গুরুত্ব তুলে ধরা হয়।
বিজিসিসিআইয়ের সভাপতি মো. রোকনুজ্জামান, এফসিএ তাঁর স্বাগত বক্তব্যে বাংলাদেশ ও জার্মানির মধ্যে বাণিজ্য, বিনিয়োগ এবং ব্যবসায়িক সহযোগিতা বাড়াতে চেম্বারের অঙ্গীকার পুনর্ব্যক্ত করেন।
জার্মান রাষ্ট্রদূত ড. রুডিগার লটজ তাঁর বক্তব্যে দুই দেশের সম্পর্ক আরও গভীর করতে সাংস্কৃতিক বিনিময় ও জনগণের মধ্যে পারস্পরিক যোগাযোগের গুরুত্ব তুলে ধরেন।
অনুষ্ঠানের আনুষ্ঠানিক পর্বে ফিতা কাটা ও ফলক উন্মোচন করা হয়। পাশাপাশি জার্মান ঐতিহ্য অনুসারে ‘প্রোস্ট’ বলে পানীয় পানের মাধ্যমে শুভেচ্ছা বিনিময় করেন অতিথিরা। পরে গ্যেটে-ইনস্টিটিউটের দলের পরিবেশনায় বাভারিয়ান সংস্কৃতিভিত্তিক অনুষ্ঠান উপভোগ করেন তাঁরা। এরপর নেটওয়ার্কিং ও নৈশভোজের আয়োজন করা হয়।
আয়োজক কমিটির চেয়ারম্যান আদনান মো. ইকবালের প্রারম্ভিক বক্তব্যের মধ্য দিয়ে অনুষ্ঠান শুরু হয়। বিজিসিসিআইয়ের সিনিয়র ভাইস প্রেসিডেন্ট মো. ফারুক খান অনুষ্ঠান সঞ্চালনা করেন। অনুষ্ঠানে ধন্যবাদ জ্ঞাপন করেন কো-চেয়ারম্যান কে. নাগারাজ।
বিজিসিসিআই জানিয়েছে, ‘অক্টোবরফেস্ট ২০২৬’-এর মাধ্যমে বাংলাদেশ ও জার্মানির মধ্যে বন্ধুত্ব জোরদার, ব্যবসাপ্রতিষ্ঠানগুলোর পারস্পরিক যোগাযোগ বৃদ্ধি এবং অর্থনৈতিক ও প্রাতিষ্ঠানিক সহযোগিতা সম্প্রসারণের অঙ্গীকার পুনর্ব্যক্ত করা হয়েছে।
জার্মান দূতাবাসের সহযোগিতায় আয়োজিত এ অনুষ্ঠান সাংস্কৃতিক উদ্যোগের মাধ্যমে বাণিজ্যিক সম্পর্ক এগিয়ে নেওয়া এবং দুই দেশের জনগণ ও ব্যবসায়ী সম্প্রদায়ের মধ্যে ঘনিষ্ঠ যোগাযোগ গড়ে তোলার সুযোগ তৈরি করেছে।
অর্থসূচক/



মন্তব্যসমূহ বন্ধ করা হয়.