পুঁজিবাজারে বুঝে-শুনে বিনিয়োগের পরামর্শ বিএএসএম মহাপরিচালকের

পুঁজিবাজারে আর্থিক ক্ষতি এড়াতে অন্যের পরামর্শ বা সিদ্ধান্ত অনুসরণ না করে নিজের হিসাব নিজে রেখে সচেতনভাবে বিনিয়োগ করার আহ্বান জানিয়েছেন বাংলাদেশ একাডেমি ফর সিকিউরিটিজ মার্কেটসের (বিএএসএম) মহাপরিচালক কামরুল আনাম খান। বিশেষ অতিথির বক্তব্যে তিনি বলেন, অর্থ যেহেতু নিজের, তাই বিনিয়োগের চূড়ান্ত সিদ্ধান্তও নিজেকেই নিতে হবে।

পুঁজিবাজারে বিনিয়োগের আগে ভালোভাবে যাচাই-বাছাই করা এবং অন্যের কথায় সিদ্ধান্ত না নেওয়ার পরামর্শ দিয়েছেন সংশ্লিষ্ট বিশেষজ্ঞরা। একই সঙ্গে বিনিয়োগকারীদের সুরক্ষায় ডিজিটাল প্রতারণা প্রতিরোধে সংশ্লিষ্ট সব পক্ষকে কার্যকর ভূমিকা পালনের আহ্বান জানিয়েছেন তাঁরা।

রোববার (১১ অক্টোবর) ‘বিশ্ব বিনিয়োগকারী সপ্তাহ-২০২৬’ উপলক্ষে বাংলাদেশ ইনস্টিটিউট অব ক্যাপিটাল মার্কেট (বিআইসিএম) ও বাংলাদেশ একাডেমি ফর সিকিউরিটিজ মার্কেটসের (বিএএসএম) যৌথ উদ্যোগে আয়োজিত এক সেমিনারে এসব কথা বলা হয়। বিআইসিএমের মাল্টিপারপাস হলে এ সেমিনার অনুষ্ঠিত হয়।

সেমিনারে ‘স্মার্ট ইনভেস্টিং: ইনভেস্টর অ্যাওয়ারনেস, মার্কেট ইন্টেগ্রিটি অ্যান্ড ফ্রড প্রিভেনশন’ শীর্ষক মূল প্রবন্ধ উপস্থাপন করেন বিআইসিএমের সহযোগী অধ্যাপক ফয়সাল আহমেদ খান।

ইন্টারন্যাশনাল অর্গানাইজেশন অব সিকিউরিটিজ কমিশনসের (আইওএসসিও) এবারের বিশ্ব বিনিয়োগকারী সপ্তাহের মূল প্রতিপাদ্য ‘বিনিয়োগকারীর স্থিতিস্থাপকতা, ডিজিটাল প্রতারণা ও প্রতারণা সতর্কতা’। এর বৈশ্বিক প্রচারণার স্লোগান ‘আপনার ভবিষ্যতে বিনিয়োগ করুন, আজই এটিকে সুরক্ষিত করুন’। এ প্রতিপাদ্যের সঙ্গে সামঞ্জস্য রেখে সেমিনারটির আয়োজন করা হয়।

বিআইসিএমের নির্বাহী প্রেসিডেন্ট ওয়াজিদ হাসান শাহের সভাপতিত্বে সেমিনারে বিশেষ অতিথি ছিলেন বিএএসএমের মহাপরিচালক কামরুল আনাম খান, এফসিএমএ এবং বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনের (বিএসইসি) নির্বাহী পরিচালক মোহাম্মদ শফিউল আজম।

বিশেষ অতিথির বক্তব্যে কামরুল আনাম খান বলেন, পুঁজিবাজারে সুচিন্তিতভাবে বুঝে-শুনে বিনিয়োগ করতে হবে। নিজের বিনিয়োগের হিসাব নিজেকেই রাখতে হবে। অন্যের কথায় বিনিয়োগের সিদ্ধান্ত নেওয়া ঠিক নয়। টাকা নিজের, তাই বিনিয়োগের সিদ্ধান্তও নিজের হওয়া উচিত। অন্যের সিদ্ধান্ত অনুসরণ করলে আর্থিক ক্ষতির মুখে পড়তে হতে পারে।

মোহাম্মদ শফিউল আজম বলেন, বিশ্ব বিনিয়োগকারী সপ্তাহের এবারের প্রতিপাদ্য বাংলাদেশের পুঁজিবাজারের জন্যও অত্যন্ত প্রাসঙ্গিক। বিনিয়োগকারীদের সুরক্ষায় সংশ্লিষ্ট অংশীজনদের প্রাথমিক পর্যায়েই প্রতারণা শনাক্ত করে তা বন্ধ করতে হবে। বাজারে প্রতারণা প্রতিরোধ করা গেলে বিনিয়োগকারীদের স্বার্থ সুরক্ষিত থাকবে।

সভাপতির বক্তব্যে ওয়াজিদ হাসান শাহ বলেন, দেশের শেয়ারবাজারে অনেকেই স্বল্প মেয়াদে বিনিয়োগ করে দ্রুত লাভবান হতে চান। কিন্তু পুঁজিবাজার দীর্ঘমেয়াদি বিনিয়োগের জায়গা। ভালো কোম্পানিতে দীর্ঘমেয়াদে বিনিয়োগ করলে ভালো ফল পাওয়ার সুযোগ রয়েছে।

সেমিনারে উপস্থাপিত প্রবন্ধের বিভিন্ন দিক নিয়ে বিস্তারিত আলোচনা করেন আলোচকরা। এ সময় বিআইসিএমের পরিচালক (প্রশাসন ও অর্থ) নাজমুছ সালেহীনসহ বিআইসিএম ও বিএএসএমের অনুষদ সদস্য, কর্মকর্তা এবং আমন্ত্রিত অতিথিরা উপস্থিত ছিলেন।

অর্থসূচক/

  
    

মন্তব্যসমূহ বন্ধ করা হয়.