ইয়েমেনের হুথি বিদ্রোহীদের বিরুদ্ধে সামরিক হামলায় যুক্তরাষ্ট্রের আরও সক্রিয়ভাবে অংশ নেওয়ার বিষয়টি বিবেচনা করছেন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। সৌদি আরবের রিয়াদে বাদশা খালিদ বিমানবন্দরে ভয়াবহ ক্ষেপণাস্ত্র হামলার পর নিজের অবস্থান পরিবর্তনের ইঙ্গিত দিয়েছেন তিনি।
হুথিদের ওই হামলায় ১২ জন নিহত ও ৩০৯ জন আহত হয়েছেন। নিহতদের মধ্যে একজন মার্কিন নাগরিক ও দুইজন বাংলাদেশি রয়েছেন। এ ছাড়া অন্যান্য দেশের নাগরিকরাও হতাহত হয়েছেন।
সৌদি সমর্থিত সামরিক জোট ও হুথিদের মধ্যে প্রায় দুই মাস ধরে হামলা-পাল্টা হামলার ঘটনা ঘটলেও এত দিন এতে সরাসরি জড়াতে অনাগ্রহ প্রকাশ করেছিলেন ট্রাম্প।
তবে গতকালের হামলার পর যুক্তরাষ্ট্র হুথিদের বিরুদ্ধে লড়াইয়ে আরও সক্রিয়ভাবে অংশ নেবে কি না, এমন প্রশ্নের জবাবে ট্রাম্প বলেন, “সম্ভবত, আমরা বিষয়টি দেখছি। আমরা মাত্র সাম্প্রতিক হামলার ব্যাপারে জানতে পেরেছি। তো বিষয়টি বিবেচনা করে আমরা সিদ্ধান্ত নেব। আমরা দ্রুতই পদক্ষেপ নেব।”
এ সময় ট্রাম্প জানান, সৌদি আরবের ক্রাউন প্রিন্স ও প্রধানমন্ত্রী মোহাম্মদ বিন সালমানের সঙ্গে তিনি কথা বলবেন।
পরে অপর এক সাংবাদিক যুক্তরাষ্ট্র হুথিদের বিরুদ্ধে হামলায় যোগ দেবে কি না, জানতে চাইলে ট্রাম্প বলেন, “আমরা এটি দেখব।”
এদিকে গতকালের হামলার পর সৌদি আরবের আকাশসীমা নিয়ে নিষেধাজ্ঞার ঘোষণা দিয়েছে হুথিরা। তারা জানিয়েছে, মক্কা ও মদিনাগামী বিমান ছাড়া অন্য কোনো বিমান সৌদি আরবের আকাশসীমায় প্রবেশ করলে হামলার শিকার হতে পারে।
অর্থসূচক/



মন্তব্যসমূহ বন্ধ করা হয়.