মার্কিন বন্ডবাজারে সতর্ক সংকেত, ঝুঁকিপূর্ণ বন্ডে নজরদারির পরামর্শ বিশ্লেষকদের
যুক্তরাষ্ট্রের ঝুঁকিপূর্ণ করপোরেট বন্ডের বাজারে উদ্বেগ বাড়ছে। এসব বন্ডে বিনিয়োগের ঝুঁকি বেড়ে যাওয়ায় বিনিয়োগকারীরা এখন তুলনামূলক বেশি মুনাফা দাবি করছেন। তবে এখনই এ বাজার থেকে সরে যাওয়ার সময় হয়নি বলে মনে করছেন বিশ্লেষকেরা। তাঁদের মতে, পরিস্থিতি পর্যবেক্ষণের পাশাপাশি সম্ভাব্য ঝুঁকির সংকেতগুলোতে নজর রাখা জরুরি।
শুক্রবার (৯ অক্টোবর) প্রকাশিত এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে সিএনবিসি। এতে বলা হয়, উচ্চ মুনাফার বন্ডের গড় মুনাফার হার এক মাস আগে ৭ দশমিক ২২ শতাংশ থাকলেও বর্তমানে তা বেড়ে ৮ দশমিক ১ শতাংশে দাঁড়িয়েছে। জ্বালানির উচ্চমূল্যের কারণে মূল্যস্ফীতির আশঙ্কা এবং যুক্তরাষ্ট্রের বাজেট ঘাটতি নিয়ে উদ্বেগ এ বৃদ্ধিতে ভূমিকা রাখছে। গত ৩০ সেপ্টেম্বর শেষ হওয়া অর্থবছরে দেশটির বাজেট ঘাটতি প্রায় ২ ট্রিলিয়ন ডলারে পৌঁছেছে।
এদিকে, ঝুঁকিপূর্ণ করপোরেট বন্ড ও সমপরিপক্ব মার্কিন সরকারি বন্ডের মুনাফার হারের ব্যবধানও বেড়েছে। গত এপ্রিলের পর এ ব্যবধান সর্বোচ্চ পর্যায়ে পৌঁছেছে। বর্তমানে উচ্চ মুনাফার বন্ডের বাজারে এ ব্যবধান ৩১৫ ভিত্তি পয়েন্ট, যা এক বছর আগের তুলনায় বেশি। তবে গত মার্চে এটি ৩৪৬ ভিত্তি পয়েন্টে উঠেছিল।
মুনাফার হারের এ ব্যবধানকে ঋণঝুঁকির একটি গুরুত্বপূর্ণ সূচক হিসেবে বিবেচনা করা হয়। ব্যবধান বাড়লে বোঝা যায়, করপোরেট বন্ডে বিনিয়োগের ঝুঁকি নিতে বিনিয়োগকারীরা অতিরিক্ত মুনাফা চাইছেন।
স্টেট স্ট্রিট ইনভেস্টমেন্ট ম্যানেজমেন্টের প্রধান বিনিয়োগ কৌশলবিদ মাইকেল অ্যারোনের মতে, উচ্চ মুনাফার বন্ডের বাজার এখন সতর্ক সংকেত দিচ্ছে, তবে পরিস্থিতি এখনো গুরুতর পর্যায়ে যায়নি।
তিনি বলেন, সুদের হার বাড়ার সঙ্গে সঙ্গে ঋণঝুঁকির জন্য বিনিয়োগকারীদের বেশি মুনাফা দাবি করাটা স্বাভাবিক। তবে মূল প্রশ্ন হলো, বাজারে শুধু সুদের হারের ঝুঁকির পুনর্মূল্যায়ন হচ্ছে, নাকি ঋণগ্রহীতা প্রতিষ্ঠানগুলোর আর্থিক সক্ষমতা নিয়েও নতুন করে উদ্বেগ তৈরি হচ্ছে।
অ্যারোনের মতে, কোম্পানিগুলোর আয় এখনো বাড়ছে এবং সুদ পরিশোধের সক্ষমতাও ভালো অবস্থায় রয়েছে। খেলাপির হার কিছুটা বাড়লেও তা এখনো উদ্বেগজনক পর্যায়ে পৌঁছায়নি। তবে ঐতিহাসিক বিবেচনায় বন্ডের মুনাফার হারের ব্যবধান এখনো তুলনামূলক কম থাকায় বাজারে বড় ধরনের পরিবর্তনের জন্য খুব বেশি সুযোগ নেই।
মরগান স্ট্যানলির স্থির আয়বিষয়ক কৌশলবিদ কেলি গেরিটির মতে, সামগ্রিকভাবে উচ্চ মুনাফার বন্ডের বাজারের মৌলিক অবস্থা এখনো ভালো। বর্তমানে বাজারের ৬০ শতাংশের বেশি বন্ডের মান বিবিবি নয়, বরং বিবি শ্রেণির—যা তুলনামূলকভাবে ভালো মানের। ২০০৮ সালের বৈশ্বিক আর্থিক সংকটের আগে এ ধরনের বন্ডের অংশ ছিল প্রায় ৩৮ শতাংশ।
তবে সবচেয়ে নিম্নমানের বন্ডগুলোতে ঝুঁকি বেশি। সিসিসি বা তার নিচের শ্রেণির বন্ডের মুনাফার ব্যবধান বেড়ে প্রায় ১ হাজার ২৫০ ভিত্তি পয়েন্টে দাঁড়িয়েছে। এ ধরনের বন্ডে ঋণ পরিশোধে ব্যর্থ হওয়ার আশঙ্কা তুলনামূলক বেশি।
চার্লস শোয়াব সেন্টার ফর ফাইন্যান্সিয়াল রিসার্চের স্থির আয়বিষয়ক গবেষণা ও কৌশল বিভাগের প্রধান কলিন মার্টিন বলেন, নিম্নমানের বন্ডে মুনাফার ব্যবধান বাড়লেও তা এখনো পুরো ঋণবাজারে ছড়িয়ে পড়েছে—এমন প্রমাণ নেই। তাঁর মতে, বর্তমানে বাজারে যে চাপ দেখা যাচ্ছে, তা মূলত বেশি ঝুঁকিপূর্ণ বন্ডের মধ্যেই সীমাবদ্ধ।
বিশ্লেষকদের মতে, উচ্চ মুনাফার বন্ডের সামগ্রিক বাজারে মুনাফার ব্যবধান দ্রুত বাড়তে শুরু করলে সেটি হবে বড় ধরনের সতর্ক সংকেত। বিশেষ করে তুলনামূলক ভালো মানের বিবি শ্রেণির বন্ডেও ঝুঁকি বাড়তে থাকলে পরিস্থিতি নতুন করে মূল্যায়ন করতে হবে।
বর্তমানে বিবি শ্রেণির বন্ডের মুনাফার ব্যবধান ১৯৪ ভিত্তি পয়েন্ট, যা এক বছর আগে ছিল ১৭৯ ভিত্তি পয়েন্ট। এ ব্যবধান আরও বাড়তে থাকলে তুলনামূলক শক্তিশালী কোম্পানিগুলোর ঋণ পরিশোধের সক্ষমতা নিয়ে উদ্বেগ তৈরি হতে পারে।
ফেডারেটেড হার্মিসের বৈশ্বিক স্থির আয়বিষয়ক প্রধান বিনিয়োগ কর্মকর্তা আর জে গ্যালো বলেন, যুক্তরাষ্ট্রের কেন্দ্রীয় ব্যাংক মূল্যস্ফীতি নিয়ন্ত্রণে সুদের হার বাড়ালেও অর্থনৈতিক প্রবৃদ্ধি এখনো ভালো রয়েছে। প্রবৃদ্ধি বজায় থাকলে কোম্পানিগুলোর আয়, নগদ অর্থপ্রবাহ ও মুনাফা ভালো থাকার কথা। ফলে শুধু সুদের হার বৃদ্ধির কারণে উচ্চ মুনাফার বন্ডের বাজারে বড় ধরনের বিপর্যয় হওয়ার আশঙ্কা কম।
তবে দীর্ঘ সময় ধরে তেলের দাম বেশি থাকা এবং কেন্দ্রীয় ব্যাংকের ধারাবাহিকভাবে সুদের হার বাড়ানোর পরিস্থিতিতে ঝুঁকি বাড়তে পারে। অর্থনীতি তীব্র মন্দার দিকে গেলে এ বাজারে মুনাফার ব্যবধান দ্রুত বেড়ে যাওয়ার আশঙ্কা রয়েছে।
বিশ্লেষকদের পরামর্শ, বিনিয়োগকারীদের উচিত বন্ডের মান ও সংশ্লিষ্ট প্রতিষ্ঠানের আর্থিক সক্ষমতা বিবেচনা করে বিনিয়োগ করা। আপাতত বাজারে সতর্ক থাকার প্রয়োজন থাকলেও সামগ্রিক ঋণবাজারে বড় সংকট তৈরি হয়েছে—এমন সিদ্ধান্তে পৌঁছানোর সময় এখনো আসেনি।



মন্তব্যসমূহ বন্ধ করা হয়.