দেশের ২০ হাজার বিদ্যালয়ের ষষ্ঠ থেকে দশম শ্রেণির তিন লাখ মেধাবী ছাত্রীকে বাইসাইকেল উপহার দেওয়ার উদ্যোগ নিয়েছে সরকার। শিক্ষার্থীদের জন্য কেনা বাইসাইকেলের নমুনা নিজে চালিয়ে পরীক্ষা করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।
বুধবার (২৫ নভেম্বর) সচিবালয়ে প্রধানমন্ত্রীর কার্যালয়ের নিচে কয়েক ধরনের বাইসাইকেল চালিয়ে দেখেন তিনি। এ সময় ছাত্রীদের মধ্যে বিতরণের জন্য আনা বাইসাইকেলের বিভিন্ন নমুনা তার সামনে উপস্থাপন করা হয়।
শিক্ষা মন্ত্রণালয়ের উদ্যোগে আয়োজিত এ প্রদর্শনীতে কয়েক ধরনের বাইসাইকেল পরখ করেন প্রধানমন্ত্রী। মেধাবী ছাত্রীদের উপহার হিসেবে দেওয়া হবে এমন বাইসাইকেলের মান ও ব্যবহারিক দিক যাচাই করতেই তিনি নিজে সেগুলো চালিয়ে দেখেন।
সরকারের এ কর্মসূচির আওতায় দেশের ২০ হাজার বিদ্যালয়ের ষষ্ঠ থেকে দশম শ্রেণির তিন লাখ ছাত্রী বাইসাইকেল পাবে। প্রতিটি শ্রেণিতে প্রথম, দ্বিতীয় ও তৃতীয় স্থান অর্জনকারী শিক্ষার্থীদের একটি করে বাইসাইকেল দেওয়া হবে। মেয়েদের পড়াশোনায় আগ্রহ বাড়ানো এবং বিদ্যালয় থেকে ঝরে পড়া রোধে এ উদ্যোগ নেওয়া হয়েছে।
এ সময় জনপ্রশাসন প্রতিমন্ত্রী আব্দুল বারী, প্রধানমন্ত্রীর মুখ্য সচিব এ বি এম আব্দুস সাত্তার, মন্ত্রিপরিষদ সচিব নাসিমুল গনি এবং শিক্ষা মন্ত্রণালয়ের সিনিয়র সচিব আব্দুল খালেকসহ সংশ্লিষ্ট কর্মকর্তারা উপস্থিত ছিলেন।



মন্তব্যসমূহ বন্ধ করা হয়.