পুঁজিবাজারে তালিকাভুক্ত প্রকৌশল খাতের কোম্পানি ওয়ালটন হাই-টেক ইন্ডাস্ট্রিজ পিএলসি নতুন শেয়ার ইস্যু করবে। ওয়ালটন ডিজি-টেক ইন্ডাস্ট্রিজ লিমিটেডকে অধিগ্রহণ প্রক্রিয়ার অংশ হিসেবে এসব ইস্যু করা হবে।
পুঁজিবাজার নিয়ন্ত্রক সংস্থা বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন (বিএসইসি) গতকাল (২৪ নভেম্বর) কোম্পানিটিকে নতুন শেয়ার ইস্যু করার বিষয়ে সম্মতিপত্র দিয়েছে।
ওয়ালটন হাই-টেক ইন্ডাস্ট্রিজ সূত্রে এ তথ্য জানা গেছে।
সূত্র অনুসারে, ওয়ালটন ডিজি-টেক ইন্ডাস্ট্রিজকে অধিগ্রহণের অংশ হিসেবে কোম্পানিটির শেয়ারহোল্ডারদের নামে ওয়ালটন হাই-টেক ইন্ডাস্ট্রিজের ৭ লাখ ৮০ হাজার ২৩৪টি সাধারণ শেয়ার ইস্যু করা হবে। অভিহিত মূল্য ১০ টাকা দরে এ শেয়ার ইস্যু করা হবে।
হাইকোর্টের সম্মতি ও বিএসইসির অনুমতি সাপেক্ষে ওয়ালটন ডিজি-টেক ইন্ডাস্ট্রিজকে অধিগ্রহণ করছে ওয়ালটন হাই-টেক ইন্ডাস্ট্রিজ। পণ্যের পরিসর বাড়ানো, পরিচালন ব্যয় হ্রাস ও কোম্পানির প্রবৃদ্ধি ত্বরান্বিত করার লক্ষ্যে কোম্পানি দুটি একীভূত হচ্ছে। ওয়ালটন হাই-টেক ইন্ডাস্ট্রিজ মূলতঃ ফ্রিজ, এসি, টেলিভিশনসহ গৃহস্থালি পণ্য উৎপাদন করে থাকে। অন্যদিকে, ওয়ালটন ডিজি-টেক ইন্ডাস্ট্রিজ ল্যাপটপ, ডেস্কটপ, মনিটর, প্রিন্টার, মোবাইল ফোন ও আইটি এক্সেসরিজ বিপণন করে থাকে।



মন্তব্যসমূহ বন্ধ করা হয়.