দেশব্যাপী ডিজিটাল পেমেন্টের ব্যবহার সম্প্রসারণ এবং ‘বাংলা কিউআর’ সম্পর্কে জনসচেতনতা বৃদ্ধির লক্ষ্যে বাংলাদেশ ব্যাংকের উদ্যোগে ও আইএফআইসি ব্যাংক পিএলসির সহযোগিতায় রাজধানীর মতিঝিলের এজিবি কলোনি কাঁচাবাজারে সোমবার সকালে বিশেষ সচেতনতামূলক কার্যক্রম অনুষ্ঠিত হয়েছে।
সকাল ৯টায় শুরু হওয়া এ কার্যক্রমে বাংলাদেশ ব্যাংকের গভর্নর মো. মোস্তাকুর রহমান এজিবি কলোনি কাঁচাবাজার পরিদর্শন করেন এবং ‘বাংলা কিউআর’ ব্যবহার করে সরাসরি পণ্য ক্রয়ের মাধ্যমে ডিজিটাল পেমেন্টের সহজ ও কার্যকর ব্যবহার প্রদর্শন করেন। এ সময় তিনি স্থানীয় ব্যবসায়ীদের সঙ্গে কথা বলেন এবং বাংলা কিউআরের ব্যবহারপদ্ধতি, নগদবিহীন লেনদেনের সুবিধা এবং নিরাপদ ডিজিটাল পেমেন্টের বিভিন্ন দিক তুলে ধরেন।
আয়োজনে আইএফআইসি ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক সৈয়দ মনসুর মোস্তফা বলেন, বাংলাদেশ ব্যাংকের পৃষ্ঠপোষকতায় সরকারের নগদবিহীন লেনদেনের উদ্যোগ ক্রমেই জনপ্রিয় হয়ে উঠছে। এরই অংশ হিসেবে গত ১ অক্টোবর থেকে বাংলা কিউআরভিত্তিক পেমেন্ট ব্যবস্থা বিনামূল্যে ব্যবহারের সুযোগ চালু হওয়ায় এর প্রসার আরও ত্বরান্বিত হচ্ছে।
তিনি বলেন, স্বচ্ছতা ও সুশাসন প্রতিষ্ঠায় নগদবিহীন লেনদেন অত্যন্ত গুরুত্বপূর্ণ। আমরা আশা করি, খুব দ্রুতই বাংলা কিউআরের মাধ্যমে লেনদেন সাধারণ মানুষ ও ব্যবসায়ীদের মধ্যে ব্যাপক গ্রহণযোগ্যতা লাভ করবে।
বাংলাদেশ ব্যাংক দেশে নগদবিহীন লেনদেনের পরিধি বাড়ানো এবং একটি অন্তর্ভুক্তিমূলক ডিজিটাল পেমেন্ট ব্যবস্থা গড়ে তোলার লক্ষ্যে ‘বাংলা কিউআর’সহ বিভিন্ন উদ্যোগ বাস্তবায়ন করছে। এরই ধারাবাহিকতায় আইএফআইসি ব্যাংক ১ হাজার ৪০০-এর বেশি শাখা-উপশাখা এবং প্রায় ৬০ হাজার মার্চেন্টের বিস্তৃত নেটওয়ার্কের মাধ্যমে দেশের বিভিন্ন প্রান্তের মানুষকে আধুনিক ও সহজ ব্যাংকিং সেবার আওতায় আনার পাশাপাশি ‘বাংলা কিউআর’-এর মতো ডিজিটাল পেমেন্ট মাধ্যমের প্রসার ও এ বিষয়ে জনসচেতনতা বৃদ্ধিতে সক্রিয় ভূমিকা পালন করে চলছে।
অর্থসূচক/



মন্তব্যসমূহ বন্ধ করা হয়.