কুমিল্লার ১৮ থানায় একযোগে অভিযান, আটক ৩৬৩

কিশোর গ্যাং ও উঠতি বয়সী বখাটেদের বিরুদ্ধে কুমিল্লার ১৮টি থানায় একযোগে অভিযান চালিয়েছে পুলিশ। শুক্রবার (২ অক্টোবর) সন্ধ্যা ৭টা থেকে মধ্যরাত পর্যন্ত চলা এ অভিযানে ৩৬৩ জনকে আটক করা হয়েছে।

জেলা পুলিশের বিভিন্ন ইউনিট ও গোয়েন্দা শাখার (ডিবি) সদস্যরা জেলার বিভিন্ন থানা এলাকায় অভিযান পরিচালনা করেন। কিশোর বয়সী বখাটেদের উৎপাত রয়েছে—এমন স্থানগুলোকে অভিযানের জন্য চিহ্নিত করা হয়।

জেলা পুলিশ সুপার মো. আনিসুজ্জামানের নেতৃত্বে পরিচালিত অভিযানে পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তারাও অংশ নেন।

কুমিল্লার অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) লুৎফুর রহমান জানান, আটক ব্যক্তিদের অপরাধমূলক কর্মকাণ্ডের সঙ্গে সম্পৃক্ততা যাচাই-বাছাই করা হচ্ছে। যাচাই শেষে তাদের বিরুদ্ধে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

তিনি বলেন, উঠতি বয়সী কিশোররা যাতে অপরাধমূলক কর্মকাণ্ডে জড়িয়ে না পড়ে, সে জন্য নিয়মিত কিশোর গ্যাংবিরোধী অভিযান চালানো হচ্ছে।

  
    

মন্তব্যসমূহ বন্ধ করা হয়.