হিমায়িত খাদ্য রপ্তানি খাতে ঋণ দেবে এনসিসি ব্যাংক

দেশের রপ্তানিমুখী হিমায়িত খাদ্যশিল্পের বিকাশ ও রপ্তানি বহুমুখীকরণে উদ্যোক্তাদের অর্থায়ন সুবিধা দেবে এনসিসি ব্যাংক পিএলসি। এ লক্ষ্যে বাংলাদেশ ব্যাংকের ২ হাজার কোটি টাকার প্রাক্‌-অর্থায়ন তহবিলের আওতায় অংশগ্রহণ চুক্তি স্বাক্ষর করেছে ব্যাংকটি।

সম্প্রতি বাংলাদেশ ব্যাংকের প্রধান কার্যালয়ে আয়োজিত এক অনুষ্ঠানে এ চুক্তি স্বাক্ষরিত হয়। বাংলাদেশ ব্যাংকের নির্বাহী পরিচালক আরিফ হোসেন খানের উপস্থিতিতে এনসিসি ব্যাংকের অতিরিক্ত ব্যবস্থাপনা পরিচালক মো. জাকির আনাম এবং বাংলাদেশ ব্যাংকের পরিচালক একেএম সাইদুজ্জামান নিজ নিজ প্রতিষ্ঠানের পক্ষে চুক্তিতে স্বাক্ষর করেন। পরে তাঁরা চুক্তিপত্র হস্তান্তর করেন।

অনুষ্ঠানে বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালক মো. আনছারুল কবির, এনসিসি ব্যাংকের এসইভিপি ও আরএমজি এবং এক্সপোর্ট সেলের প্রধান আহসান তারিক, ভিপি মোহাম্মদ আবুল কালাম আজাদসহ উভয় প্রতিষ্ঠানের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

বাংলাদেশের রপ্তানিমুখী হিমায়িত খাদ্যশিল্পকে সম্ভাবনাময় খাত হিসেবে বিবেচনা করা হয়। বিশেষ করে হিমায়িত চিংড়ি, মাছ, মৎস্যজাত পণ্য ও অন্যান্য হিমায়িত খাদ্যপণ্যের আন্তর্জাতিক বাজারে রপ্তানি সম্প্রসারণের সুযোগ রয়েছে। এ খাতের উদ্যোক্তাদের উৎপাদন ও ব্যবসায়িক কার্যক্রমে অর্থায়ন নিশ্চিত করতে বাংলাদেশ ব্যাংক নিজস্ব তহবিল থেকে ২ হাজার কোটি টাকার প্রাক্‌-অর্থায়ন তহবিল গঠন করেছে।

এ তহবিলের আওতায় রপ্তানির উদ্দেশ্যে হিমায়িত চিংড়ি, মাছ, মৎস্যজাত পণ্য ও অন্যান্য হিমায়িত খাদ্যপণ্যের উৎপাদন, সংগ্রহ, প্রক্রিয়াজাতকরণ এবং সংরক্ষণে অর্থায়ন সুবিধা দেওয়া হবে। এ ছাড়া কাঁচামাল সংগ্রহ ও ক্রয়, প্রক্রিয়াজাতকরণ কারখানা স্থাপন, সম্প্রসারণ ও আধুনিকায়ন, প্রয়োজনীয় যন্ত্রপাতি কেনা, হিমাগার ও কোল্ড স্টোরেজ নির্মাণ এবং বন্ধ বা আংশিক সচল কারখানা পুনরায় চালুর জন্যও এ তহবিল থেকে অর্থায়নের সুযোগ থাকবে।

পাশাপাশি উৎপাদন ও সংরক্ষণ কার্যক্রমে সৌরবিদ্যুৎ প্রকল্প স্থাপনের ক্ষেত্রেও অর্থায়ন সুবিধা দেওয়া হবে। এ উদ্যোগের মাধ্যমে হিমায়িত খাদ্য রপ্তানিকারকদের উৎপাদন সক্ষমতা বাড়ানো এবং আন্তর্জাতিক বাজারে বাংলাদেশের রপ্তানি সম্প্রসারণের সুযোগ তৈরি হবে।

  
    

মন্তব্যসমূহ বন্ধ করা হয়.