দুদকে হাজির হতে ৩০ দিনের সময় চাইলেন সাবেক সেনাপ্রধান

দুর্নীতি ও অনিয়মের মাধ্যমে অবৈধ সম্পদ অর্জনের অভিযোগের অনুসন্ধানে বক্তব্য দিতে দুর্নীতি দমন কমিশনে (দুদক) হাজির হতে ৩০ দিনের সময় চেয়েছেন সাবেক সেনাপ্রধান জেনারেল (অব.) এস এম শফিউদ্দিন আহমেদ।

সোমবার (১৪ সেপ্টেম্বর) রাজধানীর সেগুনবাগিচায় দুদকের প্রধান কার্যালয়ে হাজির হয়ে এস এম শফিউদ্দিন আহমেদের বক্তব্য দেওয়ার কথা ছিল। তবে তিনি সময় চাওয়ায় এ বিষয়ে আইন অনুযায়ী পরবর্তী পদক্ষেপ নেওয়া হবে বলে জানিয়েছেন দুদকের জনসংযোগ বিভাগের উপপরিচালক আকতারুল ইসলাম।

তিনি বলেন, আজ এস এম শফিউদ্দিন আহমেদের দুদকে হাজির হয়ে বক্তব্য দেওয়ার কথা ছিল। তিনি ৩০ দিনের সময় চেয়েছেন। এখন আইন অনুযায়ী পরবর্তী পদক্ষেপ নেওয়া হবে।

এর আগে অভিযোগের অনুসন্ধানে বক্তব্য নেওয়ার জন্য জেনারেল (অব.) এস এম শফিউদ্দিন আহমেদকে নোটিশ দেয় দুদক। কমিশনের পরিচালক মো. আবুল হাসনাত স্বাক্ষরিত ওই নোটিশে ১৪ সেপ্টেম্বর দুপুর সাড়ে ১২টায় দুদকের প্রধান কার্যালয়ে হাজির হতে বলা হয়েছিল। একই সঙ্গে তার জাতীয় পরিচয়পত্রের ফটোকপি সঙ্গে আনতে বলা হয়েছিল। নোটিশে বলা হয়েছিল, অভিযোগের বিষয়ে এস এম শফিউদ্দিন আহমেদের বক্তব্য শোনা ও রেকর্ড করা সুষ্ঠু অনুসন্ধানের স্বার্থে ‘অপরিহার্য’। বাসস

  
    

মন্তব্যসমূহ বন্ধ করা হয়.