বাণিজ্য ও অর্থনৈতিক বিষয়ে সহযোগিতা বাড়াতে বিএফটিআই-ইআরএফের চুক্তি

বাংলাদেশের বাণিজ্য ও অর্থনৈতিক বিষয়ে প্রাতিষ্ঠানিক সহযোগিতা, গবেষণা, প্রশিক্ষণ এবং জ্ঞান বিনিময় জোরদারে বাংলাদেশ ফরেন ট্রেড ইনস্টিটিউট (বিএফটিআই) ও ইকোনমিক রিপোর্টার্স ফোরাম-ইনস্টিটিউট (ইআরএফ) এর মধ্যে সমঝোতা স্মারক (এমওইউ) সই হয়েছে।

বুধবার (৯ সেপ্টেম্বর) রাজধানীর কারওয়ান বাজারে টিসিবি ভবনের পঞ্চম তলায় বিএফটিআইয়ের সম্মেলন কক্ষে এ সমঝোতা স্মারক সই হয়।

বিএফটিআইয়ের প্রধান নির্বাহী কর্মকর্তা ড. মোস্তফা আবিদ খান এবং ইআরএফের সভাপতি দৌলত আক্তার মালার নিজ নিজ প্রতিষ্ঠানের পক্ষে সমঝোতা স্মারকে সই করেন।

সমঝোতা স্মারকের আওতায় বাণিজ্য, অর্থনীতি ও ব্যবসায়িক বিভিন্ন বিষয়ে সেমিনার, কর্মশালা, গোলটেবিল বৈঠক, সম্মেলন এবং অন্যান্য জ্ঞান বিনিময়মূলক আয়োজন যৌথভাবে করার বিষয়ে উভয় প্রতিষ্ঠান সম্মত হয়েছে।

ইআরএফের সভাপতি দৌলত আক্তার মালা বলেন, সাংবাদিকদের সক্ষমতা বৃদ্ধি ও পেশাগত উন্নয়নের বিষয়টি অত্যন্ত গুরুত্বপূর্ণ। বিএফটিআই ও ইআরএফ যৌথভাবে অর্থনৈতিক সাংবাদিকদের পেশাগত দক্ষতা ও উন্নয়নে কাজ করবে। পাশাপাশি নীতিনির্ধারক, বাণিজ্য বিশেষজ্ঞ, ব্যবসায়ী নেতা, গবেষক এবং গণমাধ্যমকর্মীদের মধ্যে সংলাপ ও মতবিনিময়ের আয়োজন করা হবে।

বিএফটিআইয়ের প্রধান নির্বাহী কর্মকর্তা ড. মোস্তফা আবিদ খান বলেন, এই সমঝোতা স্মারক পারস্পরিক স্বার্থসংশ্লিষ্ট বাণিজ্য ও অর্থনৈতিক বিষয়ে যৌথ গবেষণা, সেমিনার, কর্মশালা এবং গবেষণামূলক কার্যক্রম পরিচালনার একটি কাঠামো তৈরি করেছে।

তিনি আরও বলেন, এসব যৌথ উদ্যোগের মাধ্যমে বিএফটিআই ও ইআরএফ তাদের নিজ নিজ দক্ষতা, নেটওয়ার্ক ও প্রাতিষ্ঠানিক সক্ষমতাকে কাজে লাগিয়ে বাংলাদেশের বাণিজ্য ও অর্থনৈতিক উন্নয়ন নিয়ে তথ্যনির্ভর, গঠনমূলক ও সচেতন আলোচনা জোরদার করতে পারবে।

সমঝোতা স্মারক সই শেষে বিএফটিআইয়ের প্রধান নির্বাহী কর্মকর্তা ড. মোস্তফা আবিদ খান এবং ইআরএফের সভাপতি দৌলত আক্তার মালা স্বাক্ষরিত চুক্তির কপি পরস্পরের কাছে হস্তান্তর করেন।

অর্থসূচক/

  
    

মন্তব্যসমূহ বন্ধ করা হয়.