বাণিজ্যিক কোচিং কার্যক্রমে জড়াতে পারবেন না বিচারকরা

বাংলাদেশ জুডিসিয়াল সার্ভিসের সদস্যদের বাণিজ্যিকভাবে পরিচালিত সরাসরি বা ডিজিটাল প্ল্যাটফর্মের কোনো কোচিং কার্যক্রমে প্রত্যক্ষ কিংবা পরোক্ষভাবে যুক্ত হওয়ার ওপর নিষেধাজ্ঞা দেওয়া হয়েছে।

মঙ্গলবার (২৫ আগস্ট) সুপ্রিম কোর্ট প্রশাসনের জারি করা এক পরিপত্রে এ নির্দেশনা দেওয়া হয়। প্রধান বিচারপতির অনুমোদন নিয়ে সোমবার (২৪ আগস্ট) পরিপত্রটি জারি করা হয়েছে।

পরিপত্রে বলা হয়েছে, জুডিসিয়াল সার্ভিসে কর্মরত সদস্যদের পেশাগত শৃঙ্খলা, নিরপেক্ষতা ও মর্যাদা বজায় রাখা এবং বিচার বিভাগের প্রতি জনগণের আস্থা অক্ষুণ্ণ রাখার লক্ষ্যে এসব নির্দেশনা দেওয়া হয়েছে।

নির্দেশনা অনুযায়ী, জুডিসিয়াল সার্ভিসের কোনো সদস্য বাণিজ্যিক ভিত্তিতে পরিচালিত সরাসরি বা ডিজিটাল প্ল্যাটফর্মের কোচিং কার্যক্রমে প্রত্যক্ষ বা পরোক্ষভাবে সম্পৃক্ত হতে পারবেন না।

এ ছাড়া বাণিজ্যিক উদ্দেশ্যে কোচিং কার্যক্রমের প্রচার-প্রচারণায় কোনো সদস্যের নাম, পদবি, ছবি বা পরিচয় ব্যবহার করা যাবে না। কোনো সদস্য নিজেও এ ধরনের ব্যবহারের অনুমতি দিতে পারবেন না।

বিচারিক দায়িত্ব পালনের মাধ্যমে পাওয়া কোনো গোপনীয়, অপ্রকাশিত বা দাফতরিক তথ্য কোচিং কার্যক্রমে প্রকাশ, সরবরাহ বা ব্যবহার করাও নিষিদ্ধ করা হয়েছে।

একই সঙ্গে বাণিজ্যিক কোচিং কার্যক্রমের জন্য শিক্ষা উপকরণ প্রস্তুত, সম্পাদনা, প্রকাশ বা সরবরাহের ক্ষেত্রেও জুডিসিয়াল সার্ভিসের সদস্যদের ওপর নিষেধাজ্ঞা আরোপ করা হয়েছে।

পরিপত্রে বলা হয়েছে, এসব নির্দেশনা লঙ্ঘন করলে সংশ্লিষ্ট সদস্যের বিরুদ্ধে প্রচলিত আইন ও বিধি অনুযায়ী শৃঙ্খলামূলক ব্যবস্থা নেওয়া হবে।

  
    

মন্তব্যসমূহ বন্ধ করা হয়.